
১ অক্টোবর থেকে LPG-তে বড় পরিবর্তন আসতে চলেছে। যা ভর্তুকিতেও প্রভাব ফেলতে পারে। সরকার ঘোষণা করেছে, ভর্তুকি সহ LPG রিফিল বুক করার জন্য গ্রাহকদের বায়োমেট্রিক আধার অথেটিকেশন সম্পন্ন করতে হবে।
যদি কেউ এই কাজটি সম্পন্ন করতে ব্যর্থ হন, তবে তিনি LPG ভর্তুকি পাওয়ার যোগ্য আর থাকবেন না। এবং যদি কেউ ইতিমধ্যেই ভর্তুকি পেয়ে থাকেন তবে তা বন্ধ করে দেওয়া হবে। সরকার বলছে, এই পদক্ষেপের লক্ষ্য হল, ভর্তুকিযুক্ত রান্নার গ্যাস শুধুমাত্র যোগ্য পরিবারগুলোই পাচ্ছে, তা নিশ্চিত করা।
তবে যদি আপনার বায়োমেট্রিক যাচাইকরণ ইতিমধ্যেই সম্পন্ন হয়ে থাকে, তাহলে আপনাকে এই প্রক্রিয়াটি আবার সম্পন্ন করতে হবে না। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তথ্য অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশের ২৭৪.৩ মিলিয়ন সক্রিয় রান্নার LPG গ্রাহকদের মধ্যে প্রায় ৮৯.৯ শতাংশ বায়োমেট্রিক আধার যাচাইকরণ সম্পন্ন করেছিলেন।
যাঁরা এখনও এই প্রক্রিয়াটি সম্পন্ন করেননি, তাঁদের যত তাড়াতাড়ি সম্ভব তা করে ফেলা উচিত। তবেই তাঁরা ভর্তুকিযুক্ত LPG সিলিন্ডার বুক করতে পারবেন। সরকারের মতে, এই ব্যবস্থাটি ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের বাণিজ্যিক ব্যবহার রোধে এবং নকল ও অযোগ্য সংযোগ শনাক্ত করতে সাহায্য করবে।
আধার যাচাইকরণের জন্য কী প্রয়োজন?
এর জন্য LPG গ্রাহকদের আলাদা ভাবে কোথাও যাওয়ার প্রয়োজন নেই। LPG সিলিন্ডার ডেলিভারির সময়ে বায়োমেট্রিক যাচাইকরণ করা যেতে পারে। বিকল্প ভাবে গ্রাহকরা তাঁদের গ্যাস ডিস্ট্রিবিউটরের অফিসে গিয়েও এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেন।
আপনি যদি কোনও এজেন্সি বা অফিসে যেতে না চান তাহলে এই সুবিধাটি ৩টি সরকারি তেল বিতরণকারী সংস্থার মোবাইল অ্যাপের মাধ্যমেও পাওয়া যায়। ইন্ডেন গ্রাহকরা Indian Oil ONE অ্যাপের মাধ্যমে, ভারত গ্যাস গ্রাহকরা Hello BPCL অ্যাপ এবং HP গ্যাস গ্রাহকরা HP PAY অ্যাপের মাধ্যমে আধার অথেনটিকেশন সম্পন্ন করতে পারেন।
যদি এটি না করা হয়?
যে গ্রাহকরা বায়োমেট্রিক যাচাইকরণ সম্পন্ন করতে না চান অথবা কোনও কারণে তা রতে অক্ষম, তারা LPG ব্যবহারের সুযোগ হারাবেন না। কিন্তু ভর্তুকিও পাবেন না। এর অর্থ হল, তাদের বাজারদর অনুযায়ী LPG সিলিন্ডার কিনতেই হবে।
এই ক্যাম্পেনটি ২০২৩ সালের অক্টোবর মাস থেকে চালু হয়েছে এবং এর শেষ তারিখ ৩০ জুন নির্ধারণ করা হয়েছিল। কিন্তু এখন তা বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর করা হয়েছে। এর অর্থ হল, আপনাকে অবশ্যই ১ অক্টোবরের আগে এই কাজটি সম্পন্ন করতে হবে।