
নভেম্বর মাস পড়তেই বেশ কিছু পরিবর্তন এসেছে। ১ নভেম্বর থেকেই কার্যকর হয়েছে বড় বদলগুলি। যা লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করছে। এই তালিকায় রয়েছে মোবাইলে কলিং নেম প্রেজেন্টেশন, ব্যবসা প্রতিষ্ঠানগুলির GST, হাইওয়ে চালকদের টোল ট্যাক্স পাস ইত্যাদি।
১৫০০ টাকায় টোল ট্যাক্স
প্রথম পরিবর্তন হল কেন্দ্রীয় সরকারের টোল ট্যাক্স পাস সংক্রান্ত নিয়মের পরিবর্তন। এর ফলে টোল প্লাজার নিকটবর্তী বাসিন্দাদের জন্য একটি নতুন টোল পাস চালু হচ্ছে। যার বার্ষিক মূল্য ১৫০০ টাকা। টোল প্লাজার ২০ কিলেমিটারের মধ্যে বসবাসকারী ব্যক্তিগত গাড়ির মালিকরা এই পাসটি ব্যবহার করতে পারবেন।
GST সংক্রান্ত পরিবর্তন
GST-র নিয়ম পরিবর্তনটি ব্যবসায়ী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বস্তি দিতে পারে। ট্যাক্স রিফান্ডে দেরি কমাতে এবং ব্যবসায়ীদের উপর নথিপত্রের বোঝা কমাতে কিছু ক্ষেত্রে রিফান্ডের স্বয়ংক্রিয় অনুমোদনের একটি ব্যবস্থা চালু করা হতে পারে। ৫ কোটি টাকার কম বার্ষিক টার্নওভাবের ব্যবসায়ীদের জন্য একটি নতুন রিটার্ন ব্যবস্থা চালু করা হবে। যারা সরাসরি গ্রাহকদের কাছে পণ্য বা পরিষেবা সরবারহ করেন।
কলিং নেম প্রেজেন্টেশন
কলার নেম প্রেজেন্টেশন নামে একটি নতুন নিয়ম ভারতে কার্যকর হল। ভারত সরকারের ডিপার্টমেন্ট অফ টেলিকমের নির্দেশিকা অনুসারে টেলিকম পরিষেবা প্রদানকারীরা সমস্ত স্মার্টফোন গ্রাহকদের অজানা কলাদের নাম প্রদর্শন করবে। কলার নেম প্রেজেন্টেশন পরিষেবার অধীনে 4G এবং 5G পরিষেবা ব্যবহারকারী গ্রাহকদের মোবাইল ফোনেও অজানা নম্বরের নাম দেখাবে।
এই পরিষেবাটি ট্রুকলার অ্যাপের কথা মনে করায়। এখন কলার নেম প্রেজেন্টেশন পরিষেবার মাধ্যমে যে কোনও আন্তর্জাতিক কল লেবেলটিও প্রদর্শিত হবে। এর ফলে ভারতীয় গ্রাহতরা সহজেই বুঝতে পারবেন তাদের কল ভারত থেকে আসছে নাকি বিদেশ থেকে। কলার নেম প্রেজেন্টেশনের সাহায্যে সাইবার জালিয়াতি বন্ধ করাই ডিপার্টমেন্ট অফ টেলিকমেপ লক্ষ্য।
পেনশনারদের লাইফ সার্টিফিকেট
পেনশন চালু রাখার জন্য প্রয়োজনীয় লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার মাস এটি। ১ নভেম্বর থেকেই এই সার্টিফিকেট জমা করা যাবে। জমা দেওয়ার শেষ দিন ৩০ নভেম্বর। উল্লেখ্য, অতিবৃদ্ধ অর্থাৎ ৮০ বছর বা তার বেশি বয়সী পেনশনারদের জন্য লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার প্রক্রিয়া এক মাস আগে ১ অক্টোবর থেকেই শুরু হয়ে গিয়েছে। পেনশন ও পেনশনভোগী কল্যাণ দফতর দেশজুড়ে ২০০০ শহর ও জেলায় জেলায় ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত পঞ্চম দেশব্যাপী ডিজিটাল লাইফ সার্টিফিকেট অভিযান পরিচালনা করছে।
LPG দাম
মাসের শুরুতেই ফের দাম বাড়ল রান্নার গ্যাসের। ১ নভেম্বর থেকে দেশে বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম বৃদ্ধি করেছে তেল বিপণন সংস্থাগুলি। এর ফলে হোটেল, রেস্তোরাঁ, ধাবা এবং ক্যাটারিং ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের খরচ আরও বাড়তে চলেছে। নতুন মূল্য অনুযায়ী, দিল্লি, মুম্বই এবং কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১০ টাকা করে বেড়েছে।