
যতই আয় করুন না কেন সঞ্চয় ঠিকমতো না করলে ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। তাই সকলেই এমন কোনও জায়গায় বিনিয়োগ করতে চান, যেখানে টাকা থাকবে নিরাপদ আর বিনিয়োগের ওপর নিয়মিত আয়ও হবে। তাহলে পোস্ট অফিসের স্মল সেভিংস স্কিম আপনার এই প্রয়োজন মেটাতে পারে। এর মধ্যে রয়েছে পোস্ট অফিস মাসিক আয় স্কিম (Post Office Monthly Income Scheme বা MIS), যেখানে একবার টাকা বিনিয়োগ করলেই প্রতি মাসে নিয়মিত আয়ের সুবিধা পাওয়া যায়।
ঝুঁকি নেই
পোস্ট অফিস পরিচালিত স্মল সেভিংস স্কিমগুলির জনপ্রিয়তা গত কয়েক বছরে দ্রুত বেড়েছে। এর অন্যতম কারণ হল, এই স্কিমগুলোতে করা বিনিয়োগের নিরাপত্তার দায়িত্ব সরকারের। অর্থাৎ, পোস্ট অফিসের এই স্কিমগুলিকে কার্যত জিরো রিস্ক স্কিম (Zero Risk Scheme) হিসেবে ধরা হয়।
অবসরপ্রাপ্তদের জন্য সেরা স্কিম
পোস্ট অফিস MIS স্কিম বিশেষ করে অবসরপ্রাপ্ত এবং সেই সমস্ত মানুষের কাছে জনপ্রিয়, যাঁরা বাজারের ঝুঁকি ছাড়াই নিয়মিত আয় চান। এই স্কিমে এককালীন টাকা বিনিয়োগ করে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত প্রতি মাসে সুদের টাকা পাওয়া যায়। ফলে অবসরের পর নিয়মিত আয়ের একটি উৎস হিসেবে এই স্কিমটি কাজে আসতে পারে।
জেনে নিন সুদের হার
পোস্ট অফিসের মাসিক আয় স্কিমে বর্তমানে বছরে ৭.৪ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। এই বিনিয়োগের উপর পাওয়া সুদের টাকা মাসিক ভিত্তিতে নেওয়া যায়। অর্থাৎ, প্রতি মাসেই নিয়মিত আয়ের সুযোগ রয়েছে। এই সরকারি স্কিমে মাত্র ১,০০০ টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা যায়। পাশাপাশি জয়েন্ট অ্যাকাউন্ট খোলার সুবিধাও রয়েছে।
মেয়াদ কতদিনের
পোস্ট অফিসের এই মাসিক আয় প্রদানকারী MIS স্কিমে বিনিয়োগের সর্বনিম্ন ও সর্বোচ্চ সীমা নির্ধারিত রয়েছে। একজন ব্যক্তি সিঙ্গল অ্যাকাউন্টে এককালীন সর্বোচ্চ ৯ লক্ষ টাকা জমা করতে পারেন। অন্যদিকে, জয়েন্ট অ্যাকাউন্টে এককালীন সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। বিনিয়োগের পর থেকেই নিয়ম অনুযায়ী সুদের টাকা পাওয়া শুরু হবে। এই স্কিমের ম্যাচিউরিটির মেয়াদ ৫ বছর।
প্রতি মাসে কীভাবে ৫,৫৫০ টাকা আয় হবে?
পোস্ট অফিসের এই স্কিমে প্রতি মাসে কত টাকা আয় হবে, তার হিসেব করা খুবই সহজ। Post Office MIS Calculator অনুযায়ী, কোনও বিনিয়োগকারী যদি জয়েন্ট অ্যাকাউন্ট খুলে এককালীন ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে ৭.৪ শতাংশ সুদের হারে প্রতি মাসে ৯,২৫০ টাকা করে ৫ বছর পর্যন্ত পাওয়া যাবে। অন্যদিকে, কোনও ব্যক্তি যদি সিঙ্গল অ্যাকাউন্টে সর্বোচ্চ ৯ লক্ষ টাকা এককালীন বিনিয়োগ করেন, তাহলে ৭.৪ শতাংশ সুদের হারে প্রতি মাসে ৫,৫৫০ টাকা আয় হবে।
মেয়াদ শেষের আগে অ্যাকাউন্ট বন্ধ হলে কী হবে
পোস্ট অফিস মাসিক আয় স্কিমে সুদের টাকা মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক অথবা বার্ষিক ভিত্তিতেও নেওয়ার সুযোগ রয়েছে। তবে মনে রাখতে হবে, সম্পূর্ণ সুবিধা পেতে হলে নির্ধারিত ম্যাচিউরিটি পর্যন্ত স্কিমটি চালিয়ে যাওয়াই ভালো। সরকারি নিয়ম অনুযায়ী, অ্যাকাউন্ট খোলার ১ থেকে ৩ বছরের মধ্যে বন্ধ করলে মূলধনের উপর ২ শতাংশ টাকা কেটে নেওয়া হবে। আর ৩ থেকে ৫ বছরের মধ্যে অ্যাকাউন্ট বন্ধ করলে মূলধনের ১ শতাংশ কেটে নেওয়া হবে।