
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি। ইরানের উপর হামলা চালাচ্ছে আমেরিকা, ইজরায়েল। যার ফলে শেয়ারবাজারের হাল খারাপ। বাড়ছে তেলের দাম। LPG নিয়ে ভয় বৃদ্ধি পাচ্ছে। যদিও এমন পরিস্থিতিতেও কিছু স্টকের দাম তরতরিয়ে উঠছে। LPG সঙ্কটের মাঝে ২০ শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছে দাম।
এখন প্রশ্ন হল, কোন কোন স্টকের দাম বেড়েছে? তাহলে শুনুন জাইপান ইন্ড্রস্ট্রিজ লিমিটেড, টিটিকে প্রেস্টিজ লিমিটেড এবং বাটারফ্লাই গান্ধীমাথি অ্যাপ্লায়েন্স লিমিটেডের দাম আজ বৃহস্পতিবার অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আর এলপিজি শর্টেজ হওয়ার ফলেই এই সব স্টকের দাম বৃদ্ধি পেয়েছে বলে খবর।
২০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে দাম
লেটেস্ট আপডেট অনুযায়ী, জাইপান ইন্ড্রাস্ট্রিজের শেয়ারের দাম ২০ শতাংশ বেড়েছে। এটি পেরিয়ে গিয়েছে ৩০ টাকার গণ্ডি। ও দিকে টিটকে প্রেস্টিজ এবং বাটারফ্লাই গান্ধুমাঠির শেয়ারের দাম ৬.৫৯ শতাংশ এবং ৫.০৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া ইপাক ডিউরাবেলস লিমিটেড, বাজাজ ইলেকট্রনিক্স লিমিটেড এবং স্টোভ ক্রাফ্ট লিমিটেডের দাম যথাক্রমে ১.৬৬ শতাংশ, ১.৬৭ শতাংশ এবং ১.২৪ শতাংশ বেড়েছে।
কেন বাড়ছে দাম?
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এলপিজি গ্যাসের সঙ্কট চলছে। গ্যাস বুকিং করার ডেট পিছিয়ে গিয়েছে। এখন ২৫ দিনের আগে গ্যাস বুক করা যাচ্ছে না। আর গ্যাস বুকিং হলেও তা পেতে অনেক দিন সময় লেগে যাচ্ছে বলে খবর। আর এমন পরিস্থিতিতেই অনেকে ইন্ডাকশন কুকার কিনছেন। পাশাপাশি ইলেকট্রিক প্রেশার কুকার, রাইস কুকার কেনার আগ্রহও বৃদ্ধি পেয়েছে। সকলেই হুড়মুড়িয়ে এই সব জিনিস কিনছেন।
তাঁরা মনে করছেন, এই সব জিনিস কেনার ফলে গ্যাস ছাড়াও কিছুদিন রান্না করা যাবে। আর এমন পরিস্থিতিতে এই সব শেয়ারের দামও বাড়তে শুরু করেছে।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পাড়ার দোকান, শপিং মল থেকে ইকমার্স সাইট, সর্বত্রই এই সব ইলেকট্রিক পণ্যের চাহিদা বেড়েছে। অধিকাংশ জায়গাতেই এগুলি আউট অব স্টক। রাতারাতি বেড়েছে সেল। বিশেষত, কলকাতা, দিল্লি এবং উত্তরপ্রদেশে পরিস্থিতি নাগালের বাইরে চলে গিয়েছে। যার ফলে বিনিয়োগকারীরাও এই সব স্টকে টাকা ঢালছেন। তাতেই তরতরিয়ে উঠছে এই সব শেয়ারের দাম।
বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।