
ব্যাঙ্কিং সেক্টরে চাকরি খুঁজছেন? অনেক বছরের অভিজ্ঞতাও রয়েছে, তাহলে ভারতীয় স্টেট ব্যাঙ্ক (SBI) আপনাকে দারুণ সুযোগ দিচ্ছে। SBI তিনটে ভিন্ন স্পেশালিস্ট ক্যাডার অফিসার পদে নিয়োগের ঘোষণা করেছে। এই পদগুলির জন্য প্রার্থীদের কোনও লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে না। যোগ্যতা, অভিজ্ঞতা, ইন্টারভিউ এবং ডেমো সেশনের উপর ভিত্তি করে নির্বাচন করা হবে। এই প্রক্রিয়াটি SBI-এর কলকাতা ভিত্তিক স্টেট ব্যাঙ্ক ইনস্টিটিউট অফ লিডারশিপ (SBIL)-এর জন্য।
এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ৩টে পদ পূরণ করা হবে। একটি ডিন, একটি ফ্যাকাল্টি পদ ও একটি মার্কেটিং এক্সিকিউটিভ পদ। তিনটে পদেই নিয়োগ চুক্তিভিত্তিক হবে।
৯৮ লক্ষ টাকার অ্যানুয়াল প্যাকেজ
এসবিআই-এর এই নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীরা একটি আকর্ষণীয় বার্ষিক প্যাকেজ পাবেন, যেখানে ডিন পদের জন্য সর্বোচ্চ বার্ষিক ৯৮ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবে। ফ্যাকাল্টি পদে বার্ষিক আয় ৬৩ লক্ষ টাকা পর্যন্ত এবং মার্কেটিং এক্সিকিউটিভ পদে বার্ষিক আয় ৫২ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। চূড়ান্ত প্যাকেজ প্রার্থীর যোগ্যতা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে নির্ধারণ করা হবে।
কতদিনের মধ্যে আবেদন করা যাবে
এই পদগুলোর জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা ৬ অক্টোবর, ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন করার আগে, প্রার্থীদের অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে তালিকাভুক্ত সমস্ত প্রয়োজনীয়তা মনোযোগ সহকালে পর্যালোচনা করতে হবে।
ডিন পদের জন্য ১৫ বছরের অভিজ্ঞতা
ডিন পদের জন্য, প্রার্থীদের ৩১ অগাস্ট, ২০২৬ তারিখ অনুযায়ী ৪০ থেকে ৫৫ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীদের অবশ্যই ন্যূনতম ৫৫% নম্বরসহ এমবিএ, এক্সিকিউটিভ এমবিএ, পিজিডিএম, পিজিডিবিএ বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পিএইচডি বা এমফিল প্রার্থীরাও আবেদন করতে পারবেন। এর সঙ্গে ন্যূনতম ১৫ বছরের কাজের অভিজ্ঞতা এবং সিনিয় অ্যকাডেমিক বা নেতৃত্বের পদে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
ফ্যাকাল্টি ও মার্কেটিং পদের যোগ্যতা
ফ্যাকাল্টি পদের জন্য যেকোনো বিষয়ে কমপক্ষে ৫৫% নম্বরসহ স্নাতকোত্তর ডিগ্রি এবং প্রাসঙ্গিক ক্ষেত্রে কমপক্ষে ৬ বছরের শিক্ষকতা বা প্রশিক্ষণের অভিজ্ঞতা প্রয়োজন। মার্কেটিং এক্সিকিউটিভ পদের জন্য মার্কেটিং বা সংশ্লিষ্ট বিষয়ে এমবিএ ডিগ্রিতে কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর এবং মার্কেটিং-এর ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
লিখিত পরীক্ষা ছাড়াই নির্বাচন
এই এসবিআই নিয়োগে, প্রার্থীদের প্রথমে তাদের যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হবে। ডিন এবং ফ্যাকাল্টি পদের জন্য একটি ডেমো সেশন সহ সাক্ষাৎকার নেওয়া হবে, অন্যদিকে মার্কেটিং এক্সিকিউটিভ পদের জন্য শুধুমাত্র একটি ইন্টারভিউ নেওয়া হবে। এরপর যোগ্য প্রার্থীদের চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে।