
অবসরপ্রাপ্ত কর্মী ও তাঁদের পরিবারের জন্য বড় পদক্ষেপ করেছে রাজ্য সরকার। কলকাতা পৌরসংস্থা (KMC) এলাকার রাজ্য সরকারি পেনশনভোগী ও ফ্যামিলি পেনশনভোগীদের জন্য অভিনব উদ্যোগ নিয়েছে নবান্ন। ২০০৮ থেকে ২০১৯ সালের বকেয়া মহার্ঘ ত্রাণ বা ডিআর (Arrear Dearness Relief)-এর আনুমানিক অঙ্কের ৫০ শতাংশ টাকা সরাসরি পেনশনভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার অর্থ দফতরের পেনশন শাখা থেকে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
প্রসঙ্গত, রাজ্যে ক্ষমতায় এসেই অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের ইতিমধ্যেই মহার্ঘ ভাতা দিতে শুরু করে রাজ্য সরকার। ২০০৮ সালের এপ্রিল থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত কর্মীদের বকেয়া ডিআর দেওয়া হচ্ছিল। কিন্তু KMC এলাকার পেনশনারদের বকেয়া DR মেটানো সম্ভব হয়নি। এর কারণ, অতীতের পেনশন দেওয়ার প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলির কাছে থাকলেও তা এখনও সম্পূর্ণভাবে পাওয়া যায়নি। এই আবহে, DR বকেয়া দ্রুত মেটানোর জন্য এবং ব্যাঙ্কগুলির কাছ থেকে প্রয়োজনীয় তথ্য যাচাই হয়ে আসার আগেই পেনশনারদের স্বস্তি দিতে রাজ্য সরকার আগের বিজ্ঞপ্তির আংশিক সংশোধন করে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। ২০০৮ থেকে ২০১৯ সালের মধ্যে আনুমানিক DR বকেয়ার ৫০ শতাংশ KMC এলাকার সেই সমস্ত পেনশনার বা তাঁদের পরিবারকে দেওয়া হবে। শহরের প্রবীণ পেনশনভোগীদের এই দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাতেই এই উদ্যোগ নিয়েছে সরকার।
আলাদা ব্যাঙ্ক পেনশন ম্যানেজমেন্ট পোর্টাল
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ROPA ২০০৯-এর কাঠামো অনুযায়ী ২০০৮ সালের ১ এপ্রিল থেকে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়কালের জন্য এই বকেয়া হিসাব করা হবে। পশ্চিমবঙ্গের অ্যাকাউন্ট্যান্ট জেনারেল (AG)-এর নথি এবং সর্বভারতীয় উপভোক্তা মূল্য সূচক (AICPI) মেনে এই আনুমানিক বকেয়া নির্ধারণ করা হচ্ছে। প্রক্রিয়াটিকে দ্রুত ও স্বচ্ছ করতে রাজ্য সরকার WBiFMS-এর অধীনে একটি বিশেষ পোর্টাল চালু করা হচ্ছে। যার নাম ‘ব্যাঙ্ক পেনশন ম্যানেজমেন্ট পোর্টাল’ (Bank Pension Management Portal)। সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলি এই পোর্টালে গিয়ে পেনশনভোগীদের তথ্য যাচাই ও আপডেট করার সঙ্গে-সঙ্গেই বকেয়া টাকা সরাসরি প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। রাজ্য সরকার WBiFMS-এর অধীনে আলাদা এই ব্যাঙ্ক পেনশন ম্যানেজমেন্ট পোর্টাল চালু করেছে।
কবে অ্যাকাউন্টে ঢুকবে টাকা?
আনুমানিক মোট বকেয়া ডিআর-এর ৫০ শতাংশ অর্থ এখনই সংশ্লিষ্ট পেনশনারদের অ্যাকাউন্টে সরাসরি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই আনুমানিক বকেয়ার হিসাব করা হবে অ্যাকাউন্ট্যান্ট জেনারেল (এজি)-এর দেওয়া তথ্য এবং অল ইন্ডিয়া কনজ়িউমার প্রাইস ইনডেক্স (এআইসিপিআই)-এর ভিত্তিতে। এই পুরো প্রক্রিয়াটিকে স্বচ্ছ, গতিশীল এবং নির্ভুল করতে রাজ্য সরকার 'ডবলুবিআইএফএমএস-এর অধীনে একটি ডেডিকেটেড ‘ব্যাঙ্ক পেনশন ম্যানেজমেন্ট পোর্টাল’ চালু করেছে। নির্দিষ্ট ব্যাঙ্কগুলিকে অবিলম্বে এই পোর্টালে গিয়ে তাদের পেনশনারদের তথ্য যাচাই এবং আপডেট করতে বলা হয়েছে, যাতে পোর্টাল থেকে প্রাপ্ত হিসাব অনুযায়ী বকেয়া টাকা কোনও বিলম্ব ছাড়াই গ্রাহকদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া যায়। সূত্রের খবর, জুলাই মাসের মধ্যেই বকেয়া ৫০ শতাংশ টাকা দেওয়া হবে পেনশনভোগীদের।