
প্রতি মাসের শুরুতেই খোদ সরকারের তরফে একাধিক নিয়মে অদল বদল করা হয়। কখনও কখনও বিভিন্ন কোম্পানিও নিজেদের কিছু নিয়ম পরিবর্তন করে। যার সরাসরি এফেক্ট পড়ে সাধারণ মানুষের পকেটে। ১ এপ্রিলের ক্ষেত্রে এই নিয়ম বদল আরও জরুরি। কারণ পুরনো অর্থবর্ষ শেষ হয়ে শুরু হচ্ছে নতুন আর্থিক বছর। ফলে এবারের নিয়মগুলির কয়েকটি সারা বছর প্রভাব ফেলতে পারে। আগামী ১ এপ্রিল, বুধবার থেকে কোন কোন নিয়ম বদলে যাচ্ছে, বুঝে নেওয়া যাক।
LPG ও গ্যাসের দাম বাড়তে পারে
প্রতি মাসের ১ তারিখের মতো পয়লা এপ্রিলও এলপিজি সিলিন্ডারের দামে পরিবর্তন হতে পারে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই LPG সঙ্কটের মধ্যে তেল কোম্পানিগুলো ইতিমধ্যেই দাম বাড়িয়ে একটি বড় ধাক্কা দিয়েছে। এবার এপ্রিলেও ফের দাম বৃদ্ধি করা হতে পারে। সেক্ষেত্রে আমজনতার পকেটে জোর ধাক্কা লাগবে বলে আশঙ্কা করা হচ্ছে। তেল সঙ্কটের মধ্যে এয়ার টারবাইন ফুয়েল (এটিএফ) এবং সিএনজি ও পিএনজি-র দামেও পরিবর্তন দেখা যেতে পারে।
আয়কর নিয়মে আসছে বদল
আগামী ১ এপ্রিল থেকে দেশের দ্বিতীয় এবং সবচেয়ে বড় কর পরিবর্তন কার্যকর হতে চলেছে। ২০২৫ সালের আয়কর আইনটি ১৯৬১ সাল থেকে কার্যকর থাকা বর্তমান আইনটিকে বদলে দেবে। নতুন আয়কর অ্যাক্টের পাশাপাশি কর-সংক্রান্ত আরও বেশ কিছু পরিবর্তন হতে চলেছে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, করদাতাদের উপর নিয়মকানুনের বোঝা কমাতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। যেমন ১ এপ্রিল থেকে ফর্ম ১৬ পাওয়া যাবে না। তার পরিবর্তে ফর্ম ১৩০ দেবে নিয়োগকারী সংস্থা।
নতুন কর আইনের অধীনে অন্যান্য কর নথির নামও পরিবর্তন করা হবে। বিশেষত, আয়কর বিভাগ কর্তৃক জারি করা নথি ২৬এএস-এর নাম পরিবর্তন করে নথি ১৬৮ রাখা হবে। ত্রৈমাসিক টিডিএস বিবরণী, যা বর্তমানে নথি ২৪কিউ নামে পরিচিত, নতুন আয়কর আইনের অধীনে এর নাম পরিবর্তন করে নথি ১৩৮ রাখা হবে। তবে নাম পরিবর্তনের কোনও প্রভাব পড়বে না বলে জানানো হয়েছে।
PAN কার্ডের নিয়মে বড় বদল
নতুন নিয়ম অনুযায়ী, শুধুমাত্র হোটেল বিল, রেস্তোরাঁর খরচ, ব্যাঙ্কোয়েট হল, কনভেনশন সেন্টার বা ইভেন্ট ম্যানেজমেন্টের বিল ১ লক্ষ টাকার বেশি হলেই প্যান কার্ড দিতে হবে। ১ এপ্রিল থেকে যদি ৫ লক্ষ টাকার বেশি মূল্যের গাড়ি বা মোটরবাইক কেনেন তাহলে প্যান নম্বর দেওয়া বাধ্যতামূলক হবে। ব্যাঙ্কে টাকা জমার ক্ষেত্রে ১ লক্ষের বেশি টাকা হলে প্যান কার্ড দিতে হবে। আগে এই পরিমাণ ছিল ৫০ হাজার টাকা।
রেলের টিকিট বুকিং ক্যান্সেল করা আরও সহজ
ট্রেনের টিকিট বাতিল করা এখন থেকে আরও সুবিধাজনক। যাত্রা শুরুর ৮ ঘণ্টা আগেও টিকিট বাতিল করলে ৫০ শতাংশ টাকা ফেরত পাবেন যাত্রী। আগে এই নিয়ম ছিল সর্বোচ্চ ৪ ঘণ্টা পর্যন্ত।
ডিজিটাল পেমেন্ট:
ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে চলেছে। ১ এপ্রিল থেকে এই পরিবর্তন হতে পারে বলে খবর। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ (RBI) সমস্ত ডিজিটাল লেনদেনের জন্য টু-ফ্যাক্টর অথেন্টিকেশন (2FA) বাধ্যতামূলক করছে।