Advertisement

Petrol vs Electric Scooter: পেট্রোল না ইলেকট্রিক স্কুটার, কোনটি চালাতে কম খরচ?

Petrol vs Electric Scooter: শহর হোক বা গ্রাম। বাংলার মানুষের একটি বড় অংশের জন্য স্কুটারই যা এখন অন্যতম ভরসা। অফিস যাওয়া, কলেজ, ডেলিভারির পেশা; সব ক্ষেত্রেই এর ব্যবহার বাড়ছে। সেই মতো বাজারে স্কুটারের অপশনও অনেক। তাছাড়া এখন আবার দিন দিন ইভি-র বাজার বাড়ছে।

পেট্রোল স্কুটার নেবেন, না ইলেকট্রিক?পেট্রোল স্কুটার নেবেন, না ইলেকট্রিক?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Mar 2026,
  • अपडेटेड 6:29 PM IST
  • বাংলার মানুষের একটি বড় অংশের জন্য স্কুটারই যা এখন অন্যতম ভরসা।
  • অফিস যাওয়া, কলেজ, ডেলিভারির পেশা; সব ক্ষেত্রেই এর ব্যবহার বাড়ছে।
  • কোনটায় লাভ বেশি? আসুন একটু তলিয়ে দেখা যাক।

শহর হোক বা গ্রাম। বাংলার মানুষের একটি বড় অংশের জন্য স্কুটারই যা এখন অন্যতম ভরসা। অফিস যাওয়া, কলেজ, ডেলিভারির পেশা; সব ক্ষেত্রেই এর ব্যবহার বাড়ছে। সেই মতো বাজারে স্কুটারের অপশনও অনেক। তাছাড়া এখন আবার দিন দিন ইভি-র বাজার বাড়ছে। এমতাবস্থায় একটি প্রশ্ন মাথায় আসাই স্বাভাবিক। পেট্রোল স্কুটার নেবেন, না ইলেকট্রিক? দাম, মাইলেজ, রক্ষণাবেক্ষণের খরচ, সব দিক বিচার করলে কোনটায় লাভ বেশি? আসুন একটু তলিয়ে দেখা যাক।

প্রথমেই কেনার খরচ। এই জায়গায় এখনও পেট্রোল স্কুটার এগিয়ে। যেমন Honda Activa 6G, TVS Jupiter বা Suzuki Access 125; এই ধরনের স্কুটারের দাম সাধারণত ৮০ হাজার থেকে ১.১ লাখ টাকার মধ্যে(এক্স-শোরুম)। অনরোড ধরুন ১.১০-১.২০-র আশেপাশে। অন্যদিকে ইলেকট্রিক স্কুটার যেমন Ola S1 Air, Ather 450S বা TVS iQube; এগুলির দাম একটু বেশি। অনরোড প্রায় ১.২ লাখ থেকে ১.৫ লাখ টাকা। ফলে সেদিক দিয়ে ভাবলে পেট্রোল স্কুটার তুলনামূলকভাবে সস্তা।

মাইলেজ
তবে আসল খেলা রোজের ব্যবহারের সময়। কলকাতায় পেট্রোলের দাম প্রায় ১০০ টাকার আশেপাশে ঘোরাফেরা করে। একটি সাধারণ পেট্রোল স্কুটার লিটার প্রতি ৪৫-৫০ কিলোমিটার মাইলেজ দেয়। সেই হিসেবে প্রতি কিলোমিটারে খরচ দাঁড়ায় প্রায় ২ থেকে ২.৫ টাকা। অন্যদিকে ইলেকট্রিক স্কুটার এক চার্জে ৮০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। পুরো চার্জের খরচ ১৫-২৫ টাকার মধ্যে। ফলে প্রতি কিলোমিটারে খরচ নেমে আসে মাত্র ২০-৩০ পয়সায়। দৈনন্দিন যাতায়াতের ক্ষেত্রে এই পার্থক্যটাই সবচেয়ে বড়।

সার্ভিসিং
রক্ষণাবেক্ষণের দিক থেকেও ছবিটা একই রকম। পেট্রোল স্কুটারে নিয়মিত ইঞ্জিন অয়েল বদল, সার্ভিসিং এবং বিভিন্ন যন্ত্রাংশের ক্ষয়ক্ষতির জন্য আলাদা খরচ হয়।

ইলেকট্রিক স্কুটারে মুভিং পার্টস কম। ফলে খরচ অনেকটাই কমে যায়। তবে এখানে একটি বিষয় মাথায় রাখতে হবে। ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি কিন্তু আজীবন টেকে না। সাধারণত ৪-৫ বছর পর ব্যাটারি বদলাতে হয়। এর খরচ ৩০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত হতে পারে।

Advertisement

চার্জ শেষ হয়ে গেলে?
ইভি কিনলে চার্জিং একটি গুরুত্বপূর্ণ বিষয়। যাঁরা ফ্ল্যাটে, বা ভাড়াবাড়িতে থাকেন; তাঁদের ইলেকট্রিক স্কুটার কেনাটা কিছুটা অসুবিধাজনক হতে পারে। যদিও ধীরে ধীরে শহর এলাকায় চার্জিং স্টেশন বাড়ছে। তবে তা পেট্রোল পাম্পের মতো অত সহজলভ্য নয়। পেট্রোল স্কুটারের ক্ষেত্রে এই সমস্যা নেই। যেকোনও সময়, যে কোনও জায়গায় রিফিল করা যায়।

আবহাওয়াও একটি বড় ফ্যাক্টর। কলকাতায় বর্ষায় জল জমা রাস্তায় ইলেকট্রিক স্কুটার চালাতে অনেকেই একটু ভয় পান। লং রাইডেও ব্যাটারি স্কুটার নিয়ে যেতে অনেকে ভয় পান। ফলে পেট্রোল স্কুটার এখনও অনেকের কাছে বেশি পছন্দের।

সব দিক বিচার করলে, শর্ট টার্মে পেট্রোল স্কুটার সস্তা হলেও, লং টার্মে ইলেকট্রিক স্কুটারই বেশি সাশ্রয়ী। প্রতিদিন নির্দিষ্ট দূরত্বে যাতায়াত এবং বাড়িতে চার্জিংয়ের সুবিধা থাকলে ইলেকট্রিক স্কুটারই বেশি লাভজনক। অন্যদিকে যাঁদের ব্যবহারের ধরন অনিয়মিত বা লং রাইডে বেশি যান, তাঁদের জন্য পেট্রোল স্কুটারই সেফ চয়েস। 

Read more!
Advertisement
Advertisement