
রাজ্যে ক্ষমতা দখলের পরই আয়ুষ্মান ভারত চালু করে দিয়েছে বিজেপি সরকার। এই প্রকল্পে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমা পাওয়া যায়। তবে এই কার্ড সকলে পাবেন না। বরং আর্থিকভাবে দুর্বল পরিবারই এই প্রকল্পের সুযোগ-সুবিধা পাবেন। তাই যাঁরা আয়ুষ্মান ভারত পাচ্ছেন না, তাঁদের জন্য নয়া স্বাস্থ্যবিমা প্রকল্প শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা নামে নয়া প্রকল্প ঘোষণা করছেন। যাঁরা আয়ুষ্মান ভারত পাচ্ছেন না, তাঁরাই এই প্রকল্পে জুড়ে যাবেন বলে জানিয়েছেন তিনি।
কত টাকার ইনস্যুরেন্স?
শুক্রবার রেজিনগরের একটি জনসভা থেকে এই নয়া প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'এই প্রকল্পে ৫ লক্ষ টাকার বিমার সুবিধা পাওয়া যাবে।' অর্থাৎ স্বাস্থ্যসাথী এবং আয়ুষ্মান ভারতের মতো এই প্রকল্পেও সমপরিমাণ ইনস্যুরেন্স কভার মিলবে। আর এটাই বিরাট খবর।
কোথায় মিলবে সুবিধা?
এই ইনস্যুরেন্সে রাজ্যের বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসা করা সম্ভব হবে। পাশাপাশি দেশের অন্যান্য রাজ্যেও যাতে এই ইনস্যুরেন্সের সুবিধা পাওয়া যায়, সেটাও মুখ্যমন্ত্রী নিশ্চিত করবেন বলে কথা দিয়েছেন।
আবেদন শুরু হবে কবে থেকে?
এই প্রশ্নেরও জবাব দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, জুলাই মাস থেকেই এই প্রকল্পের নাম জুড়ে নেওয়ার কাজ শুরু হয়ে যাবে। তাই চিন্তার কিছুই নেই।
অনলাইন ও অফলাইনে আবেদন করা যাবে
এখনও এই বিষয়টা স্পষ্ট করে কিছু জানান হয়নি। তবে সরকার সূত্রে খবর, অন্নপূর্ণ যোজনার মতো এই প্রকল্পের ক্ষেত্রেও অনলাইন এবং অফলাইন, আবেদনের দু'টি মোডই থাকবে।
অনলাইনে নির্দিষ্ট সাইটে গিয়ে আবেদন করতে হবে। যদিও সেই ওয়েবসাইট সম্পর্কে এখনও জানান হয়নি। আবার অফলাইনের ক্ষেত্রে মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, পঞ্চায়েত, বিডিও বা এসডিও অফিসে গিয়ে ফর্ম ফিলআপ করার প্রয়োজন পড়তে পারে। এখন দেখার সরকার ঠিক কী জানায়।
কী কী ডকুমেন্ট লাগবে?
এই নিয়েও স্পষ্ট করে কোনও নির্দেশিকা নেই। তবে মনে করা হচ্ছে, আধার কার্ড ও রেশন কার্ড লাগবে। পাশাপাশি মোবাইল নম্বর থাকাও ভীষণই জরুরি। এছাড়া আরও কিছু ডকুমেন্ট লাগলে আগামী দিনে সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে।
কারা পাবেন এই প্রকল্পের সুবিধা?
যাঁদের আয়ুষ্মান ভারত হবে না, তাঁরা সকলেই এই কার্ড করে ফেলতে পারবেন। তাই চিন্তার কোনও কারণ নেই।