
আয়কর বিভাগ ২০২৬-২৭ মূল্যায়ন বর্ষ (২০২৫-২৬ অর্থবর্ষ)-এর জন্য আয়কর রিটার্ন (ITR) দাখিল করার উদ্দেশ্যে ই-ফাইলিং পোর্টালে ITR-1, ITR-2, এবং ITR-4 ফর্মগুলি উপলব্ধ করেছে। আপনি যদি একজন প্রবীণ নাগরিক হন এবং পেনশনের আওতায় থাকেন, তবে আুনার জন্য কোন ITR ফর্মটি সঠিক, তা আপনার জেনে নেওয়া দরকার।
আইটিআর ফর্ম আপনার বয়সের ওপর ভিত্তি করে নয়, বরং আপনার আয়ের উৎস এবং প্রকৃতির উপর ভিত্তি করে নির্বাচন করা হয়। অনেক প্রবীণ নাগরিক মনে করেন যে, যেহেতু তাঁরা পেনশন পান, তাই তাঁদের সর্বদা আইটিআর-১ ফর্ম পূরণ করতে হবে, কিন্তু বিষয়টি এমন নয়। ভুল ফর্ম বেছে নিলে তা কেবল আপনার রিফান্ড পেতে দেরিই করবে না, বরং এর ফলে আয়কর বিভাগ থেকে নোটিশও আসতে পারে। চলুন জেনে নেওয়া যাক পেনশনভোগীদের জন্য কোন আইটিআর ফর্মটি সবচেয়ে ভাল।
ITR কী
আইটিআর হলো এমন একটি ফর্ম যেখানে কোনো ব্যক্তির আয় এবং তার উপর প্রদেয় করের বিবরণ থাকে। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে বেতন থেকে আয়, ব্যবসা বা পেশা থেকে আয়, গৃহ সম্পত্তি থেকে আয়, মূলধনী লাভ, লটারি থেকে প্রাপ্ত আয়, রয়্যালটি থেকে আয়, লভ্যাংশ, আমানতের উপর সুদ ইত্যাদি।
কত প্রকার আইটিআর ফর্ম আছে
সাত ধরনের আইটিআর ফর্ম আছে।
১)আইটিআর-১ ফর্ম
২)আইটিআর-২ ফর্ম
৩)আইটিআর-৩ ফর্ম
৪)আইটিআর-৪ ফর্ম
৫)আইটিআর-৫ ফর্ম
৬)আইটিআর-৬ ফর্ম
৭) আইটিআর-৭ ফর্ম
প্রবীণদের জন্য কোনটা সঠিক?
ITR-1 ফর্মটি সেইসব ব্যক্তিদের জন্য যাদের মোট বার্ষিক আয় ₹৫০ লক্ষ পর্যন্ত এবং বেতন, পেনশন, দুটি বাড়ি এবং সুদ-এর মতো অন্যান্য আয় রয়েছে। ৫,০০০ হাজার পর্যন্ত কৃষি আয় এবং তালিকাভুক্ত শেয়ার বা ইক্যুইটি মিউচুয়াল ফান্ড থেকে ১.২৫ লক্ষ পর্যন্ত দীর্ঘমেয়াদী মূলধনী লাভও অন্তর্ভুক্ত করা যেতে পারে। যে সকল প্রবীণ নাগরিক পেনশন পান, তারা উপরের শর্তগুলো পূরণ করলে ITR-1 ফাইল করতে পারেন।
যদি কোনো প্রবীণ নাগরিকের আয়ের মধ্যে দুটির বেশি বাড়ি, বিদেশি সম্পদ, বিদেশি আয়, ৫,০০০ টাকার বেশি কৃষি আয়, মূলধনী লাভ, তালিকাভুক্ত নয় এমন শেয়ার অথবা কোনও কোম্পানির পরিচালক পদ অন্তর্ভুক্ত থাকে, তাহলে তাকে আইটিআর-২ ফর্ম পূরণ করতে হবে।
যদি কোনো প্রবীণ ব্যক্তি অবসর গ্রহণের পর পরামর্শদাতা, ফ্রিল্যান্সিং, পেশাগত অনুশীলন বা ব্যবসা থেকে আয় করেন, তাহলে তাকে আইটিআর-৩ ফর্ম পূরণ করতে হবে।
ITR-4 ফর্মটি সেইসব করদাতাদের জন্য, যাঁরা অনুমানমূলক কর ব্যবস্থা (Presumptive Taxation Scheme) বেছে নেন এবং যাঁদের মোট আয় ৫০ লক্ষ টাকা পর্যন্ত।
ITR-1 কি লাঘু হবে?
যদি পেনশনভোগী কোনো প্রবীণ নাগরিকের মিউচুয়াল ফান্ড, শেয়ার বিক্রি বা সম্পত্তি থেকে মূলধনী লাভ হয়, তবে সেই ব্যক্তির জন্য ITR-1 প্রযোজ্য নয়। অনেক অবসরপ্রাপ্ত ব্যক্তি পরামর্শ বা পেশাগত পরিষেবা থেকে আয় করেন। তা সত্ত্বেও, তাঁরা ITR-1 বা ITR-2 ফর্ম দাখিল করেন। এই ধরনের ক্ষেত্রে, ITR-3 বা ITR-4 উপযুক্ত হতে পারে। যদি কোনো প্রবীণ নাগরিক বিদেশ থেকে পেনশন পান এবং তাঁর বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট বা বিদেশি সম্পদ থাকে, তবে তাঁকে ITR-2 বা ITR-3 ফর্ম দাখিল করতে হতে পারে। আপনার জানা উচিত যে এই ধরনের ক্ষেত্রে, আয়কর বিভাগকে অতিরিক্ত তথ্য প্রদান করাও বাধ্যতামূলক।
ফর্ম 26AS, AIS এবং TIS অবশ্যই যাচাই করুন
আয়কর রিটার্ন দাখিল করার আগে ফর্ম 26AS, বার্ষিক তথ্য বিবরণী (AIS) এবং করদাতা তথ্য সারাংশ (TIS) যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রবীণ নাগরিকদের নিশ্চিত করা উচিত যে পেনশন আয়, ব্যাঙ্ক এফডি-র সুদ, প্রবীণ নাগরিক সঞ্চয় প্রকল্পের সুদ, লভ্যাংশ আয়, মিউচুয়াল ফান্ড বা শেয়ার বিক্রি থেকে মূলধনী লাভ এবং টিডিএস সম্পর্কিত তথ্য সঠিকভাবে প্রবেশ করানো হয়েছে। শুধুমাত্র AIS-এ দেখানো তথ্যের উপর নির্ভর করবেন না। ফর্ম 16/16A, ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং প্রকৃত আয়ের সাথে অঙ্কগুলো মিলিয়ে নেওয়া জরুরি, যাতে আয়কর রিটার্ন (ITR) দাখিল করার সময় কোনও ভুল না হয়।