
MG Windsor EV: বড় গাড়ি। প্রচুর স্পেস। দেখতেও অন্যরকম। কিন্তু ইভি। এই ব্যাটারির ব্যাপার শুনেই এক সময় লোকে পিছিয়ে আসত। কিন্তু গত কয়েক বছরে ছবিটা পাল্টে গিয়েছে। তার প্রমাণ এমজি উইন্ডসর ইভি (MG Windsor EV)। ইতিমধ্যেই এই গাড়ির ৮০ হাজারেরও বেশি ইউনিট বিক্রি হয়েছে। এবার ক্রেতাদের আকৃষ্ট করতে নতুন সাজে আসছে গাড়িটির স্পেশাল ভার্সান। নাম এমজি উইন্ডসর ইভি ইন্ডালজ এডিশন (MG Windsor EV Indulge Edition)। উৎসবের মরসুমের আগে এই বিশেষ সংস্করণ বাজারে আনার কথা ঘোষণা করেছে এমজি মোটর। নতুন রঙ, নতুন সিট ডিজাইন এবং আরামদায়ক ফিচার্স পাবেন। গাড়ির ছাদে থাকবে স্পেশাল স্ক্রিন। পিছনের আসনে বসা যাত্রীরা সেই স্ক্রিনে কনটেন্ট দেখতে পারবেন।
নতুন রঙে এমজি উইন্ডসর ইভি
নতুন ইন্ডালজ এডিশনের বাইরের সাজে কিছু পরিবর্তন আনা হচ্ছে। গাড়িটি পাওয়া যাবে নতুন ‘শ্যাডো গোল্ড’ রঙে। সঙ্গে থাকবে ১৮ ইঞ্চির কালো অ্যালয় হুইল। পিছনের দিকের কোয়ার্টার গ্লাসে থাকবে বিশেষ ‘ইন্ডালজ’ ব্যাজ। ফলে সাধারণ মডেলের সঙ্গে এই ভার্সানের পার্থক্য সহজেই বোঝা যাবে।
তবে গাড়িটির মূল নকশায় খুব বেশি বদল হচ্ছে না। আগের মতোই থাকবে এলইডি আলো, বডি ক্ল্যাডিং, কালো ছাদ এবং কালো রঙের বাইরের রিয়ার ভিউ মিরর। গাড়ির পিছনের নকশাও বর্তমান মডেলের মতোই থাকার সম্ভাবনা রয়েছে।
কেবিনে বড়সড় চেঞ্জ
গাড়ির ভিতরেও কিছু পরিবর্তন দেখা যাবে। ড্যাশবোর্ডে আগের মতো কালো ও আইভরি রঙের মিশ্রণ থাকবে। তবে আসনে থাকবে নতুন আরবান ট্যান ও কালো রঙের সমন্বয়। সামনের আসনের হেডরেস্টে ‘ইন্ডালজ’ লেখা থাকবে।
যাত্রীদের আরামের কথা মাথায় রেখে দেওয়া হচ্ছে অতিরিক্ত কিছু সরঞ্জাম। সামনের যাত্রীদের জন্য থাকবে নেক কুশন। পিছনের যাত্রীদের জন্য থাকবে আলাদা বালিশ। দীর্ঘ পথের যাত্রায় এগুলি আরাম বাড়াতে পারে।
সবচেয়ে আকর্ষণীয় সংযোজন ছাদে লাগানো নতুন স্ক্রিন। সংস্থা এর নাম দিয়েছে ‘প্রিভে স্ক্রিন’ (Prive Screen)। প্রয়োজন অনুযায়ী স্ক্রিনটি ছাদ থেকে নীচের দিকে নামিয়ে ব্যবহার করা যাবে। পিছনের আসনে বসে যাত্রীরা এতে বিনোদনের সুযোগ পাবেন। পরিবারের সঙ্গে দূরে কোথাও যাওয়ার সময় এই ব্যবস্থা অনেকের পছন্দ হতে পারে।
ব্যাটারি ও রেঞ্জ কেমন?
নতুন ভার্সানে বর্তমান উইন্ডসর ইভির মতোই ব্যাটারি ও মোটর থাকতে পারে। এখন এই গাড়িতে ৩৮ কিলোওয়াট-ঘণ্টা এবং ৫২.৯ কিলোওয়াট-ঘণ্টার দু’টি ব্যাটারি অপশন পাবেন।
সংস্থার ক্লেইম, ছোট ব্যাটারিতে একবার সম্পূর্ণ চার্জে ৩৩২ কিলোমিটার এবং বড় ব্যাটারিতে ৪৪৯ কিলোমিটার পর্যন্ত চলবে এই গাড়ি।
দাম কত হতে পারে?
এমজি উইন্ডসর ইভি ইন্ডালজ এডিশনের দাম এখনও ঘোষণা হয়নি। নতুন ডিজাইন এবং বাড়তি ভার্সানের কারণে দাম বর্তমান মডেলের তুলনায় বেশি হতে পারে বলে অনুমান।
সাধারণ এমজি উইন্ডসর ইভির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ১৪.৭০ লক্ষ টাকা থেকে। টপ মডেলের দাম প্রায় ১৯ লক্ষ টাকা।