
Safe investment schemes India: পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট (FD) ও রেকারিং ডিপোজিট (RD) দু'টিই বেশ জনপ্রিয়। সরকারি হওয়ায় এই দুই সঞ্চয় প্রকল্পেই নির্দিষ্ট ও ঝুঁকিমুক্ত রিটার্নের গ্যারান্টি থাকে। নিয়মিত মাসিক সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে RD সেরা। আবারা এককালীন বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করতে চাইলে FD-ই বেশি উপযোগী। এমনটাই জানাচ্ছেন আর্থিক পরামর্শদাতারা। আর সেই কারণেই ভারতে নিরাপদ বিনিয়োগের কথা উঠলেই পোস্ট অফিসের সঞ্চয় প্রকল্পগুলির নামই সবার প্রথমে মাথায় আসে। বিশেষত মধ্যবিত্ত ও ছোট বিনিয়োগকারীদের কাছে RD ও FD আজও সমান জনপ্রিয়। আসুন এক নজরে এই দুই স্কিমের বৈশিষ্ট্য, সুবিধা এবং পার্থক্য বুঝে নেওয়া যাক।
পোস্ট অফিস রেকারিং ডিপোজিট (RD)
পোস্ট অফিস RD পাঁচ বছরের সঞ্চয় প্রকল্প, যেখানে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা করতে হয়। যারা নিয়মিত সঞ্চয়ের অভ্যাস তৈরি করতে চান, তাদের জন্য এটি আদর্শ বলে ধরা হয়। এই প্রকল্পে সুদ ত্রৈমাসিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হারে গণনা করা হয় এবং মেয়াদ শেষে একসঙ্গে দেওয়া হয়। ফলে সময়ের সঙ্গে মূলধন ধীরে ধীরে বাড়তে থাকে।
এই প্রকল্পে মাসিক জমা মাত্র ১০০ টাকা থেকে শুরু করা যায়। তিন বছর পরে আংশিক টাকা তোলার সুযোগ রয়েছে, যা জরুরি পরিস্থিতিতে সহায়ক হতে পারে। জমাকৃত অর্থের ৫০ শতাংশ পর্যন্ত ঋণের সুবিধাও পাওয়া যায়। পাশাপাশি অ্যাকাউন্ট ট্রান্সফার ও নমিনেশন সুবিধাও রয়েছে।
RD অ্যাকাউন্ট একক, যৌথ এবং নাবালক; এই তিন ধরনের হতে পারে। একক বিনিয়োগকারী, পরিবার বা সন্তানের ভবিষ্যৎ সঞ্চয়ের জন্য এই বিকল্পগুলি ব্যবহার করা যায়। কম জমা দিয়ে সঞ্চয় শুরু করা যায় বলে এটি সব আয়ের মানুষের কাছে সহজলভ্য। দীর্ঘমেয়াদি সম্পদ গঠনের ক্ষেত্রেও RD কার্যকর।
পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট (FD)
পোস্ট অফিস FD বা টাইম ডিপোজিট এমন একটি প্রকল্প, যেখানে একবারে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা করে ১ থেকে ৫ বছর পর্যন্ত নির্দিষ্ট সুদে রিটার্ন পাওয়া যায়। সুদ বার্ষিক ভিত্তিতে গণনা ও প্রদান করা হয়। যাদের কাছে অতিরিক্ত অর্থ রয়েছে এবং নিরাপদ বিনিয়োগের মাধ্যমে নির্দিষ্ট আয় চান, তাদের জন্য FD উপযুক্ত।
এই প্রকল্পে ন্যূনতম জমা ১,০০০ টাকা এবং বিনিয়োগের কোনও সর্বোচ্চ সীমা নেই। ছয় মাস পরে আগাম টাকা তোলার সুবিধা রয়েছে। স্বয়ংক্রিয় নবীকরণ ও নমিনেশন সুবিধাও এতে যুক্ত। নির্দিষ্ট সময়ের জন্য স্থিতিশীল রিটার্ন পাওয়ার কারণে অনেক পরিবার এই প্রকল্পকে নিরাপদ সঞ্চয়ের মাধ্যম হিসেবে বেছে নেয়।
কোনটি বেশি ভাল?
আর্থিক বিশেষজ্ঞদের মতে, RD ও FD; দু’টি প্রকল্পের লক্ষ্য আলাদা। এককালীন অর্থ বিনিয়োগ করতে চাইলে FD ভাল বিকল্প। অন্য দিকে মাসিক সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে RD কার্যকর। দু’টি ক্ষেত্রেই ঝুঁকি কম এবং নির্দিষ্ট রিটার্নের নিশ্চয়তা থাকে। ফলে বিনিয়োগের আগে নিজের আর্থিক লক্ষ্য, আয়ের ধরন এবং সঞ্চয়ের পরিকল্পনা বুঝে সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
দ্রষ্টব্য: শেয়ার, বিনিয়োগ সংক্রান্ত প্রতিবেদনগুলি বাজার পর্যবেক্ষণ মাত্র। এগুলি বিনিয়োগের পরামর্শ নয়। বাজারে বিনিয়োগের আগে অবশ্যই পড়াশোনা করুন এবং বিশেষজ্ঞের সাহায্য গ্রহণ করুন।