
Khela Hobe Job Card: ১০০ দিনের কাজে কেন্দ্র টাকা দিচ্ছে না। কেন্দ্রের ভরসায় থেকে আর লাভ নেই। আমরা নিজেরাই ১০০ দিনের কাজের ব্যবস্থা করে নিয়েছি। শুক্রবার একুশের মঞ্চ থেকে জব কার্ড হোল্ডারদের জন্য নতুন 'খেলা হবে' কর্মসূচির প্রসঙ্গ তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মুখ্যমন্ত্রীর মুখে একাধিকবার কেন্দ্রের বঞ্চনার অভিযোগ উঠে আসে। আর সেই প্রেক্ষিতেই তিনি জানান, রাজ্যের প্রাপ্য মেটাচ্ছে না মোদী সরকার। আর সেই কারণেই ১০০ দিনের কাজ আটকে গিয়েছিল।
এরপর তিনি জানান, আমরা বাংলার টাকায় নিজেদের ১০০ দিনের কর্মসূচি করার কথা ভাবছি। এর নাম দেব 'খেলা হবে।'
অর্থাত্, এই কাজের টাকা দেবে রাজ্য সরকারই। কেন্দ্রের পাল্টা এই কর্মসূচি করবে রাজ্য।
মুখ্যমন্ত্রী এই প্রকল্প ব্যাখা করে জানান, '১০০ দিন না হোক, ৪০-৪৫ দিনের কাজ করাতেই পারি। এতে কর্মসৃষ্টি হবে। বাংলার গরিব মানুষদের কথা ভেবে এই উদ্যোগ।'
ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট বা MGNREGA-র জব কার্ড কেন্দ্র সরকারের একটি প্রকল্প। এই কার্ডের মাধ্যমেই কোনও ব্যক্তি 'সক্রিয় শ্রমিক' কিনা তা নির্ধারণ করা হয়। এই তালিকার মাধ্যমেই আর্থিকভাবে পিছিয়ে থাকা শ্রমিকদের বছরে ১০০ দিনের কাজ প্রদান করে কেন্দ্র।
তবে রাজ্য সরকারের দীর্ঘদিনের অভিযোগ, ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র। অনেক ক্ষেত্রে ভুয়ো কার্ডধারী থাকারও অভিযোগ উঠেছে। বহু স্থানে ১০০ দিনের কাজের টাকা আটকে। এমতাবস্থায় রাজ্যের নিজস্ব কর্মসংস্থান স্কিম আনার পরিকল্পনা।
এদিন একুশের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, এই কর্মসংস্থান স্কিমের নাম 'খেলা হবে'। তবে এই কাজের মেয়াদ ১০০ দিনেরই হবে কিনা, সেই বিষয়টি এখনও নিশ্চিত নয়।
জব কার্ডের আবেদন কীভাবে করতে হয়?
অনলাইনে Umang App-এর মাধ্যমে করা যায়। এছাড়া পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে সমস্ত জরুরী নথি জমা দিয়ে জব কার্ডের জন্য আবেদন করা যায়। স্থানীয় গ্রাম পঞ্চায়েত অফিসেও আবেদন করতে পারেন।