Advertisement

Puja Overnight Train: পুজোয় শিয়ালদা লাইনে রাতভর ট্রেন, ৫১টি স্পেশাল লোকাল, আরও কী কী ব্যবস্থা?

Durga Puja Special Train: দুর্গাপুজো উপলক্ষে যাত্রীদের ব্যাপক ভিড় সামলাতে এবার বড় পদক্ষেপ নিল শিয়ালদা ডিভিশন। রাতভর ট্রেন চালানোর সংখ্যা বাড়ছে শিয়ালদার লাইনগুলিতে। বিকেল থেকেই চালানো হবে স্পেশাল ট্রেন।

পুজোয় শিয়ালদা লাইনে হোলনাইট ট্রেন সার্ভিসপুজোয় শিয়ালদা লাইনে হোলনাইট ট্রেন সার্ভিস
কিশোর শীল
  • কলকাতা,
  • 07 Oct 2026,
  • अपडेटेड 3:59 PM IST
  • পুজো উপলক্ষ্যে এবার একাধিক বড় ঘোষণা করল রেল।
  • ব্যাপক ভিড় সামাল দিতে এবার ৫১টি স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করল শিয়ালদা ডিভিশন।
  • বিকেল থেকে শুরু করে ভোর রাত অবধি এই স্পেশাল ট্রেন চালানো হবে।

পুজো উপলক্ষ্যে এবার একাধিক বড় ঘোষণা করল রেল। দুর্গাপুজোর ব্যাপক ভিড় সামাল দিতে এবার ৫১টি স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করল শিয়ালদা ডিভিশন।  ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত বিকেল থেকে শুরু করে ভোর রাত অবধি এই স্পেশাল ট্রেন চালানো হবে।

রাতভর চলবে ট্রেন

শিয়ালদা ডিভিশনের  ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনা বুধবার এই অতিরিক্ত স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করেন। তিনি জানান, গত বছর পুজো স্পেশাল হিসেবে ৩১টি ট্রেন চালানো হয়েছিল। এবার সেই সংখ্যা বাড়িয়ে করা হল ৫১টি। এই ট্রেনগুলির মধ্যে ১৩টি স্পেশাল ট্রেন সন্ধ্যার পিক আওতারে চালানো হবে।  অন্যদিকে, ৩৮টি ট্রেন রাতভর শিয়ালদা ডিভিশনের বিভিন্ন শাখায় পরিষেবা দেবে।

ফ্ল্যাগ ও হল্ট স্টেশনে দাঁড়াবে সব ট্রেন

এছাড়াও, পুজোর অতিরিক্ত ভিড় সামাল দিতে পুজোর দিনগুলিতে দুপুর ২:০০টার পর চলাচলকারী গ্যালপিং EMU ট্রেনগুলি সমস্ত ফ্ল্যাগ ও হল্ট স্টেশনে দাঁড় করানোর সিদ্ধান্ত নিয়েছে শিয়ালদা ডিভিশন। এরফলে হল্ট স্টেশনের যাত্রীরাও দারুণ ভাবে উপকৃত হবেন।

লালগোলা সেকশনে প্রি-পুজো ট্রেন

অন্যদিকে, লালগোলা সেকশনে প্রি-পুজো যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে ১০ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত শিয়ালদা–রানাঘাট–লালগোলা রুটে চারটি স্পেশাল EMU ট্রেন চালানো হবে। পুজোর মূল ভিড় শুরু হওয়ার আগেই এই অঞ্চলের যাত্রী, বিশেষ করে কেনাকাটার জন্য যাতায়াতকারী মানুষদের সুবিধাজনক যাত্রার সুযোগ করে দেওয়াই এই পরিষেবার মূল উদ্দেশ্য বলে জানিয়েছে রেল। 

দুর্গাপুজোয় যাত্রীদের সর্বাত্মক সুবিধা দিতে ২৪ ঘণ্টা নিরাপত্তা ও তৃণমূল স্তরে দ্রুত সহায়তা নিশ্চিত করতে একটি বিশেষ 24x7 ওয়ার রুম চালু থাকবে। CCTV নেটওয়ার্কের মাধ্যমে সেখানে ক্রমাগত ভিড়ের গতিবিধি পর্যবেক্ষণ করা হবে এবং বিভিন্ন বিভাগের মধ্যে রিয়েল-টাইম কানেকশন নিশ্চিত করবে রেলওয়ে পুলিশ আধিকারিকরা।

শিয়ালদা ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (DRM)  রাজীব সাক্সেনা বলেন, “দুর্গাপুজো বাংলার সবচেয়ে বড় উৎসব। প্রত্যেক যাত্রী, পুণ্যার্থী ও দর্শনার্থীর জন্য নিরাপদ, স্বচ্ছন্দ ও নির্বিঘ্ন যাত্রার অভিজ্ঞতা নিশ্চিত করাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ওভারনাইট পরিষেবা, 24x7 ওয়ার রুমের মাধ্যমে নজরদারি এবং সমস্ত গুরুত্বপূর্ণ স্টেশনে উন্নত যাত্রী পরিষেবার মাধ্যমে আমরা আমাদের অপারেশনাল নেটওয়ার্ককে আরও শক্তিশালী করেছি। উৎসবের দিনগুলিতে যাত্রীদের যাতে কোনওরকম অসুবিধার সম্মুখীন হতে না হয়, তা নিশ্চিত করতে আমাদের সমস্ত ফ্রন্টলাইন টিম ২৪ ঘণ্টা সম্পূর্ণ সতর্ক ও প্রস্তুত রয়েছে।”

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement