
দুর্গাপুজো ২০২৬ উপলক্ষে যাত্রীদের বিপুল ভিড়ের সম্ভাবনার কথা মাথায় রেখে একাধিক বড় পদক্ষেপ নিল শিয়ালদা ডিভিশন। উৎসবের সম্ভাব্য ভিড় ও যানজট এড়াতে ১৫ থেকে ২১ অক্টোবর পর্যন্ত শিয়ালদা স্টেশনের পার্কিং এলাকা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল রেল। এই কদিন গাড়ি শুধুমাত্র যাত্রী ওঠানো-নামানোর কাজে ব্যবহার করতে পরামর্শ দিয়েছে শিয়ালদা ডিভিশন। রেলের দাবি, এর ফলে স্টেশনের আশপাশে যান চলাচল স্বাভাবিক রাখতে সুবিধা হবে।
তবে শুধুমাত্র পার্কিং নয়, উৎসবের এই দিনগুলিতে শিয়ালদা স্টেশনের ডিজিটাল লকার পরিষেবা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। যাত্রীদের এই সময়ের কথা মাথায় রেখে আগে থেকেই প্রয়োজনীয় বিকল্প ব্যবস্থা করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
রেলের তরফে জানানো হয়েছে, সার্বিক পরিস্থিতির ওপর নজরদারি এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সমগ্র ডিভিশনকে বিভিন্ন স্টেশনগুচ্ছের ভিত্তিতে ১১টি নোডাল পয়েন্টে ভাগ করা হয়েছে। পাশাপাশি, ডিভিশনের সমস্ত স্টেশনের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি কেন্দ্রীয় ওয়ার রুম চালু রাখা হবে। জরুরি পরিস্থিতিতে বা তাৎক্ষণিক সহায়তার প্রয়োজনে যাত্রী ও সংশ্লিষ্ট কর্মীরা শিয়ালদা ডিভিশনের ওয়ার রুমের ৯১৪৭৯০৬৭৭৮ নম্বরে যোগাযোগ করতে পারবেন।
যেসব স্টেশনে যাত্রীসমাগম বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে চিকিৎসা সহায়তা বুথ ও অ্যাম্বুল্যান্স পরিষেবার সুবিধারও ব্যবস্থা করছে রেলওয়ে। এছাড়াও, গুরুত্বপূর্ণ স্থানের ফুট ওভার ব্রিজগুলিতেও RPF কর্মীদের পাশাপাশি স্কাউটস অ্যান্ড গাইডস, সিভিল ডিফেন্স এবং সেন্ট জন অ্যাম্বুল্যান্সের স্বেচ্ছাসেবকদের মোতায়েন করা হবে বলে জানানো হয়েছে।
উৎসবের এই সময় যাতে টিকিট কাটতে কোনও সমস্যা না থাকে, সেদিকেও নজর দিয়েছে রেল। সংশ্লিষ্ট বিভাগগুলিকে নিশ্চিত করতে বলা হয়েছে, যাতে সমস্ত অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন (ATVM) এবং মোবাইল UTS পরিষেবা সচল থাকে। প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত টিকিট বুকিং কাউন্টারও চালু করার পরামর্শ দেওয়া হয়েছে।