
ফের বদল গেল রান্নার গ্যাস বুকিং করার সময়সীমা। গৃহস্থ বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজি LPG সিলিন্ডার এবার থেকে ২৫ দিনের বদলে ৩৫ দিন বাদে বুকিং করতে হবে। গ্রাম এবং শহর, উভয়ের জন্য একই নিয়ম চালু হল।
অর্থাৎ একটি সিলিন্ডার বুক করার পর ৩৫ দিন অপেক্ষা করতে হবে, তবেই দ্বিতীয়টি বুকিং নেবে। সিঙ্গল সিলিন্ডার বিশিষ্ট গ্রাহকদের ক্ষেত্রে সেই সময়সীমা ২৫ দিন। অর্থাৎ একটি বুক করার ২৫ দিনের মাথায় আবার পরেরটি বুক করতে পারবেন। এই নিয়ে তৃতীয়বার গ্য়াস বুকিংয়ের নিয়মে বদল হল। প্রথমে ২১ দিন বাদে বুকিং করা যেত। পরে তা বাড়িয়ে ২৫ দিন করা হয়। এখন একলাফে আরও ১০ দিন বাড়িয়ে বুকিংয়ের সময়সীমা ৩৫ দিন করা হল। শুধু তাই নয়, বুকিংয়ের পর ১০-১২ দিন অপেক্ষা করতে হবে ডেলিভারির জন্য।
তবে ৫ ও ১০ কেজির সিলিন্ডারের ক্ষেত্রে গ্রাম ও শহরে গ্যাস বুকিংয়ের সময়সীমা ভিন্ন রাখা হয়েছে। ৫ কেজির সিঙ্গল সিলিন্ডার ৯ দিন বাদে বুক করা যাবে। ডাবল সিলিন্ডারের ক্ষেত্রে ১২ দিন পর বুকিং করা যাবে।
সবচেয়ে বেশি ধাক্কা খেলেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহকেরা। একটি সিলিন্ডার বুক করার পরে ২৫ দিন কাটলে পরবর্তীটি বুক করতে পারতেন তাঁরা। এবার সেই সময়সীমা বাড়ল। ডাবল কানেকশনের ক্ষেত্রে একটি গ্যাস ডেলিভারির ৪৫ দিন বাদে পরবর্তী গ্যাস বুক করা যাবে। তবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় ৫ কেজির সিলিন্ডারের বুকিংয়ের ক্ষেত্রে সময়সীমা একই রয়েছে। একটি বুক করার ১৬ দিনের মাথায় পরবর্তীটি বুক করা যাবে। ১০ কেজির LPG সিলিন্ডার ডেলিভারির ২৫ দিন পরে আবার বুকিং করা যাবে।
এদিকে, রান্নার গ্যাসের দাম চলতি মাস থেকেই বাড়িয়ে দেওয়া হয়েছে। কলকাতায় ৬০ টাকা বেড়ে LPG সিলিন্ডার মিলছে ৯৩৯ টাকায়। যুদ্ধের আবহে LPG সঙ্কট প্রবল। অভিযোগ, সিলিন্ডার বুক করা যাচ্ছে না। বুক করা গেলেও হাতে মিলছে দেরিতে।