Advertisement

LPG Gas Scam: গ্যাসের ভর্তুকি ও KYC আপডেটের নামে ব্যাঙ্ক থেকে মেসেজ গেলে কী করতে হবে?

বর্তমানে গ্যাস সিলিন্ডার বুকিং থেকে শুরু করে ভর্তুকি সংক্রান্ত তথ্য জানা, সব ক্ষেত্রেই অনলাইন পরিষেবার উপর নির্ভর করেন বহু মানুষ। আর সেই সুযোগকেই কাজে লাগাচ্ছে সাইবার প্রতারকরা।

LPG সিলিন্ডার LPG সিলিন্ডার
Aajtak Bangla
  • দিল্লি ও কলকাতা ,
  • 22 Nov 2026,
  • अपडेटेड 11:08 AM IST
  • প্রতারকরা কখনও নিজেদের গ্যাস এজেন্সির কর্মী বলে পরিচয় দিচ্ছে
  • ফোন করে জানানো হচ্ছে, গ্রাহকের গ্যাসের ভর্তুকি বন্ধ হয়ে যেতে পারে

বাড়িতে LPG গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন? তাহলে সাবধান! এবার সাইবার প্রতারকদের নজরে রান্নার গ্যাসের গ্রাহকরাও। কখনও গ্যাসের ভর্তুকি বন্ধ হয়ে যাওয়ার ভয় দেখিয়ে, আবার কখনও KYC আপডেটের নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে গ্রাহকদের প্রতারণার ফাঁদে ফেলছে সাইবার অপরাধীরা। সেই মেসেজে থাকা লিঙ্কে ক্লিক করলেই বিপদে পড়তে পারেন। এমন পরিস্থিতিতে গ্রাহকদের সতর্ক করেছে ICICI Bank।

বর্তমানে গ্যাস সিলিন্ডার বুকিং থেকে শুরু করে ভর্তুকি সংক্রান্ত তথ্য জানা, সব ক্ষেত্রেই অনলাইন পরিষেবার উপর নির্ভর করেন বহু মানুষ। আর সেই সুযোগকেই কাজে লাগাচ্ছে সাইবার প্রতারকরা। LPG সিলিন্ডারের বুকিং, ভর্তুকি কিংবা KYC আপডেট সংক্রান্ত কোনও অচেনা নম্বর থেকে মেসেজ এলেই সতর্ক থাকা জরুরি। যাচাই না করে কোনও লিঙ্কে ক্লিক করবেন না।

কীভাবে প্রতারণার ফাঁদ পাতছে সাইবার অপরাধীরা?

প্রতারকরা কখনও নিজেদের গ্যাস এজেন্সির কর্মী বলে পরিচয় দিচ্ছে। ফোন করে জানানো হচ্ছে, গ্রাহকের গ্যাসের ভর্তুকি বন্ধ হয়ে যেতে পারে। আবার KYC আপডেট না করলে গ্যাসের সংযোগে সমস্যা তৈরি হবে বলেও ভয় দেখানো হচ্ছে। এভাবে গ্রাহকের বিশ্বাস অর্জনের পর WhatsApp অথবা SMS-এর মাধ্যমে একটি লিঙ্ক পাঠানো হচ্ছে। সেই লিঙ্কে ক্লিক করে KYC আপডেট করতে কিংবা বন্ধ হয়ে যাওয়া ভর্তুকি চালু করার নির্দেশ দেওয়া হচ্ছে।

কিছু ক্ষেত্রে APK ফাইল ডাউনলোড করতেও বলা হচ্ছে। এই ধরনের ফাইলের মাধ্যমে মোবাইলে ম্যালওয়্যার ইনস্টল হয়ে যেতে পারে। এর ফলে ফোনে থাকা ব্যক্তিগত তথ্য এবং ব্যাঙ্কিং সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য চুরি হওয়ার আশঙ্কা থাকে। এমনকী ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেও টাকা হাতিয়ে নিতে পারে প্রতারকরা।

সাইবার প্রতারণা থেকে বাঁচতে এই ৫টি ভুল এড়িয়ে চলুন

১. LPG গ্যাসের ভর্তুকি বা KYC আপডেটের নামে কোনও অচেনা নম্বর থেকে লিঙ্ক এলে তাতে ক্লিক করবেন না।

২. কোনও অপরিচিত ব্যক্তির সঙ্গে OTP, ATM PIN কিংবা CVV নম্বর শেয়ার করবেন না।

Advertisement

৩. WhatsApp বা SMS-এ পাঠানো কোনও APK ফাইল ডাউনলোড করবেন না।

৪. গ্যাস বুকিং এবং KYC আপডেটের জন্য শুধুমাত্র সংশ্লিষ্ট সংস্থার সরকারি অ্যাপ অথবা ওয়েবসাইট ব্যবহার করুন।

৫. ফোনে কেউ নিজেকে ব্যাঙ্ক বা গ্যাস এজেন্সির কর্মী বলে পরিচয় দিলেই তাঁর কথায় বিশ্বাস করবেন না। পরিচয় যাচাই না করে কোনও ব্যক্তিগত বা ব্যাঙ্কিং তথ্য দেবেন না।

প্রতারণার শিকার হলে কী করবেন?

অনলাইনে প্রতারণার শিকার হলে দেরি না করে দ্রুত পদক্ষেপ করুন। অবিলম্বে ১৯৩০ নম্বরে ফোন করে সাইবার অপরাধের অভিযোগ জানান। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সাইবার ক্রাইম সংক্রান্ত সরকারি পোর্টাল cybercrime.gov.in-এ অভিযোগ দায়ের করতে পারেন।

মনে রাখবেন, গ্যাসের ভর্তুকি বা KYC আপডেট সংক্রান্ত প্রতিটি মেসেজ সত্যি নয়। তাই কোনও অচেনা লিঙ্কে ক্লিক করার আগে তার সত্যতা যাচাই করুন। সামান্য অসতর্কতাতেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমানো কষ্টের টাকা হাতিয়ে নিতে পারে সাইবার প্রতারকরা। সচেতনতাই এই ধরনের প্রতারণা থেকে বাঁচার সবচেয়ে বড় উপায়। 

Read more!
Advertisement
Advertisement