
SBI to ICICI FD Rates 2026: বাজারে অনিশ্চয়তা তুঙ্গে। স্বাভাবিকভাবেই ফের ফিক্সড ডিপোজ়িট বা FD-র জনপ্রিয়তা বাড়ছে। শেয়ার বাজারের ওঠানামার ঝুঁকি এড়িয়ে এখন অনেকেই নিশ্চিত রিটার্নেই ভরসা রাখছেন। দেশের একাধিক বড় ব্যাঙ্ক বর্তমানে FD-তে ৭ শতাংশের বেশি সুদ দিচ্ছে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের আরও বেশি রিটার্ন। ফলে SBI থেকে ICICI; কোন ব্যাঙ্ক কত সুদ দিচ্ছে, তা নিয়ে সবার আগ্রহ তুঙ্গে।
সেভিংস অ্যাকাউন্টের তুলনায় FD-তে সুদের হার বেশি হয়। নির্দিষ্ট সময়ের জন্য টাকা জমা রাখলে আগে থেকেই জানা যায় কত রিটার্ন মিলবে। তাই ঝুঁকি কম নিতে চান যাঁরা, তাঁদের কাছে এখনও FD অন্যতম জনপ্রিয় বিনিয়োগ।
দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক State Bank of India বা SBI বর্তমানে ২ থেকে ৩ বছরের FD-তে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে। সাধারণ গ্রাহকরা সেখানে প্রায় ৬.৪৫ শতাংশ পর্যন্ত সুদ পাচ্ছেন। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সেই হার প্রায় ৬.৯৫ শতাংশ। আবার ৫ থেকে ১০ বছরের FD-তে প্রবীণদের জন্য সুদের হার প্রায় ৭.০৫ শতাংশ পর্যন্ত পৌঁছচ্ছে।
বেসরকারি ব্যাঙ্কগুলির মধ্যে HDFC Bank-ও মাঝারি মেয়াদের FD-তে আকর্ষণীয় সুদ দিচ্ছে। ১৮ মাস থেকে ৩ বছরের FD-তে সাধারণ গ্রাহকদের জন্য প্রায় ৬.৪৫ শতাংশ এবং প্রবীণদের জন্য প্রায় ৬.৯৫ শতাংশ সুদ মিলছে। দীর্ঘ মেয়াদের FD-তে সুদের হার কিছুটা কমে এলেও এখনও তা বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয়।
ICICI Bank-এর ক্ষেত্রেও একই ছবি। ৩ থেকে ৫ বছরের FD-তে সাধারণ গ্রাহকরা প্রায় ৬.৫ শতাংশ পর্যন্ত সুদ পাচ্ছেন। প্রবীণ নাগরিকদের জন্য সেই হার প্রায় ৭.১ শতাংশ। ব্যাঙ্কের ট্যাক্স সেভার FD-তেও একই হারে সুদ মিলছে বলে জানা গিয়েছে।
বর্তমানে সবচেয়ে বেশি সুদের মধ্যে অন্যতম দিচ্ছে Yes Bank। বিশেষ করে ৩ থেকে ৫ বছরের FD-তে প্রবীণ নাগরিকরা প্রায় ৭.৭৫ শতাংশ পর্যন্ত সুদ পাচ্ছেন। সাধারণ গ্রাহকদের জন্য সেই হার প্রায় ৭ শতাংশ। ফলে বেশি রিটার্নের খোঁজে থাকা বহু আমানতকারী এখন এই ব্যাঙ্কের দিকে নজর দিচ্ছেন।
অন্য দিকে Kotak Mahindra Bank-ও ১ থেকে ৩ বছরের FD-তে আকর্ষণীয় সুদ দিচ্ছে। সাধারণ গ্রাহকরা প্রায় ৬.৭ শতাংশ পর্যন্ত এবং প্রবীণরা প্রায় ৭.২ শতাংশ পর্যন্ত সুদ পাচ্ছেন।
বিশেষজ্ঞদের মতে, শুধু বেশি সুদের হার দেখলেই হবে না। কোন সময় কত দিনের জন্য টাকা রাখা হচ্ছে, সেটাও গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময় খুব দীর্ঘ মেয়াদের FD-তে সুদ তুলনামূলক কমও হতে পারে। তাই বিনিয়োগের আগে বিভিন্ন ব্যাঙ্কের সুদের হার তুলনা করে নেওয়ার পরামর্শ দিচ্ছেন আর্থিক বিশেষজ্ঞরা।
শেয়ার বাজারের মতো FD-তে বড় মুনাফার সম্ভাবনা না থাকলেও অনিশ্চিত সময়ে স্থায়ী এবং নিরাপদ রিটার্নের জন্য এখনও বহু মানুষের প্রথম পছন্দ ফিক্সড ডিপোজ়িট।