
PF Withdrawal Rules Changed: PF থেকে টাকা তোলার নিয়মে বড় বদল। চাকরিজীবীদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত EPFO-র। এখন থেকে প্রয়োজন অনুযায়ী প্রভিডেন্ট ফান্ডের টাকা আংশিক ভাবে তোলার নিয়ম আরও সহজ করা হয়েছে। অসুস্থতা, সন্তানের পড়াশোনা, বিয়ে, বাড়ি তৈরি বা কেনা; বিভিন্ন প্রয়োজনে PF অ্যাডভান্স নেওয়ার সুযোগ রয়েছে।
নতুন ব্যবস্থায় EPFO বিভিন্ন ধরনের অ্যাডভান্স ক্লেমকে তিনটি বড় ভাগে সাজিয়েছে। এর মধ্যে রয়েছে প্রয়োজনীয় খরচ, বাড়ি সংক্রান্ত প্রয়োজন এবং বিশেষ পরিস্থিতি। ফলে কোন কারণে কত বার PF থেকে টাকা নেওয়া যাবে, তা বোঝা তুলনামূলক সহজ হয়েছে।
অসুস্থ হলে যতবার প্রয়োজন PF তুলতে পারবেন
চিকিৎসার জন্য PF থেকে টাকা তুলতে হলে এখন নির্দিষ্ট সংখ্যক বার আবেদনের সীমা নেই। অর্থাৎ, যোগ্য সদস্যের চিকিৎসা সংক্রান্ত প্রয়োজন হলে একাধিক বার PF অ্যাডভান্স নেওয়ার সুযোগ রয়েছে।
হঠাৎ বড় চিকিৎসার খরচ এলে এই নিয়ম চাকরিজীবীদের কিছুটা স্বস্তি দিতে পারে। তবে টাকা তোলার ক্ষেত্রে EPFO-র নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণ করতে হবে।
পড়াশোনার খরচে সর্বোচ্চ ১০ বার
সন্তানের উচ্চশিক্ষা বা পড়াশোনার খরচের জন্যও PF থেকে অ্যাডভান্স নেওয়া যায়। এই ক্ষেত্রে পুরো চাকরিজীবনে সর্বোচ্চ ১০ বার PF অ্যাডভান্স নেওয়ার সুযোগ রয়েছে।
শিক্ষার খরচ দিন দিন বাড়ছে। ফলে দীর্ঘ চাকরিজীবনে প্রয়োজন অনুযায়ী PF-এর এই সুবিধা ব্যবহার করতে পারবেন সদস্যরা।
নিজের বা পরিবারের বিয়েতে ৫ বার
নিজের বিয়ে ছাড়াও সন্তান বা ভাই-বোনের বিয়ের জন্য PF থেকে টাকা তোলার নিয়ম রয়েছে। নতুন ব্যবস্থায় পুরো চাকরিজীবনে এই কারণে সর্বোচ্চ ৫ বার অ্যাডভান্স নেওয়া যেতে পারে।
অর্থাৎ, বিয়ের মতো বড় খরচের সময়ে PF-এর সঞ্চয় ব্যবহার করার সুযোগ থাকছে। তবে সংশ্লিষ্ট নিয়ম মেনে আবেদন করতে হবে।
বাড়ি কেনা, তৈরি বা মেরামতেও PF-এর টাকা তোলা যায়
বাড়ি সংক্রান্ত একাধিক কাজের জন্য PF অ্যাডভান্স নেওয়া যায়। জমি বা বাড়ি কেনা, বাড়ি তৈরি, হোম লোনের কিস্তি পরিশোধ কিংবা বাড়ি মেরামত বা সংস্কারের প্রয়োজনেও এই টাকা ব্যবহার করা যেতে পারে।
এই ধরনের প্রয়োজনে পুরো চাকরিজীবনে সর্বোচ্চ ৫ বার PF অ্যাডভান্স নেওয়ার সুযোগ রয়েছে। ফলে বাড়ি তৈরির মতো বড় আর্থিক প্রয়োজনেও PF কিছুটা সাহায্য করতে পারে।
বিশেষ পরিস্থিতিতে কতবার টাকা তোলা যাবে?
জরুরি বা বিশেষ পরিস্থিতির জন্য PF অ্যাডভান্স নেওয়ার আলাদা ব্যবস্থাও রয়েছে। এই ক্ষেত্রে পুরো চাকরিজীবনে সর্বোচ্চ ২ বার টাকা তোলার সুযোগ দেওয়া হয়েছে।
তবে কোন পরিস্থিতিকে এই শ্রেণির মধ্যে ধরা হবে, তার জন্য EPFO-র নির্দিষ্ট নিয়ম প্রযোজ্য হবে।
PF অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ কত টাকা তোলা সম্ভব?
নতুন নিয়মের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল টাকার পরিমাণ। যোগ্য সদস্য সংশ্লিষ্ট বিভাগের শর্ত পূরণ করলে তাঁর মোট EPF ব্যালেন্সের ৭৫ শতাংশ পর্যন্ত অ্যাডভান্স হিসেবে তুলতে পারবেন।
তবে এর জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। সংশ্লিষ্ট সদস্যকে অন্তত ১২ মাস EPF-এর সদস্য থাকতে হবে। অর্থাৎ, PF অ্যাকাউন্ট খুললেই সঙ্গে সঙ্গে এই সুবিধা পাওয়া যাবে না।
চাকরিজীবীদের জন্য PF মূলত অবসরের সময়ের সঞ্চয়। তাই প্রয়োজনের সময়ে টাকা তোলার সুযোগ থাকলেও অকারণে PF ভেঙে ফেলা ঠিক নয়। বিশেষ করে অবসরের পরের আর্থিক নিরাপত্তার কথা মাথায় রেখে যতটা সম্ভব PF-এর টাকা রেখে দেওয়াই ভাল।