
বুধবার পূর্ব রেলের তরফে একগুচ্ছ ট্রেনের ঘোষণা করলেন শিয়ালদা বিভাগের DRM রাজীব সাক্সেনা। নতুন এসি ট্রেন চালু থেকে শুরু করে শিয়ালদা দক্ষিণ শাখায় বহু ট্রেন চালুর ঘোষণা করা হয়েছে। পাশাপাশি হাসনাবাদ শাখার জন্যও বড় ঘোষণা করেছে পূর্ব রেল। এবার হাসনাবাদের যাত্রীরাও সরাসরি পাবেন কলকাতা মেট্রোর সুবিধা।
হাসনাবাদের যাত্রীদের জন্য উন্নত মেট্রো কানেকশন
একটি বারাসত-হাসনাবাদ লোকালকে দমদম ক্যান্টমেন্ট স্টেশন থেকে ছাড়া হবে। এরফলে হাসনাবাদ যাত্রীদের জন্য তৈরি হবে উন্নত মেট্রো কানেকশন। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ৩৩৩১৯ বারাসাত–হাসনাবাদ লোকালটি এখন থেকে বারাসাতের পরিবর্তে দমদম ক্যান্টনমেন্ট থেকে বিকেল ৫:২৪-এ ছাড়বে এবং সন্ধ্যা ৭:২০-এ হাসনাবাদে পৌঁছাবে। এতে মেট্রোর সঙ্গে আরও সহজ সংযোগ তৈরি হবে। পাশাপাশি বারাসাত–দমদম ক্যান্টনমেন্ট নতুন লোকাল পরিষেবাও চালু হচ্ছে।
এর ফলে পিক আওয়ারে দমদম ক্যান্টনমেন্ট থেকে বনগাঁ/হাসনাবাদমুখী তৃতীয় পরিষেবা চালু হবে, যা মেট্রো সংযোগকে আরও শক্তিশালী করবে বলেই মনে করছে শিয়ালদা ডিভিশন।
নতুন এসি ট্রেন
এছাড়াও, এদিন নতুন শিয়ালদা-বারাসত রুটে নতুন এসি ট্রেন চালু করার ঘোষণা করা হয়েছে। এই ব্যস্ত রুটে যাত্রীদের জন্য উন্নত ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে নতুন এসি ইএমইউ লোকাল চালু হচ্ছে। ট্রেনটি বিধাননগর রোড, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি ও মধ্যমগ্রাম স্টেশনে থামবে। ট্রেনটি শিয়ালদা থেকে সকাল ১০:৩৩-এ ছাড়বে এবং বারাসাত থেকে ১১:২৯-এ ফিরতি যাত্রা শুরু করবে।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আগামী সোমবার থেকেই এই উভয় ট্রেনের পরিষেবা শুরু করা হবে। আপাতত পরীক্ষামূলকভাবে সপ্তাহে ৫ দিন (সোমবার থেকে শুক্রবার) এই নতুন এসি ট্রেনটি চলবে। পরে এর পরিষেবা আরও বাড়ানো হতে পারে।
আরও অতিরিক্ত EMU ট্রেন
এদিন আরও বেশ কয়েকটি EMU পরিষেবা চালুর কথা ঘোষণা করেন DRM। সন্ধ্যার ব্যস্ত সময়ে ডায়মন্ড হারবার ও হাসনাবাদ শাখায় অতিরিক্ত ইএমইউ পরিষেবা চালু, আমঘাটা–কৃষ্ণনগর এবং বারাসাত–দমদম ক্যান্টনমেন্ট শাখায় নতুন লোকাল পরিষেবার সূচনা এবং বারুইপুর থেকে লক্ষ্মীকান্তপুর , শিয়ালদহ–রানাঘাট লোকালের কৃষ্ণনগর পর্যন্ত সম্প্রসারণ , রানাঘাট–শান্তিপুর–কৃষ্ণনগর লোকালের আমঘাটা পর্যন্ত সম্প্রসারণের ঘোষণা করা হয়েছে।