
ট্রেনে জানলার পাশে বসে আয়েশ করে ঝালমুড়ি খাচ্ছেন বা মাটির ভাড়ে চায়ে চুমুক দিলেন...কিন্তু এরপর। সেই ঝালমুড়ির মোড়ক বা খালি চায়ের কাপ আপনি কোথায় ফেলেছিলেন? স্টেশনে বা রেল ট্র্যাকে, অথবা ট্রেনের মধ্যেই কি? যদি উত্তর হ্যাঁ হয়, তবে এবার এই বদ অভ্যাস দূর করার সময় এসে গিয়েছে। কারণ, ট্র্যাক ও স্টেশনকে আবর্জনামুক্ত রাখতে টানা চেষ্টা চালিয়ে যাচ্ছে রেল। তার আওতায় এবার ট্রেনে ময়লা ফেললে মোটা টাকা জরিমানা দিতে হতে পারে দোষী ব্যক্তিকে।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ভারতীয় রেলওয়েতে আবর্জনা ফেলা শাস্তিযোগ্য অপরাধ। যাত্রীদের আবর্জনা ফেলা, থুতু ফেলা বা পরিবেশ অস্বাস্থ্যকর করার জন্য জরিমানা করা হতে পারে। এই ধরনের অপরাধের জন্য জরিমানা সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত হতে পারে। যদিও এই নিয়ম আগেও ছিল। কিন্তু যাত্রী সচেতনতা বৃদ্ধি করতে ফের উদ্যোগী পূর্ব রেল।
তবে ভারতীয় রেলের পরিসর কিন্তু শুধুমাত্র ট্রেনের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং লওয়ের সমগ্র এলাকা জুড়ে প্রযোজ্য, যার মধ্যে স্টেশন, প্ল্যাটফর্ম ও ট্র্যাকও পড়ছে। এই এলাকাগুলিতে আবর্জনা ফেলা, থুতু ফেলা, প্রস্রাব/মলত্যাগ করা বা কাপড়/বাসন ধোয়া সম্পূর্ণ নিষিদ্ধ।
রেলের তরফে RPF বা অনুমোদিত কর্মীরা পরিচ্ছন্নতা সংক্রান্ত নিয়ম ভঙ্গের জন্য জরিমানা আরোপ করতে পারবে। এছাড়াও, রেলের তরফে অনুমোদিত বিক্রেতা ও ক্যাটারারদের ডাস্টবিন রাখা বাধ্যতামূলক করা হয়েছে। যদি বিক্রেতারা এই নিয়ম না মানেন, তবে তাঁদেরকেও জরিমানা করা হয়।
পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রী মিলিন্দ দেওস্কর বলেছেন, সব রেল ব্যবহারকারীদের উচিত রেলওয়ের এই উদ্যোগে সক্রিয়ভাবে সহযোগিতা করা এবং রেল পরিসর ও রেললাইনকে আবর্জনামুক্ত রাখতে একযোগে এগিয়ে আসা।