
নিত্যদিন যাতায়াতের জন্য ভারতীয় রেলের মান্থলির উপর নির্ভরশীল অনেকে। এর থেকে সস্তায় আর কোনওভাবেই যাতায়াত করা সম্ভব নয়। আর কিছু বছর আগেও রেলের মান্থলি কাটার জন্য কাউন্টারের উপর নির্ভর করতে হতো। কিন্তু কয়েক বছর ধরে মোবাইল অ্যাপ চলে আসার ফলে অনলাইনেই কাটা যায় মান্থলি। তাতে অবশ্য ঝামেলা কিছুটা কমেছে। কিন্তু মুশকিল হল, এতদিন অ্যাপের মাধ্যমে অন্যের জন্য মান্থলি কাটা যেতে না। তবে বর্তমানে এই সমস্যার সমাধান করল ভারতীয় রেল। এখন থেকে রেলওয়ান অ্যাপের মাধ্যমে নিজের পরিবার বা পরিচিতের মান্থলি কাটতে পারবেন। এমনটাই জানিয়েছে ভারতীয় রেল।
নতুন অ্যাপ রেলওয়ান
বেশ কিছুদিন হল রেলওয়ান নামে একটি অ্যাপ সামনে এনেছে ভারতীয় রেল। এই অ্যাপটি সেরার সেরা। এর মাধ্যমে লোকাল থেকে শুরু করে এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটা যায়। এমনকী মান্থলি টিকিটও কাটা যায় এর মাধ্যমে। সেই কারণেই এই অ্যাপের জনপ্রিয়তা এখন তুঙ্গে।
যদিও মুশকিল হল, একটু বেশি বয়সী মানুষের ক্ষেত্রে রেলওয়ানে মান্থলি কাটা বেশ কঠিন কাজ। তাই তাঁদের অগত্যা স্টেশনে কাউন্টারে লাইন দিয়েই টিকিট কাটতে হতো। যদিও এই সমস্যার এবার সমাধান করল ভারতীয় রেল। এখন থেকে অন্য কোনও ব্যক্তিও অ্যাপে এঁদের জন্য মান্থলি কেটে দিতে পারবেন।
কবে থেকে চালু হয়েছে নিয়ম?
এই নতুন নিয়ম চালু হয়েছে চলতি মাসেই। এবার থেকে একজন রেজিস্টার্ড ব্যবহারকারী নিজের পাশাপাশি আরও সর্বোচ্চ ৫ জনের সিজন টিকিট বা মান্থলি কাটতে পারবেন।
রয়েছে বেশ কিছু নিয়ম
রেলওয়ানে অন্যের জন্য মান্থলি কাটার জন্য বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। সেক্ষেত্রে সবার প্রথমে যিনি টিকিট কাটছেন, তাঁকে জিও ভেরিফিকেশন করতে হবে। তারপরই কাটা যাবে টিকিট।
অন্যের জন্য টিকিট কাটতে চাইলে রেজিস্টার্ড ব্যক্তির বয়স অন্তত ১৮ হতে হবে। আর ৫ বছরের কম বয়সীর জন্য মান্থলি কাটা যাবে না।
এছাড়া অন্যের জন্য মান্থলি কাটলে টিকিটটি সেই দিন থেকে ভ্যালিড হবে না। পরের দিন থেকেই ভ্যালিড হবে বলে জানা যাচ্ছে। তাই টিকিট কাটার সময় তারিখ মাথায় রাখতে হবে।
আর মান্থলি কেটে সেকেন্ড ক্লাস জেনারেল কোচেই উঠবে। রিজার্ভড কোচে মান্থলি নিয়ে ওঠা যাবে না। তাতে ফাইন দিতে হতে পারে।