
রয়্যাল এনফিল্ডের বাইক কেনার স্বপ্ন দেখেন অনেকেই। কিন্তু দাম যথেষ্ট বেশি। ফলে এখনও অনেক মধ্যবিত্তের কাছে এই মোটরসাইকেল এখনও নাগালের বাইরে। এবার সেই ছবিই বদলাতে পারে। জল্পনা, ২৫০ সিসির নতুন মোটরসাইকেল নিয়ে বাজারে আসার প্রস্তুতি নিচ্ছে রয়্যাল এনফিল্ড। সব কিছু পরিকল্পনামাফিক এগোলে ২০২৭ সালেই এই নতুন বাইক রিলিজ করতে পারে Royal Enfield। আর তা বাজারে এলে সংস্থার সবচেয়ে সস্তার মোটরসাইকেল হতে পারে।
নতুন বাইকে কী থাকছে?
বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, নতুন ২৫০ সিসির বাইকটি সম্পূর্ণ নতুন প্ল্যাটফর্মের উপর তৈরি হতে পারে। ইঞ্জিনের ক্ষেত্রে হান্টার ৩৫০-এর প্রযুক্তি থেকে অনুপ্রেরণা নেওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে বাইকের ইঞ্জিন, ডিজাইন কিংবা প্রযুক্তি নিয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি সংস্থা। ফলে এখনই এর নির্দিষ্ট স্পেসিফিকেশন সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
এর আগে রয়্যাল এনফিল্ডের ২৫০ সিসির বাইক তৈরির সম্ভাবনা নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে। সম্প্রতি সেই জল্পনা ফের সামনে এসেছে। এই উদ্যোগের পিছনে রয়েছে তুলনামূলক কম দামের মোটরসাইকেলের বাজার ধরার পরিকল্পনা। বিশেষ করে যাঁরা প্রথমবার রয়্যাল এনফিল্ড কিনতে চান, তাঁদের কাছে নতুন মডেলটি আকর্ষণীয় হয়ে উঠতে পারে।
হান্টার ৩৫০-এর থেকেও কম দাম?
বর্তমানে রয়্যাল এনফিল্ডের সবচেয়ে সস্তার মোটরসাইকেল হান্টার ৩৫০। এর এক্স-শোরুম দাম শুরু প্রায় ১.৫২ লক্ষ টাকা থেকে। নতুন ২৫০ সিসির বাইক বাজারে এলে তার দাম হান্টারের তুলনায় কম রাখা হতে পারে। ফলে কম বাজেটের ক্রেতাদের কাছে সংস্থার মোটরসাইকেল আরও সহজলভ্য হবে।
এখানেই শেষ নয়। ২৫০ সিসির সেগমেন্টে বাজাজ ও হিরোর মতো সংস্থাগুলির উপস্থিতিও বাড়ছে। ফলে এই বাজারে প্রতিযোগিতা ক্রমশ তীব্র হচ্ছে। রয়্যাল এনফিল্ডও তুলনামূলক কম দামের বাইক এনে সেই প্রতিযোগিতায় জায়গা করে নিতে চাইতে পারে। সহজে ঋণ পাওয়ার সুবিধা এবং বড় বাইকের প্রতি ক্রেতাদের আগ্রহও এই সিদ্ধান্তের পিছনে কাজ করতে পারে।
কবে বাজারে আসতে পারে?
লেটেস্ট রিপোর্ট বলছে, ২০২৭ সালে বাইকটি লঞ্চ হতে পারে। তবে রয়্যাল এনফিল্ডের তরফে এখনও অফিসিয়ালি কিছু ঘোষণা করেনি। দাম, মাইলেজ, ইঞ্জিনের ক্ষমতা কিংবা লঞ্চের নির্দিষ্ট তারিখ; কোনও বিষয়েই নিশ্চিত তথ্য নেই। তাই আপাতত সংস্থার অফিসিয়াল ঘোষণার জন্যই অপেক্ষা করতে হবে।