
অমৃত ভারত স্কিমের আওতায় দেশের একাধিক স্টেশনকে আপগ্রেড করার কাজ করছে ভারতীয় রেল। সেই তালিকায় রয়েছে পুরীও। দফায় দফায় পুরী স্টেশনকে উন্নত করে তোলার কাজ চলছে। আজ, মঙ্গলবার থেকে নতুন করে কাজ শুরু হয়েছে পুরী স্টেশনে। যার জেরে একাধিক এক্সপ্রেস আর পুরী স্টেশন পর্যন্ত যাবে না। ইস্টকোস্ট রেলওয়ের তরফে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
যে ট্রেনগুলি পুরী স্টেশন পর্যন্ত যাবে না সেই তালিকায় রয়েছে ২২২০১ শিয়ালদা- পুরী দুরন্ত এক্সপ্রেস ও ১৮০৩৯ শালিমার- পুরী এক্সপ্রেস। দক্ষিণ পূর্ব রেলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ২২২০১ শিয়ালদা- পুরী দুরন্ত এক্সপ্রেস আগামী ২৬ অগাস্ট, ২৮ অগাস্ট, ৩১ অগাস্ট, ০২ সেপ্টেম্বর, ৪ সেপ্টেম্বর, ৭ সেপ্টেম্বর, ৯ সেপ্টেম্বর, ১১ সেপ্টেম্বর, ১৪ সেপ্টেম্বর, ১৬ সেপ্টেম্বর, ১৮ সেপ্টেম্বর, ২১ সেপ্টেম্বর, ২৩ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর, ২৮ সেপ্টেম্বর, ৩০ সেপ্টেম্বর, ২ অক্টোবর, ৫ অক্টোবর, ৭ অক্টোবর, ৯ অক্টোবর, ১২ অক্টোবর, ১৪ অক্টোবর , ১৬ অক্টোবর ও ১৯ অক্টোবর পুরী জংশন যাওয়ার পরিবর্তে মালতীপুর স্টেশন পর্যন্ত যাবে।
এছাড়াও, ১৮০৩৯ শালিমার- পুরী এক্সপ্রেস আগামী ৩০ অগাস্ট, ৬ সেপ্টেম্বর, ১৩ সেপ্টেম্বর, ২০ সেপ্টেম্বর, ২৭ সেপ্টেম্বর, ০৪ অক্টোবর, ১১ অক্টোবর, ১৮ অক্টোবর ও ২৫ অক্টোবর পর্যন্ত পুরী জংশন যাওয়ার পরিবর্তে খুরদা স্টেশন পর্যন্ত যাবে।
তবে শুধুমাত্র কলকাতা বা বাংলা থেকে ছাড়া এই দুটি ট্রেন নয়। ভিন রাজ্য থেকে ছাড়া একাধিক এক্সপ্রেস ট্রেনকেও পুজো পর্যন্ত পুরী যাওয়ার পরিবর্তে মালতীপুর অথবা খুরদা জংশনে থামিয়ে দেওয়া হচ্ছে। আবার ফিরতি পথেও ট্রেনগুলি খুরদা রোড ও মালতীপুর স্টেশন থেকেই ছাড়ছে।
বস্তুত পুজোর ছুটিতে বহু বাঙালি পুরীর উদ্দেশে যাত্রা করেন। কিন্তু এবার মরশুমে এই ব্যবস্থা তাকায় সকলকে মালতীপুর বা খুরদা রোড নেমে ট্রেন বদলে অথবা সড়কপথে পুরীর সমুদ্রে পৌঁছতে হবে। যা কিছুটা হলেও ঝক্কি বাড়াবে যাত্রীদের।