
অবশেষে সুখবর আসছে। দীর্ঘ প্রতীক্ষার পর মোদী সরকারের PM কিষান যোজনার টাকা পেতে চলেছেন কৃষকরা। সরকারি ভাবে এই যোজনার ২৩তম কিস্তির টাকা অ্যাকাউন্টে কবে ঢুকবে তা জানিয়ে দেওয়া হয়েছে।
কবে অ্যাকাউন্টে টাকা পাওয়া যাবে?
পিএম কিষাণ যোজনার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্স-এ ২৩তম কিস্তি দেওয়ার আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হয়েছে। PM নরেন্দ্র মোদী ২০ জুন পিএম কিষান যোজনার ২৩ তম কিস্তির টাকা দেবেন।
সরকারের তরফে জানানো হয়েছে, এই অর্থ সরাসরি সুবিধাভোগী কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হবে। এই টাকা তাঁদের কৃষিকাজের চাহিদা মেটাতে সাহায্য করবে। খরিফ শস্য রোপণের সময় কৃষকদের জন্য উপকারী বলে বিবেচিত এই আর্থিক সহায়তা দারুণ ফলপ্রসূ হবে বলে আশা করা হচ্ছে।
বিশেষ বিষয় হল, ২০ জুন পশ্চিমবঙ্গে আসতে চলেছেন প্রধানমন্ত্রী। হুগলির তারকেশ্বর থেকে ২৩তম কিস্তির টাকা ছাড়বেন PM মোদী।
কারা এই টাকা পান?
রাজ্যে BJP ক্ষমতায় আসার পর কেন্দ্রীয় সরকারের অত্যন্ত জনপ্রিয় 'প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা' বাংলায় পুরদমে চালু হবে বলে জানা যাচ্ছে। ভারতীয় নাগরিক, চাষযোগ্য জমির মালিক এবং অর্থনৈতিকভাবে দুর্বল কৃষকেরা এই যোজনার আওতায় আসেন। এই যোজনার আওতায় ২০০০ টাকা করে বছরে মোট তিনবার টাকা দেওয়া হয়। মূলত, সার বা চাষের বীজ কিনতেই এই টাকা দেয় কেন্দ্র সরকার।
প্রসঙ্গত, এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৩ মার্চ অসমের গুয়াহাটি থেকে এই প্রকল্পের ২২তম কিস্তির টাকা রিলিজ করেছিলেন। কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী, এই যোজনার আওতায় ২২টি কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ৪.২৮ লক্ষ কোটি টাকারও বেশি আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বিশেষ বিষয় হল, এই যোজনার আওতায় ২.১৭ কোটিরও বেশি মহিলা সুবিধাভোগীও উপকৃত হয়েছেন। এখন পর্যন্ত শুধুমাত্র মহিলা সুবিধাভোগীদের মধ্যেই ১.১০ লক্ষ কোটি টাকারও বেশি অর্থ দেওয়া হয়েছে।