
এবার আমুল বদলে যেতে চলেছে শিয়ালদা স্টেশন। গত কয়েক বছরে শিয়ালদা স্টেশনকে উন্নত করার লক্ষ্যে একাধিক আপগ্রেডেশনের কাজ করছে পূর্ব রেল। এবার এই স্টেশনকে আন্তর্জাতিক মানের করে তুলতে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।
রেলসূত্রে খবর, শিয়ালদা স্টেশনের ভোলবদল করতে একাধিক পরিকল্পনা করা হয়েছে। সেই তালিকায় শিয়ালদায় গড়ে তোলা হবে একটি তিন তলা কমপ্লেক্স। এই কমপ্লেক্স চত্বরেই যাত্রীদেরকে নানা আধুনিক সুযোগ সুবিধা দেবে রেল। যেমন মনোরঞ্জনের জন্য থাকবে একটি মাল্টিপ্লেক্স, তেমনই পেট পুজোর জন্য থাকবে ফুডকোর্ট থেকে শুরু করে ক্যাফেটেরিয়া এমনকি বিশ্রাম নেওয়ার জন্য প্রাইভেট স্লিপিং পড-এ থাকবে। টাকার বিনিময়ে এই স্লিপিং পডে বিশ্রাম নিতে পারবেন যাত্রীরা।কার্যত আন্তর্জাতিক মানের পরিষেবা পাবেন প্যাসেঞ্জাররা।
এছাড়াও, যাত্রীদের হাতের কাছে শপিংয়ের সুবিধা দিতে নানা ব্র্যান্ডের সঙ্গেও চলছে আলোচনা। ইলেকট্রিক থেকে পোশাকের নানা ব্র্যান্ডের শোরুমও হাজির থাকবে শিয়ালদার ওই কমপ্লেক্সে। এরফলে যাত্রীরা নিজেদের প্রয়োজনে কেনাকাটা সারতে পারবেন।
রেলসূত্রে জানা গিয়েছে, সব ঠিক থাকলে আগামী বছরের সেপ্টেম্বর মাস থেকে এই প্রজেক্টের কাজ শুরু করা যেতে পারে। তবে কাজ শেষ হতে কত সময় লাগবে তা এখনও জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে, শিয়ালদা স্টেশনের পুরোপুরি মেকওভার করতে কয়েক বছর সময় লাগতে পারে।
অন্যদিকে, কেন্দ্রীয় সরকার ১৯৪৭ সালের দেশভাগের ফলে বাস্তুহারা মানুষদের স্মরণে শিয়ালদায় একটি স্মৃতিসৌধ নির্মাণ করার কাজ শুরু করেছে বলেও জানা যাচ্ছে। পৃথক ভাবে করা এই কাজটি ২০২৬ সালের নভেম্বরের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে।