
LPG গ্যাসের e-KYC করার নির্ধারিত সময়সীমা শেষ। ২৩ অগাস্ট পর্যন্ত দিন নির্ধারণ করেছিল সরকার। যে সব গ্রাহকরা এখনও e-KYC আপডেট করতে পারেননি, তাঁদের কি গ্যাসের সংযোগ বন্ধ হয়ে যাবে বা ভর্তুকি আর পাবেন না? এই প্রশ্ন উঠতে শুরু করেছে।
অনেক LPG গ্রাহক এখনও e-KYC সম্পূর্ণ করতে পারেননি। তাই LPG ডিলার এবং গ্রাহকদের তরফে সময়সীমা আরও বাড়ানোর দাবি উঠছে। অনেক গ্রাহক e-KYC করার সময় বিভিন্ন সমস্যার মুখেও পড়েছেন বলেও অভিযোগ সামনে এসেছে। কোনও কোনও ক্ষেত্রে ফেস ভেরিফিকেশন বা বায়োমেট্রিক ভেরিফিকেশনের অ্যাপ ঠিকমতো কাজ করেনি। আবার কিছু গ্রাহকের প্রোফাইলে তথ্য সংশোধন, ঠিকানা-সহ বিভিন্ন তথ্য আপডেট করতেও সমস্যা হয়েছে। এই কারণেই ডিলার এবং গ্রাহক- দু'পক্ষের তরফেই e-KYC-এর সময়সীমা বাড়ানোর দাবি জানানো হচ্ছে। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই ৮৭ শতাংশ বায়োমেট্রিক ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে। তা সত্ত্বেও গোটা দেশে এখনও বহু গ্রাহকের e-KYC বাকি রয়েছে।
তবে e-KYC-এর নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার অর্থ এই নয় যে সঙ্গে সঙ্গে আপনার বাড়িতে LPG গ্যাসের সরবরাহ বন্ধ হয়ে যাবে। এমন কোনও সরকারি ঘোষণা এখনও সামনে আসেনি ।
তবে ভবিষ্যতে LPG সংযোগ এবং ভর্তুকি সংক্রান্ত কোনও সমস্যা এড়াতে e-KYC সম্পূর্ণ করে রাখা গুরুত্বপূর্ণ। বর্তমানে e-KYC করার প্রক্রিয়াও বন্ধ করে দেওয়া হয়নি। গ্রাহকরা এখনও সংশ্লিষ্ট পোর্টালে গিয়ে e-KYC সম্পূর্ণ করতে পারেন।
e-KYC করে রাখলে আপনার LPG অ্যাকাউন্ট সংক্রান্ত জটিলতা এবং ভর্তুকি পাওয়ার ক্ষেত্রে সম্ভাব্য সমস্যা এড়ানো সম্ভব হতে পারে। তাই এখনও e-KYC না করে থাকলে আর দেরি না করাই ভালো।
আপনি যে LPG সংস্থার গ্রাহক, তাদের অফিসিয়াল পোর্টাল অথবা নিকটবর্তী গ্যাস এজেন্সির সঙ্গে যোগাযোগ করে e-KYC করার প্রক্রিয়া এবং প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারেন।