Advertisement

8th Pay Commission for Retired Employees: অষ্টম বেতন কমিশন লাগুর আগেই রিটায়ার হলে কী হবে? এরিয়ার ও পেনশনের নিয়ম রইল

কেন্দ্রীয় সরকার ২০২৫ সালের জানুয়ারিতে অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা করেছিল। এরপর ওই বছরেই ২৮ অক্টোবর কেন্দ্রীয় মন্ত্রিসভা ট্রান্স অফ রেফারেন্স (ToR) মঞ্জুরি দেয়। ২০২৫ সালের ৩ নভেম্বর কমিশন গঠন করা হয়। অষ্টম বেতন কমিশনকে তাদের সুপারিশ রিপোর্ট জমা করার জন্য ১৮ মাসের সময় দেওয়া হয়েছে।

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 11 Nov 2026,
  • अपडेटेड 10:19 AM IST
  • ২০২৬ সালের ১ জানুয়ারি তারিখটি কেন চর্চায়?
  • অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার আগে অবসর নিলে কি বকেয়া পাওয়া যাবে?
  • অবসরের পর কি পেনশন বাড়তে পারে?

অষ্টম বেতন কমিশন (8th Pay Commission)-এর জন্য অধীর অপেক্ষা করছেন কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীরা। কেন্দ্রের বহু কর্মী রয়েছেন, যাঁরা শীঘ্রই অবসর নিতে চলেছেন। এমন হতেই পারে, অষ্টম বেতন কমিশন লাগু হওয়ার আগেই তাঁদের অবসর গ্রহণের সময় হয়ে যাবে। এহেন পরিস্থিতিতে ওই সব কর্মীদের মনে বড় প্রশ্ন হল, তাঁরাও কি অষ্টম বেতন কমিশনের বর্ধিত মাইনে ও এরিয়ার পাবেন? অবসরের পরে কি পেনশনও বেড়ে যাবে?

যদি অষ্টম বেতন কমিশনের সুপারিশ লাগু হওয়ার আগেই কোনও কর্মী অবসর নেন, তা হলেও ওই কর্মীরা নয়া বেতম কমিশনে লাভবান হতে পারেন। কিন্তু কে কত টাকা পাবেন, তা নির্ভর করছে সংশ্লিষ্ট কর্মীর অবসরের তারিখ ও মাসের উপরে। 

২০২৬ সালের ১ জানুয়ারি তারিখটি কেন চর্চায়?

কেন্দ্রীয় সরকার ২০২৫ সালের জানুয়ারিতে অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা করেছিল। এরপর ওই বছরেই ২৮ অক্টোবর কেন্দ্রীয় মন্ত্রিসভা ট্রান্স অফ রেফারেন্স (ToR) মঞ্জুরি দেয়। ২০২৫ সালের ৩ নভেম্বর কমিশন গঠন করা হয়। অষ্টম বেতন কমিশনকে তাদের সুপারিশ রিপোর্ট জমা করার জন্য ১৮ মাসের সময় দেওয়া হয়েছে। অষ্টম বেতন কমিশন গঠনের একবছর পূর্তি হয়েছে গত ৩ নভেম্বর। 
এই কমিশনের অধ্যক্ষ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই, আইআআইএম বেঙ্গালুরুর অধ্যাপক পঙ্কজ জৈনি ও অন্যান্য আধিকারিকরাও রয়েছেন।

পূর্ববর্তী বেতন কমিশনগুলির ধাঁচ অনুসারে, নতুন বেতন ব্যবস্থা কার্যকর হওয়ার সম্ভাব্য তারিখ হিসেবে ১ জানুয়ারি, ২০২৬ বিবেচনা করা হচ্ছে। তবে সরকার এখনও এই চূড়ান্ত বাস্তবায়নের তারিখ ঘোষণা করেনি। অর্থমন্ত্রক ২০২৬ সালের অগাস্টে লোকসভাকে জানিয়েছে, অষ্টম বেতন কমিশন এখনও সরকারের কাছে তাদের সুপারিশ জমা দেয়নি। তাই নতুন বেতন ও পেনশনের বাস্তবায়নের তারিখ বর্তমানে অনিশ্চিত।

অষ্টম বেতন কমিশন নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে যাঁরা আগামী কয়েক বছরের মধ্যে অবসর নিতে চলেছেন, তাঁদের মনে একাধিক প্রশ্ন রয়েছে। নতুন বেতন কমিশন কার্যকর হওয়ার আগেই যদি কেউ অবসর গ্রহণ করেন, তা হলে কি তিনি বেতন বৃদ্ধির বকেয়া টাকা পাবেন? অবসরের পর কি তাঁর পেনশন বাড়বে? নাকি নতুন বেতন কমিশনের সুবিধা থেকে বঞ্চিত হবেন তিনি?

Advertisement

এই প্রশ্নগুলির উত্তর নির্ভর করছে সরকার অষ্টম বেতন কমিশনের সুপারিশ কবে থেকে কার্যকর করছে এবং চূড়ান্ত নির্দেশিকায় কী কী শর্ত রাখা হচ্ছে, তার উপর।

অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার আগে অবসর নিলে কি বকেয়া পাওয়া যাবে?

ধরা যাক, কোনও কেন্দ্রীয় সরকারি কর্মচারী ২০২৭ সালে অবসর গ্রহণ করলেন। পরে সরকার যদি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করে, তা হলে ওই কর্মচারী ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে অবসরের দিন পর্যন্ত সময়ের বেতন বকেয়া পাওয়ার যোগ্য হতে পারেন। কারণ, বকেয়া পাওয়ার ক্ষেত্রে নতুন বেতন অ্যাকাউন্টে জমা হওয়ার তারিখই একমাত্র বিষয় নয়। সরকার যদি পূর্ববর্তী কোনও তারিখ থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করে, তা হলে সেই সময়ের মধ্যে যাঁরা চাকরিতে ছিলেন, তাঁরা সংশ্লিষ্ট সময়ের বেতন পার্থক্য পাওয়ার যোগ্য হতে পারেন। অর্থাৎ নতুন বেতন কমিশন কার্যকর হওয়ার আগেই অবসর নিলেই যে কোনও কর্মচারী বকেয়া থেকে বঞ্চিত হবেন, এমনটা নয়। তবে বিষয়টি সম্পূর্ণ নির্ভর করবে সরকারের চূড়ান্ত নির্দেশিকার উপর।

অবসরের পর কি পেনশন বাড়তে পারে?

অষ্টম বেতন কমিশনের সুবিধা শুধু কর্মরত কর্মচারীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে কি না, সেটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাধারণত নতুন বেতন কমিশনের আওতায় পেনশন সংশোধনের বিষয়টিও বিবেচনা করা হয়। ফলে ইতিমধ্যে অবসর নেওয়া পেনশনভোগীরাও নতুন পেনশন কাঠামোর সুবিধা পেতে পারেন। সরকার যদি নতুন নিয়মে পুরনো পেনশনভোগীদের পেনশন সংশোধনের সিদ্ধান্ত নেয়, তা হলে তাঁদের মাসিক পেনশনের পরিমাণ বাড়তে পারে।

এ ক্ষেত্রে একটি বিষয় মনে রাখা দরকার। অবসরের পর কোনও কর্মচারী আর চাকরিতে থাকেন না। তাই তিনি নতুন বেতন কাঠামোর আওতায় বেতন বৃদ্ধির বকেয়া পাবেন না। পরিবর্তে তাঁর ক্ষেত্রে প্রযোজ্য হবে সংশোধিত পেনশন। সরকার যদি পূর্ববর্তী কোনও তারিখ থেকে নতুন পেনশন কার্যকর করে, তা হলে পুরনো পেনশন এবং সংশোধিত পেনশনের মধ্যে যে পার্থক্য তৈরি হবে, সেই টাকাও বকেয়া হিসেবে পাওয়ার সুযোগ থাকতে পারে।

বেতন ও পেনশনের বকেয়া কীভাবে হিসেব হবে?

কর্মরত কর্মচারী এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের বকেয়া হিসাব করার পদ্ধতি আলাদা।
- কর্মরত কর্মচারীদের ক্ষেত্রে: নির্দিষ্ট সময়ের পুরনো বেতন এবং সংশোধিত বেতনের মধ্যে যে পার্থক্য তৈরি হবে, তা হিসাব করা হবে। নিয়ম অনুযায়ী অন্যান্য প্রযোজ্য ভাতার বিষয়টিও বিবেচনা করা হতে পারে।
- অবসরপ্রাপ্ত কর্মচারীদের ক্ষেত্রে: পুরনো পেনশন এবং সংশোধিত পেনশনের মধ্যে পার্থক্য হিসাব করা হবে। নতুন পেনশন যদি পূর্ববর্তী কোনও তারিখ থেকে কার্যকর হয়, তা হলে সংশ্লিষ্ট সময়ের পেনশনের বকেয়াও পাওয়া যেতে পারে।
তবে বকেয়া কত টাকা হবে এবং কীভাবে তা দেওয়া হবে, তা নির্ধারণ করবে সরকারের চূড়ান্ত নিয়ম।

অবসরের আগে কোন বিষয়গুলি মাথায় রাখা জরুরি?

যাঁরা আগামী দিনে অবসর নেওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের তিনটি বিষয় বিশেষভাবে নজরে রাখা দরকার। প্রথমত, অষ্টম বেতন কমিশনের সুপারিশ কবে থেকে কার্যকর হচ্ছে। দ্বিতীয়ত, ইতিমধ্যে অবসর নেওয়া কর্মচারীদের নতুন পেনশন কাঠামোর আওতায় আনা হচ্ছে কি না। তৃতীয়ত, বকেয়া টাকা দেওয়ার ক্ষেত্রে সরকার কী নিয়ম তৈরি করছে।

Read more!
Advertisement
Advertisement