
এপ্রিল মাস শেষ হচ্ছে আজই। আগামীকাল থেকেই শুরু হবে নতুন মাস। আর ১ মে থেকেই একাধিক নিয়মে বদল আনছে সরকার ও বেশ কয়েকটি কোম্পানি। অবশ্য এই পরিবর্তন নতুন নয়। প্রতি মাসের শুরুতেই কোম্পানিগুলি বেশ কিছু নিয়ম পরিবর্তন করে। বিশেষজ্ঞরা বলছেন, মে মাস থেকে এলপিজি সিলিন্ডারের দাম থেকে শুরু করে এলপিজি সরবরাহ ব্যবস্থা, SBI ক্রেডিট কার্ডের নিয়মে পরিবর্তন আসতে পারে। এছাড়াও অন্য বেশ কয়েকটি ক্ষেত্রে বদল আসবে, সেগুলি কী কী? বুঝে নেওয়া যাক।
LPG সিলিন্ডারের দাম
প্রতি মাসের প্রথম দিনের মতো, মে মাসের প্রথমেও তেল সরবরাহকারী সংস্থাগুলো এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তন করতে পারে। এই পরিবর্তনের প্রভাব বাড়ির রান্নাঘর থেকে শুরু করে রেস্তোরাঁ এবং হোটেল পর্যন্ত পড়বে। এপ্রিল মাসে ১৪ কেজি গার্হস্থ্য এবং ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছিল। এবার ১ মে'তে সেই দামে আর কোনও বদল আসে কিনা, সেটাই এখন দেখার।
ATF থেকে শুরু করে CNG-PNG-এর দাম
১ মে এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তনের পাশাপাশি, তেল কোম্পানিগুলো এয়ার টারবাইন ফুয়েল (ATF)-এর দাম বদলে নতুন সংশোধন করে নতুন দর ঘোষণা করতে পারে। এপ্রিলের শুরুতে এই দাম প্রায় দ্বিগুণ করা হয়েছিল, যদিও পরে সেই বর্ধিত মূল্য তুলে নেওয়া হয়। এটিএফ-এর পাশাপাশি সিএনজি-পিএনজি-র দামেও পরিবর্তন আনা হতে পারে। এর অর্থ হল, মে মাসের প্রথম দিনটি বিমানযাত্রী থেকে শুরু করে অটো সওয়ারি সকলের পকেটের ওপর প্রভাব ফেলতে পারে।
LPG সিলিন্ডার সরবরাহের নিয়মে পরিবর্তন
LPG-র দামের পাশাপাশি সরবরাহের নিয়মেও পরিবর্তন আসতে পারে। প্রতিবেদন অনুযায়ী, সংস্থাগুলো সিলিন্ডার বুকিংয়ের লক-ইন পিরিয়ড পরিবর্তন করতে পারে। এছাড়াও, পাকাপাকি একটি ওটিপি-ভিত্তিক সরবরাহ ব্যবস্থা চালু করা হতে পারে।
ক্রেডিট কার্ডের নিয়ম পরিবর্তন
এসবিআই কার্ডের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, লেট ফি চার্জ থেকে শুরু করে বার্ষিক ফি পর্যন্ত সব বিষয়ে পরিবর্তন ঘোষণা করা হয়েছে। আগামী মাসের এক তারিখ থেকে ১০০ টাকার বেশি এবং ৫০০ টাকা পর্যন্ত বকেয়া অর্থের জন্য লেট পেমেন্ট চার্জ (এলপিসি) পরিবর্তন করে ১০০ টাকা করা হবে।
এছাড়াও, ৫০০ টাকার বেশি এবং ১,০০০ টাকা পর্যন্ত বকেয়া অর্থের জন্য এই ফি কমিয়ে ৫০০ টাকা করা হবে। অন্য চার্জ অপরিবর্তিত থাকবে। এর পাশাপাশি, BPCL এসবিআই ক্রেডিট কার্ডের জন্য প্রযোজ্য ৪৯৯ টাকার বার্ষিক ফি এখন থেকে ১ লক্ষ টাকা বার্ষিক খরচের উপর রিটার্ন করা হবে, যা বর্তমানে ৫০,০০০ টাকা।
অনলাইন গেমিং-এর নিয়মে বদল
১ মে থেকে অনলাইন গেমিং সংক্রান্ত নিয়মাবলীতেও পরিবর্তন আসতে চলেছে। এই পরিবর্তনের আওতায় অনলাইন গেমগুলিকে তিনটি ভাগে ভাগ করা হবে, যার মধ্যে থাকবে অনলাইন মানি গেমস, অনলাইন সোশ্যাল গেমস এবং ই-স্পোর্টস। যে প্ল্যাটফর্মগুলিতে অর্থ-সম্পর্কিত গেম খেলা হয়, সেখানে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হবে। এর পাশাপাশি, এই ধরনের ব্যবহারকারীদের আর্থিক লেনদেনও নজরদারির আওতায় থাকবে।
ব্যাঙ্কের ছুটি
মে মাসে যদি ব্যাঙ্ক সংক্রান্ত কোনও জরুরি কাজ থাকে, তাহলে বাড়ি থেকে বেরোনোর আগে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-এর হলিডে লিস্ট দেখে নেওয়া উচিত। মে মাসে অনেক দিন ব্যাঙ্ক ছুটি রয়েছে। প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং রবিবারের সাপ্তাহিক ছুটি ছাড়াও, ব্যাঙ্কগুলো মে ডে, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন থেকে শুরু করে ইদ-উল আযহা- একধিক দিন ব্যাঙ্কের ছুটি রয়েছে। এই ব্যাঙ্ক ছুটির দিন বিভিন্ন রাজ্যে ভিন্ন হতে পারে। এই সময়ে অনলাইন ব্যাঙ্কিং ব্যবহার করে ব্যাঙ্কিংয়ের যাবতীয় কাজ করা যাবে।