
ব্যবসা শুরুর জন্য কেন্দ্রীয় সরকারের একাধিক জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে। কিন্তু এর মধ্যে বেশিরভাগই আমজনতা জানেন না। কেন্দ্রীয় সরকারের এমন কিছু প্রকল্প রয়েছে, যেগুলি কাজে লাগিয়ে নিজের ব্যবসা শুরু করা যেতে পারে। তেমনই একটি স্কিম পিএম স্বনিধি যোজনা (PM SVANidhi)। এই প্রকল্পে রাস্তার হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের গ্যারান্টি ছাড়াই ঋণ দেওয়া হয়। ২০২০ সালের ১ জুন এই প্রকল্প চালু করে কেন্দ্রীয় সরকার। সোমবার এ বিষয়ে টুইটও করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, এই প্রকল্প অসংখ্য ক্ষুদ্র ব্যবসায়ীর জীবন বদলে দিয়েছে।
পিএম স্বনিধি প্রকল্পের ছয় বছর পূর্তি উপলক্ষে একটি পোস্ট করেন প্রধানমন্ত্রী মোদী। তিনি লেখেন, 'আজ আমরা #6YearsofPMSVANidhi উদ্যাপন করছি। এই প্রকল্প গ্যারান্টি ছাড়া ঋণ, আর্থিক অন্তর্ভুক্তি এবং উন্নয়নের নতুন সুযোগ তৈরি করে অসংখ্য হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীর জীবন বদলে দিয়েছে। এই উদ্যোগ বিশ্বাস এবং ক্ষমতায়নের ভিত্তির উপর দাঁড়িয়ে রয়েছে। সমস্ত উপভোক্তাকে শুভেচ্ছা, যাঁদের পরিশ্রম ও উদ্যোগ দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করছে।'
ছোট ব্যবসা শুরু করার সুযোগ
নিজের ছোট ব্যবসা শুরু করতে চাইছেন, কিন্তু টাকার অভাবে তা সম্ভব হচ্ছে না? সে ক্ষেত্রে এই সরকারি প্রকল্প সাহায্য করতে পারে। করোনা মহামারির সময়ে যাঁদের ছোট ব্যবসা বন্ধ হয়ে গিয়েছিল, তাঁদের কথা মাথায় রেখেই এই প্রকল্প চালু করা হয়েছিল। সম্প্রতি প্রকল্পের মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। পাশাপাশি ঋণের সর্বোচ্চ সীমাও ৮০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৯০ হাজার টাকা করা হয়েছে।
গ্যারান্টি ছাড়াই ঋণ
পিএম স্বনিধি প্রকল্পের সবচেয়ে বড় সুবিধা হল, এখানে ৯০ হাজার টাকা পর্যন্ত ঋণ পেতে কোনও গ্যারান্টির প্রয়োজন হয় না। তবে এই টাকা একবারে দেওয়া হয় না। তিনটি ধাপে ঋণ দেওয়া হয়। উপভোক্তার ঋণ পরিশোধের রেকর্ডের উপর ভিত্তি করেই পরবর্তী ধাপে বেশি অর্থ মঞ্জুর করা হয়।
কীভাবে ৯০ হাজার টাকা পাবেন?
আবেদন অনুমোদিত হলে প্রথম ধাপে ১৫ হাজার টাকা ঋণ দেওয়া হয়। সেই ঋণ নির্দিষ্ট সময়ে শোধ করলে দ্বিতীয় ধাপে ২৫ হাজার টাকা পাওয়া যায়। দ্বিতীয় কিস্তির ঋণও সময়মতো পরিশোধ করলে তৃতীয় ধাপে ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ মঞ্জুর করা হয়। এই তিন ধাপ মিলিয়েই মোট ৯০ হাজার টাকা পর্যন্ত ঋণ পাওয়া সম্ভব।
শুধু আধার কার্ডেই আবেদন
এই সরকারি ঋণ প্রকল্পে আবেদন করতে অতিরিক্ত কাগজপত্রের প্রয়োজন হয় না। মূলত আধার কার্ড থাকলেই আবেদন করা যায়। কোনও সম্পত্তি বন্ধক রাখতে হয় না। পাশাপাশি ঋণের টাকা সহজ কিস্তিতে পরিশোধ করার সুবিধাও রয়েছে।
কীভাবে আবেদন করবেন?
পিএম স্বনিধি প্রকল্পের জন্য যে কোনও সরকারি ব্যাঙ্কে আবেদন করা যায়। নির্দিষ্ট আবেদনপত্র সংগ্রহ করে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। সঙ্গে আধার কার্ডের প্রতিলিপি জমা দিতে হবে। ব্যাঙ্ক কর্তৃপক্ষ তথ্য যাচাই করার পর ঋণ অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন করে।