
LPG Gas Saving Tips: রান্নার গ্যাসের দাম বাড়তে থাকায় এখন অনেক পরিবারেরই মাসিক খরচের বড় অংশ চলে যাচ্ছে LPG সিলিন্ডার কিনতে। শহর হোক বা গ্রাম; গৃহস্থালির রান্নার ক্ষেত্রে LPG এখন প্রায় অপরিহার্য। ফলে একটি সিলিন্ডার কতদিন চলবে, তা নিয়ে স্বাভাবিকভাবেই চিন্তায় থাকেন বহু মানুষ। তবে বিশেষজ্ঞদের মতে, কয়েকটি সহজ অভ্যাস বদল এবং কিছু কৌশল মেনে চললে একটি গ্যাস সিলিন্ডার সহজেই দীর্ঘদিন ব্যবহার করা সম্ভব। এমনকি অনেক ক্ষেত্রে একটি সিলিন্ডার প্রায় দু’মাস পর্যন্ত চলতেও পারে।
গ্যাসের অপচয় কমাতে প্রথমেই নজর দিতে হবে রান্নার প্রস্তুতির দিকে। অনেকেই ওভেনে হাঁড়ি চাপানোর পর উপকরণ কাটাকাটি বা মশলা তৈরি করতে শুরু করেন। এতে অযথা দীর্ঘ সময় ধরে গ্যাস জ্বলে। বিশেষজ্ঞদের পরামর্শ, রান্না শুরু করার আগে সব উপকরণ কেটে ও প্রস্তুত করে রাখা উচিত। এতে রান্নার সময় কম লাগে এবং গ্যাসের ব্যবহারও অনেকটা কমে।
রান্নার সময় হাঁড়ি বা কড়াই ঢেকে রাখার অভ্যাসও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকনা ব্যবহার করলে তাপ দ্রুত জমা হয় এবং খাবার দ্রুত সেদ্ধ হয়। এর ফলে গ্যাস কম খরচ হয়। বিশেষ করে ডাল, ভাত বা সবজি সেদ্ধ করার ক্ষেত্রে ঢাকনা ব্যবহার করলে সময় ও গ্যাস; দুই-ই বাঁচানো যায়।
আরও একটি কার্যকর উপায় হল প্রেসার কুকারের ব্যবহার। বিশেষজ্ঞদের মতে, প্রেসার কুকারে রান্না করলে সাধারণ পাত্রের তুলনায় অনেক কম সময়ে খাবার তৈরি হয়। এতে গ্যাসের ব্যবহারও কম হয়। ডাল, মাংস বা শক্ত সবজি রান্নার ক্ষেত্রে প্রেসার কুকার ব্যবহার করলে উল্লেখযোগ্য পরিমাণ গ্যাস সাশ্রয় সম্ভব।
চুলার আঁচ নিয়ন্ত্রণ করাও গ্যাস বাঁচানোর বড় উপায়। অনেকেই সব সময় উচ্চ আঁচে রান্না করতে অভ্যস্ত। কিন্তু এতে গ্যাস দ্রুত শেষ হয়ে যায়। রান্না ফুটে উঠলে বা সেদ্ধ হতে শুরু করলে আঁচ কমিয়ে দিলে একই খাবার কম গ্যাসেই তৈরি করা যায়। ফলে গ্যাসের অপচয় কমে।
বাসনের আকারও গ্যাস ব্যবহারে প্রভাব ফেলে। ওভেনের বার্নারের তুলনায় খুব বড় বা খুব ছোট পাত্র ব্যবহার করলে তাপ সঠিকভাবে কাজে লাগে না। তাই বার্নারের আকার অনুযায়ী হাঁড়ি বা কড়াই ব্যবহার করলে গ্যাসের ব্যবহার আরও কার্যকর হয়।
এছাড়াও নিয়মিত গ্যাস ওভেন পরিষ্কার রাখা জরুরি। বার্নারের ছিদ্র যদি ধুলো বা ময়লায় আটকে যায়, তবে আগুন ঠিকমতো জ্বলে না এবং গ্যাস বেশি খরচ হয়। তাই নির্দিষ্ট সময় অন্তর বার্নার পরিষ্কার রাখলে গ্যাসের অপচয় কমানো সম্ভব।