Advertisement

Plastic Notes Vs Paper Note: এবার ১০, ২০ টাকার কাগজের নোট বাতিল হবে? প্লাস্টিকের নোট নিয়ে যা প্ল্যান সরকারের...

আসছে প্লাস্টিকের নোট। এবার কি বাতিল হবে ১০, ২০ টাকার কাগজের নোট? কী প্ল্যান সরকারের? জেনে নিন।

প্লাস্টিকের নোট এলে পেপার নোট বাতিল?প্লাস্টিকের নোট এলে পেপার নোট বাতিল?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Aug 2026,
  • अपडेटेड 10:20 AM IST
  • আসছে প্লাস্টিকের নোট
  • এবার কি বাতিল হবে ১০, ২০ টাকার কাগজের নোট?
  • কী প্ল্যান সরকারের?

আসছে প্লাস্টিকের নোট। প্রথম পর্যায়ে ১০ এবং ২০ টাকার প্লাস্টিক বা পলিমার কারেন্সি নোট বাজারে আনা হবে। সেই মতো শুরু হবে ফ্রি ট্রায়াল। ইতিমধ্যেই ভারতের রিজার্ভ ব্যাঙ্ক এই নোটের অনুমোদন দিয়েছে। এমনকী ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার। আর এই খবর সামনে আসার পরই অনেকের মনে প্রশ্ন, তাহলে এবার কি বাতিল হয়ে যাবে কাগজের ১০ বা ২০ টাকার নোট? প্লাস্টিকের নোটই এখন থেকে ব্যবহার করতে হবে? আর সেই প্রশ্নের উত্তর ইতিমধ্যেই সামনে এসেছে। 

সংসদে ঠিক কী জানিয়েছে কেন্দ্রীয় সরকার? 
প্লাস্টিকের ১০, ২০ টাকার নোট ফিল্ড ট্রায়ালের জন্য অনুমতি দেওয়া হয়েছে। এক্ষেত্রে ১০০ কোটি টাকার নোট ফিল্ড ট্রায়ালের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। রাজ্যসভায় বিষয়টা নিয়ে লিখিত জবাব দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি জানিয়েছেন, আরবিআই-এর কেন্দ্রীয় বোর্ডের সুপারিশের কথা মাথায় রেখেই আরবিআই অ্যাক্ট, ১৯৩৪-এর ২৫ নম্বপ ধারায় এই অনুমোদন দেওয়া হয়েছে। 

কেন প্লাস্টিকের নোট আনছে সরকার? 
এই বিষয়টা ইতিমধ্যেই স্পষ্ট করে দেওয়া হয়েছে। এর মূল কারণ হল নোটের স্থায়ীত্ব। কাগজের নোটের তুলনায় এই নোট অনেক বেশি টেকসই। এটা অনেক দিন ভাল থাকে। ব্যবহার যোগ্য থাকে। সেখানে কাগজের নোট খুব তাড়াতাড়ি ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়। জলে ভিজে যায় এই সব নোট। আর এই সমস্যা সমাধানেই প্লাস্টিকের নোট আনতে চাইছে সরকার। 

শুধু তাই নয়, কাগজের নোটের তুলনায় এই নোটে সিকিউরিটি ফিচার থাকবে অনেক বেশি। যেই কারণে এই নোট জাল করা বেশ কঠিন হবে বলে মত বিশেষজ্ঞদের। 

এবার কাগজের নোট বাতিল? 
বাজারে আসছে প্লাস্টিকের নোট। এমন পরিস্থিতিতে অনেকেরই প্রশ্ন, এবার কি কাগজের ১০-২০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়া হবে? তার জায়গা নেবে প্লাস্টিকের নোট? আর সেই প্রশ্নের উত্তরটা কিছুদিন আগেই দিয়ে দিয়েছে আরবিআই। তারা জানিয়েছিল, এমন কোনও পরিকল্পনা তাদের নেই। যার সহজ অর্থ করলে দাঁড়ায়, কাগজের নোট এবং প্লাস্টিকের নোট, দু'টোই একসঙ্গে চালু থাকবে। ১০-২০ টাকার কাগজের নোট যেমন থাকবে সচল, ঠিক তেমনই প্লাস্টিকের নোটেও কাজ হবে। কোনওটাই বন্ধ করা হবে না। তাই এখনই নোট বাতিলের চিন্তা থেকে দূর করে দিন। 

Advertisement

কবে চালু হবে? 
এই বিষয়টা নিয়ে কিছুদিন আগেই মুখ খুলেছিলেন আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা। তিনি দাবি করেছিলেন, ২০২৮ অর্থবর্ষের শুরুর দিকে পলিমার কারেন্সি নোট বা প্লাস্টিক নোট চালু করার টার্গেট নেওয়া হয়েছে। তাঁর কথা ধরলে বলা যায়, মোটামুটি ২০২৭ সালের এপ্রিল মাস নাগাদ দেশে প্লাস্টিক নোট চালু হতে পারে বলে ধরে নেওয়া যায়। তবে তার জন্য কাগজের নোট বাতিল হবে না।   

 

Read more!
Advertisement
Advertisement