Advertisement

Sealdah Fire: ফ্রাইং প্যানের তেল গরম থেকেই শিয়ালদায় আগুন? দোকানের লাইসেন্স সাসপেন্ড করল রেল

Indian Railways: শিয়ালদায় অগ্নিকাণ্ডের ঘটনায় পদক্ষেপ নিল রেল। আগুন লাগা রেস্তোরাঁটির লাইসেন্স সাপপেন্ড করার পাশাপাশি, আরও কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

ফ্রাইং প্যানের তেল গরম হয়েই শিয়ালদা স্টেশন চত্বরে বিধ্বংসী আগুনফ্রাইং প্যানের তেল গরম হয়েই শিয়ালদা স্টেশন চত্বরে বিধ্বংসী আগুন
কিশোর শীল
  • শিয়ালদা,
  • 31 Aug 2026,
  • अपडेटेड 6:08 PM IST
  • শিয়ালদা স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় শোরগোল শহরে।
  • ঘটনায় কোনও প্রাণহানি বা আহত হওয়ার মতো কিছু না হলেও প্রাথমিক ভাবে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
  • পৌনে ১১টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বাহিনী।

শিয়ালদা স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় শোরগোল শহরে। সোমবার সকালে আচমকাই আগুন লাগে শিয়ালদা রেলওয়ে স্টেশনের বাইরে থাকা একটি রেল কোচ রেস্তোরাঁয়। ঘটনায় কোনও প্রাণহানি বা আহত হওয়ার মতো কিছু না হলেও প্রাথমিক ভাবে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।  রেলসূত্রে খবর সকাল ৯টার পরে এই আগুন লাগার ঘটনা ঘটে। দমকল বাহিনী প্রায় ৯:২৪ নাগাদ ঘটনাস্থলে পৌঁছে সঙ্গে সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করে। পৌনে ১১টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বাহিনী।

শিয়ালদা ডিভিশনের তরফে দাবি করা হয়েছে, রেস্তোরাঁটি মূল স্টেশন বিল্ডিং থেকে আলাদা হওয়ায়  এই ঘটনায় যাত্রী চলাচল বা ট্রেন পরিষেবায় কোনওরকম বিঘ্ন ঘটেনি। তবে রেল কোচ রেস্তোরাঁর ভিতরে অগ্নি নির্বাপণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। সে প্রসঙ্গে রেলের বক্তব্য, যারা ওই রেস্তোরাঁটির লাইসেন্স পেয়েছে, এর দায়িত্ব তাদের উপরেই বর্তায়।

তবে শিয়ালদা স্টেশন চত্বরে স্টেশন বিল্ডিং-এর জন্য অটোমেটিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা রয়েছে। কিন্তু এই অটোমেটিক ব্যবস্থাটি রেস্তোরাঁর এলাকার জন্য নয়। তা সত্ত্বেও, দমকল বিভাগের প্রয়োজন অনুযায়ী আগুন নেভানোর কাজে সাহায্যের জন্য স্টেশনের জল হাইড্র্যান্ট ব্যবস্থা থেকে পর্যাপ্ত পরিমাণ জল সরবরাহ করা হয়।

শিয়ালদা ডিভিশনের তরফে একটি প্রেস বার্তায় জানানো হয়েছে, " প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, 'ফ্রাইং প্যান'-এ থাকা রান্নার তেল অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে, সম্ভবত হাই তাপমাত্রা সেটিংয়ের ফলে আগুনের সূত্রপাত হয়েছে। পরবর্তীতে আগুনের শিখা ছাদের দিকে উঠে যায় এবং ডাক্ট ও ছাদের ইনসুলেশন সামগ্রীতে আগুন ধরে যায়। রেস্তোরাঁটি বদ্ধ জায়গা হওয়ায় ভিতরে প্রচুর ধোঁয়াও জমে যায়।"

রেলের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ওই দোকানে লিজে নেওয়া ব্যক্তির লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ নির্ধারণ করার জন্য বিস্তারিত তদন্ত শুরু করা হয়েছে। তদন্তে ওই দোকানের মালিকের কোনও গাফিলতি প্রমাণ হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি শুনিয়েছে রেল। প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। 

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement