
যাত্রী পরিষেবা আরও উন্নত করতে বড় পদক্ষেপ নিয়েছে পূর্ব রেল। হাওড়া স্টেশনে বাড়ানো হল প্ল্যাটফর্মের সংখ্যা। যাত্রীচাপ কমাতে সোমবার আনুষ্ঠানিকভাবে চালু হল নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্ম।
প্রায় ৬৩৫ মিটার দীর্ঘ এই অত্যাধুনিক প্ল্যাটফর্মটি নির্মাণে প্রায় তিন কোটি টাকা ব্যয় হয়েছে। এটি হাওড়া স্টেশনের অন্যতম বৃহত্তম প্ল্যাটফর্ম, যেখানে ২৪ ও ২৬ কামরার দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনও সহজেই আসা-যাওয়া করতে পারবে।
রেল সূত্রে জানা গিয়েছে, নতুন এই প্ল্যাটফর্ম চালু হওয়ায় হাওড়া স্টেশনের অন্যান্য প্ল্যাটফর্মের ওপর চাপ অনেকটাই কমবে। একই সঙ্গে দীর্ঘ ট্রেন পরিচালনা আরও সহজ হবে এবং ট্রেনের সময়ানুবর্তিতা বজায় রাখতেও এই প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
নতুন প্ল্য়াটফর্ম চালুর ফলে যাত্রীরা কী কী সুবিধা পাবেন?
পূর্ব রেলের তরফে বলা হয়েছে, নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্ম চালু হলে ট্রেন চলাচল আরও মসৃণ হবে এবং প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট উন্নত হবে, ভিড় কমবে এবং ট্রেন হাওড়ায় কোন কোন প্ল্যাটফর্মে দাঁড়াবে, সেক্ষেত্রে আরও একটি অপশন পাওয়া যাবে। প্ল্যাটফর্মে ঢোকা ও বেরোনোর রাস্তা আরও প্রশস্ত হবে। সঠিক সময়ে ট্রেন হাওড়া থেকে ছাড়বে এবং স্টেশনে ট্রেন ঢোকানোর ক্ষেত্রেও দেরি হবে না। পাশাপাশি যাত্রীদের জন্য় ভিড়, ধাক্কাধাক্কি কমে যাবে।
আজ বাতিল করা হয়েছে ১৪টি ট্রেন
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ২৭ জুলাই অর্থাৎ আজ হাওড়ার একাধিক রুটে কমপক্ষে ১৪টি লোকাল ও EMU ট্রেন বাতিল করা হয়েছে। সেই তালিকায় কোন কোন ট্রেন রয়েছে, জানুন
| ট্রেন নম্বর | ট্রেনের নাম | সময় |
| ৩৮৮০১ | হাওড়া – মেদিনীপুর লোকাল | ভোর ৩.০০ |
| ৩৮৭০৩ | হাওড়া – খড়্গপুর লোকাল | ভোর ৩.৩০ |
| ৩৮৮০৩ | হাওড়া – মেদিনীপুর লোকাল | ভোর ৪টে ১০ |
| ৩৮৭০৫ | হাওড়া – খড়্গপুর লোকাল | ভোর ৪টে ১৫ |
| ৩৮৯০৩ | হাওড়া – আমতা লোকাল | ভোর ৪টে ৫৫ |
| ৩৮৮০৫ | হাওড়া – মেদিনীপুর লোকাল | ভোর ৫টা ১৫ |
| ৩৮৩০২ | মেচেদা- হাওড়া লোকাল | ভোর ২টো ৪৫ |
| ৩৮৪০২ | পাঁশকুড়া- হাওড়া লোকাল | ভোর ২টো ৫৫ |
| ৩৮৮০২ | মেদিনীপুর- হাওড়া লোকাল | ভোর ৪টে ১০ |
| ৩৮৭০২ | খড়্গপুর- হাওড়া MEMU | ভোর ২টো ৩০ |
| ৩৮৮০৮ | মেদিনীপুর- হাওড়া লোকাল | ভোর ৬টা ২৫ |
| ৩৮৭০৬ | খড়্গপুর- হাওড়া লোকাল | ভোর ৫টা ১০ |
| ৩৮৯০৪ | আমতা- হাওড়া লোকাল | ভোর ৫টা ১৫ |
| ৩৮৮২২ | মেদিনীপুর - হাওড়া লোকাল | বিকেল ৩.২০ |