
১ ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর এর সঙ্গে সঙ্গেই মাস পয়লা হওয়ায় একাধিক নতুন নিয়মে আসছে বদল। ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই এমন কতগুলি পরিবর্তন আসতে চলেছে, যা সরাসরি আমজনতার পকেটের উপর প্রভাব পড়তে পারে। আজ সকালেই তেল কোম্পানিগুলি এলপিজি সিলিন্ডারের নতুন দাম (LPG Cylinder Price Hike) জানিয়েছে। আবার টোল ট্যাক্স FASTag এর নিয়মও পরিবর্তন হচ্ছে (FASTag Rule Change)। এর পাশাপাশি, পান-মশলা এবং সিগারেটেও ধাক্কা আসছে।
এলপিজি সিলিন্ডারের দাম আরও বাড়ল
তেল কোম্পানিগুলি প্রতি মাসের প্রথম দিনে এলপিজি সিলিন্ডারের দাম আপডেট করেছে। বাজেটের দিনে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে প্রায় ৫০ টাকা। এই নিয়ে টানা দু'মাস ১৯ কেজি LPG সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়েছে। কলকাতায় নতুন রেট অনুযায়ী, কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দাম রাখা হয়েছে ১৮৪৪.৫০ টাকা।
বিমান সফর সস্তা হবে
LPG সিলিন্ডারের দাম পরিবর্তনের সঙ্গে তেল সংস্থাগুলি বিমানের জ্বালানির (ATF) দামে দ্বিতীয় পরিবর্তন এনেছে। ১ ফেব্রুয়ারি থেকে বিমানের জ্বালির দাম কমিয়ে আনা হয়েছে। বিশেষ বিষয় হল, বিমানের টারবাইন জ্বালানির দামের পরিবর্তনের ফলে অনেক সময় সফরের খরচ কমে আসতে পারে।
গত মাসের শুরুতে ১ জানুয়ারি ATF এর দাম কমানো হয়েছিল। দিল্লিতে দাম প্রায় ৭% কমেছিল। ফেব্রুয়ারির প্রথম দিনেও কলকাতায় ATF-র দাম ৯৫,৩৭৮.০২ টাকা থেকে কমে ৯৪,৪৪৫.৬২ টাকা হয়েছে।
পান মশলা ও সিগারেটের উপর অতিরিক্ত কর
১ ফেব্রুয়ারি থেকে দেশে তামাকজাত পণ্য এবং পান মশলার উপর চড়া হারে কর আরোপ করা হচ্ছে। সরকার জিএসটি ক্ষতিপূরণ সেসের পরিবর্তে একটি নতুন আবগারি শুল্ক এবং সেস ঘোষণা করেছে। জিএসটি হারের পাশাপাশি তামাক এবং পান মশলার উপর নতুন কর আরোপ করা হবে।
FASTag-এর নিয়মেও এসেছে বদল
FASTag ব্যবহারকারীদের জন্য ১ ফেব্রুয়ারি থেকে নয়া আপডেট রয়েছে। তবে এটি স্বস্তির খবর। NHAI-এর তরফে গাড়ি, জিপ এবং ভ্যানের জন্য FASTag দেওয়ার সময় KYC ভেরিফিকেশন প্রক্রিয়া বন্ধ করেছে। যা গাড়ি ব্যবহারকারীদের জন্য স্বস্তির খবর।