
রাত সাড়ে ১১টার পরই কলকাতার রাস্তায় আর বাসের দেখা মেলে না। ১০টা পার করলেই কমতে থাকে বাসের সংখ্যা। এতে সবথেকে মুশকিলে পড়েন নাইট শিফটে কাজ করা কর্মীরা। যারা রাত করে অফিস থেকে বাড়ি ফেরেন তাদের জন্য বাড়ি ফেরা মুশকিল হয়ে পড়ে। সেইসময়ে একমাত্র ভরসা অ্যাপ ক্যাব ও বাইকগুলি। এগুলির যা ভাড়া তাতে তিন-চারগুণ অতিরিক্ত টাকা গুনতে হয় যাত্রীদের। এই অবস্থায় কলকাতার রাতের জীবনযাত্রা সচল রাখতে সারারাত সরকারি বাস চালানোর পরিকল্পনা করছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী অর্জুন সিং।
'নাইট বাস সার্ভিস' আনলে মুম্বইয়ের মতো কলকাতাও জেগে থাকবে রাতভর। এতে কলকাতায় নাইট শিফট কর্মীদের সংখ্যা বাড়বে। ফলে সচল থাকবে সিটি অফ জয়ের অর্থনীতি। এতে লাভবান হবেন তথ্যপ্রযুক্তি সেক্টর, স্বাস্থ্য ও পরিষেবা প্রদানের ক্ষেত্রের সঙ্গে যুক্ত কর্মীরা।
আগের সরকারের আমলে যাত্রীদের সুবিধার্থে নাইট বাস সার্ভিস চালু করা হয়েছিল। ২০১৮–র ৪ সেপ্টেম্বর কলকাতার রাস্তায় নাইট বাস সার্ভিস চালু হয়েছিল। তবে, করোনার সময়ে এই পরিষেবা বন্ধ হয়ে যায়। তা আর চালু হয়নি। এরপর ২০২৫-এ ফের ২০টি রুটে নাইট বাস সার্ভিস ফেরানো হয়। সেইমতো চলছিলও বাসগুলি। প্রতিটি রুটে একটি বা দু’টি করে বাস চালানো হচ্ছিল। তবে শেষ বাস মিলত রাত ১২টা পর্যন্তই। বাসগুলি উল্টোডাঙা, ডানলপ, শ্যামবাজার, গিরিশ পার্ক, ধর্মতলা, এক্সাইড, রুবি, বেলেঘাটা বিল্ডিং মোড়, রাসবিহারী, টালিগঞ্জ, সায়েন্স সিটি, খিদিরপুর, পার্ক সার্কাস, হাওড়া স্টেশন, গড়িয়া, রথতলা, যাদবপুর ৮বি, করুণাময়ী মোড়ের মতো গুরুত্বপূর্ণ জায়গা দিয়ে চলত।
তবে এবার আর কেবলমাত্র রাত ১২টা নয়। সারারাত ধরে মিলবে সরকারি বাস। এমনই পরিকল্পনা রাজ্য সরকারের।
রাতের বাস পরিষেবা ফিরিয়ে আনতে বিনিয়োগ কমিটি গড়া হয়েছে। তা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে বলে জানান পরিবহণ মন্ত্রী।