
ভারতের গাড়ির বাজারে বিক্রি বাড়াতে পারল না MG Astor। সেই কারণেই এ বার মাঝারি মাপের এই এসইউভি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এমজি মোটর ইন্ডিয়া, এমনই দাবি বিভিন্ন রিপোর্টে। যদিও সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি। তাদের ওয়েবসাইটেও এখনও গাড়িটি দেখা যাচ্ছে। তবে রিপোর্ট সত্যি হলে, ২০২১ সালে বাজারে আসা এই গাড়ির যাত্রা শেষ হতে চলেছে।
Hyundai Creta, Kia Seltos, Volkswagen Taigun এবং Skoda Kushaq-এর মতো জনপ্রিয় গাড়ির সঙ্গে প্রতিযোগিতায় নেমেছিল Astor। কিন্তু ক্রেতাদের মন জয় করতে পারেনি সেটি। অটোকর প্রফেশনালের রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রতি মাসে গড়ে মাত্র ১১২টি Astor বিক্রি হয়েছে। দেশের অন্যতম জনপ্রিয় এসইউভি বিভাগে এই বিক্রির হার যথেষ্ট কম।
কেন পিছিয়ে পড়ল MG Astor?
গাড়িটির কেবিনে আধুনিক বৈশিষ্ট্য ছিল। নকশাও নজরকাড়া। কিন্তু ইঞ্জিনের বিকল্প সীমিত থাকায় প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে Astor। বাজারে অনেক প্রতিদ্বন্দ্বী গাড়িতে পেট্রল, ডিজ়েল, সিএনজি এবং হাইব্রিড ইঞ্জিনের বিকল্প রয়েছে। Astor-এ মিলত শুধু পেট্রল ইঞ্জিন।
প্রথমে গাড়িটিতে দু’টি ইঞ্জিনের বিকল্প ছিল। ১১০ হর্সপাওয়ারের ১.৫ লিটারের ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রল ইঞ্জিন এবং ১৪০ হর্সপাওয়ারের টার্বো পেট্রল ইঞ্জিন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে টার্বো ইঞ্জিনের বিক্রি বন্ধ করে দেয় সংস্থা। ফলে ক্রেতাদের হাতে পড়ে থাকে শুধু ১.৫ লিটারের ইঞ্জিন। সঙ্গে ছিল পাঁচ গতির ম্যানুয়াল এবং সিভিটি গিয়ারবক্স।
২০২৭ সালে নতুন এসইউভি আনবে MG?
Astor বন্ধ হলেও মাঝারি মাপের এসইউভি বিভাগ ছাড়ছে না এমজি। রিপোর্ট অনুযায়ী, গাড়িটির বদলে নতুন মডেল আনার প্রস্তুতি চলছে। ২০২৭ সালে সেটি বাজারে আসতে পারে। নতুন গাড়িটি সংস্থার SIGMA প্ল্যাটফর্মে তৈরি হওয়ার কথা। এই প্ল্যাটফর্মে পেট্রল, হাইব্রিড এবং বৈদ্যুতিক; তিন ধরনের প্রযুক্তিই ব্যবহার করা সম্ভব। ফলে নতুন মডেলে আরও বেশি অপশন পেতে পারেন ক্রেতারা।