
আর মাত্র কয়েকদিন পরেই কালীপুজো। আর এই কালীপুজোকে কেন্দ্র করে অনেকেই তারাপীঠে যান। এই সময় তারাপীঠে বহু ভক্তের সমাগম হয়। তারাপীঠে যাওয়ার জন্য বেশিরভাগ মানুষই ট্রেনকেই বেছে নেন। কিন্তু আপনি যদি মায়াপুরের বাসিন্দা হন, তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। ট্রেন নয়, সরকারি বাসে করেই আপনি তারাপীঠে পৌঁছে যেতে পারবেন। তাও অত্যন্ত কম সময়ের মধ্যেই। ইতিমধ্যেই পুজোকে কেন্দ্র করে বহু মানুষ তারাপীঠে আসতে শুরু করেছেন। আপনিও যদি মায়াপুরের বাসিন্দারা হয়ে থাকেন এবং কালীপুজোর সময়ে তারাপীঠে যাওয়ার প্ল্যান করে থাকেন তাহলে জানিয়ে রাখি, মায়াপুর থেকে সরাসরি তারাপীঠ (Mayapur Tarapith Bus) যাওয়ার SBSTC অর্থাৎ সরকারি বাস পরিষেবা শুরু হয়ে গিয়েছে।
মায়াপুর ও তারাপীঠ দুটোই ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিত। সারা বছরই এই দুই জায়গায় পুণ্যার্থীদের ভিড় থাকে। আর এখন এই ধর্মীয় স্থানে যাতায়াত করা আরও বেশি সহজ হয়ে গেল। এই দুই ধর্মীয় জায়গাকে জুড়ে দিল SBSTC-এর নতুন বাস পরিষেবা। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা-র সরকারি বাস পরিষেবার ফলে মায়াপুর থেকে সরাসরি তারাপীঠ এবং রামপুরহাট যাওয়া আরও সহজ হবে। উপকৃত হবেন পর্যটক থেকে শুরু করে তীর্থযাত্রীরা।
বাসের সময়সূচি
এবার জেনে নিন বাসের সময়সূচি ও রুট সম্পর্কে।
রামপুরহাট যাওয়ার সময়:-
মায়াপুর থেকে ছাড়ে -সকাল ৭টায়
বহরমপুর থেকে ছাড়ে - সকাল ৯টা ২৫ মিনিটে
মায়াপুর যাওয়ার সময়:-
রামপুরহাট থেকে ছাড়ে -দুপুর ১টা ৩০ মিনিটে
তারাপীঠ থেকে ছাড়ে -দুপুর ২টো ৪০ মিনিটে
বাসের রুট
এক রিপোর্ট অনুযায়ী, মায়াপুর ইসকন মন্দির থেকে যাত্রা শুরু করে বাসটি ধুবুলিয়া, বেথুয়াডহরি, পলাশী, রেজিনগর, বেলডাঙা, বহরমপুর, কান্দি, খড়গ্রাম ও বুধিগ্রাম হয়ে তারাপীঠ এবং রামপুরহাট পর্যন্ত যাবে।
বাসের ভাড়া
বাসের ভাড়া কত সেই সম্পর্কে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি। যদি কেউ যেতে চান তাহলে কাছাকাছি SBSTC-এর স্ট্যান্ডে গিয়ে এই রুটের ভাড়া সম্পর্কে জানতে পারেন।