
চাকরিজীবীদের বেতনের একটা অংশ থাকে পিএফ ফান্ডে। বছরের পর বছর চাকরি করে সেই টাকা জমে। মেলে ভাল রিটার্ন। অবসরের পরে আর্থিক চিন্তা থাকে না। অবসরের কথা মাথায় রেখেই মূলত পিএফে টাকা জমা করা হয়। তবে অনেক সময় অবসরের আগেও হঠাৎ টাকার প্রয়োজন হতে পারে। সে ক্ষেত্রেও কাজে আসে এই তহবিল। চিকিৎসার খরচ থেকে শুরু করে সন্তানের পড়াশোনা, বিয়ে বা বাড়ি কেনা, বিভিন্ন প্রয়োজনে PF থেকে অগ্রিম টাকা তোলা যায়। তবে কোন প্রয়োজনে কত টাকা এবং কত বার তোলা যাবে, তার নির্দিষ্ট নিয়ম রয়েছে। চলুন জেনে নেওয়া যাক।
পিএফে অগ্রিম টাকা তোলার নিয়মে বদল
সদস্যদের সুবিধার কথা মাথায় রেখে পিএফ থেকে টাকা তোলার নিয়ম সহজ করছে ইপিএফও। পাশাপাশি পুরনো নিয়মেও একাধিক পরিবর্তন আনা হচ্ছে। EPF Advance-এর ক্ষেত্রেও সম্প্রতি নতুন করে নিয়মের কথা জানিয়েছে কর্মী ভবিষ্যনিধি সংগঠন। প্রয়োজনের ধরন অনুযায়ী কোন ক্ষেত্রে কত বার অগ্রিম টাকা তোলা যাবে, তা স্পষ্ট করে দেওয়া হয়েছে।
চিকিৎসা: কোনও সদস্য বা তাঁর পরিবারের কারও চিকিৎসার জন্য জরুরি টাকার প্রয়োজন হলে পিএফ অ্যাকাউন্ট থেকে অগ্রিম টাকা তোলা যেতে পারে। EPFO-র নিয়ম অনুযায়ী, জরুরি প্রয়োজনের তালিকায় চিকিৎসাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। অসুস্থতার চিকিৎসার জন্য যত বার প্রয়োজন, ততবারই অগ্রিম তোলা যেতে পারে। এ ক্ষেত্রে কোনও নির্দিষ্ট ঊর্ধ্বসীমা রাখা হয়নি।
সন্তানের পড়াশোনা: অসুস্থতার ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী যত বার খুশি পিএফ থেকে অগ্রিম টাকা তোলার সুযোগ থাকলেও সন্তানের পড়াশোনার ক্ষেত্রে নিয়ম কিছুটা আলাদা। শিক্ষা সংক্রান্ত প্রয়োজন মেটাতে সর্বাধিক ১০ বার অগ্রিম তোলা যাবে। এই সুবিধা শুধু সন্তানের জন্য নয়, সদস্য নিজে বা পরিবারের অন্যান্য সদস্যের শিক্ষার খরচ মেটাতেও ব্যবহার করতে পারবেন।
বিয়ে: চিকিৎসা ও পড়াশোনার পাশাপাশি নিজের বিয়ে বা পরিবারের কোনও সদস্যের বিয়ের খরচের জন্যও অগ্রিম টাকা তোলার সুযোগ রয়েছে। তবে এই ক্ষেত্রেও নির্দিষ্ট সীমা বেঁধে দিয়েছে EPFO। নিয়ম অনুযায়ী, পিএফে যতদিন টাকা আছে, ততদিন বিয়ে সংক্রান্ত খরচ মেটাতে সর্বাধিক পাঁচ বার অগ্রিম নেওয়া যাবে।
বাড়ি কেনা: নিজের বাড়ি তৈরি করা অত্যন্ত ব্যয়সাপেক্ষ। বিপুল অর্থের প্রয়োজন হয়। EPFO-র সদস্যদের এই আর্থিক চাপ কিছুটা কমাতেও অগ্রিমের সুবিধা রয়েছে। বাড়ি তৈরি, বাড়ি কেনা বা বাড়ির সংস্কারের মতো প্রয়োজনেও পিএফে জমা টাকা অগ্রিম তোলা যায়। এ ক্ষেত্রেও জীবনে সর্বাধিক পাঁচবার।
পুরো পিএফ কি তুলে নেওয়া যায়?
শেষ পরিস্থিতিতে কোনও সদস্য একটি অর্থবর্ষে সর্বাধিক দু’বার টাকা তুলতে পারেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, এই সমস্ত প্রয়োজনে কি পিএফে অ্যাকাউন্টে জমা পুরো টাকাই তুলে নেওয়া যায়? এর উত্তর হল, না। নিয়ম অনুযায়ী, সদস্য তাঁর ব্যালান্সের সর্বাধিক ৭৫ শতাংশ পর্যন্ত টাকা তুলতে পারেন। এই হিসাবের মধ্যে কর্মী এবং নিয়োগকর্তা, দু’পক্ষের অবদানই ধরা হয়। বাকি ২৫ শতাংশ টাকা পিএফ অ্যাকাউন্টেই জমা থাকবে।