Advertisement

Sensex rally: দিনের শুরুতেই চাঙ্গা শেয়ারবাজার, কোন কোন স্টকে বাম্পার রিটার্ন?

আজ দিনের শুরু থেকেই বাড়ছে শেয়ারবাজার। নিফটি ও সেনসেক্স হু হু করে উঠছে। এমন পরিস্থিতিতে ঠিক কোন কোন স্টকে লাভ হচ্ছে? জেনে নিন।

সেনসেক্স ও নিফটি আপসেনসেক্স ও নিফটি আপ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Jul 2026,
  • अपडेटेड 10:52 AM IST
  • আজ দিনের শুরু থেকেই বাড়ছে শেয়ারবাজার
  • নিফটি ও সেনসেক্স হু হু করে উঠছে
  • এমন পরিস্থিতিতে ঠিক কোন কোন স্টকে লাভ হচ্ছে?

সোমবার সপ্তাহের শুরুতেই লাফাচ্ছে ভারতের শেয়ারবাজার। নিফটি এবং সেনসেক্স, দুইই আজ গ্রিন জোনে রয়েছে। যার ফলে বাম্পার লাভের মুখ দেখছেন বিনিয়োগকারীরা। 

বিশেষজ্ঞরা মনে করছেন, এইচডিএফসি এবং অ্যাক্সিস ব্যাঙ্কের জুন কোয়ার্টারের রিপোর্ট ভাল হওয়ার ফলেই আজ বাজার উঠছে। পাশাপাশি অপরিশোধিত তেলের দামে স্বস্তি এবং দেশে বর্ষা পরিস্থিতির উন্নতিও মার্কেটের 'বুল রান'-কে ত্বরান্বিত করছে। 

আজ কোথায় রয়েছে সেনসেক্স এবং নিফটি?

সকাল সাড়ে ৯টা নাগাদ বিএসই সেনসেক্স ০.৩৩ শতাংশ বেড়ে ৭৮,০২০.৫০ পয়েন্টে পৌঁছে গিয়েছে। ও দিকে নিফটি ৫০ বৃদ্ধি পেয়েছে ০.৩৩ শতাংশ। সেটি তখন ২৪,৩৪৯.৯৫ পয়েন্টে ট্রেডিং করছিল।

কোন কোন স্টক আজ লাফাচ্ছে?
আজ সোমবার লাফিয়েছে ব্যাঙ্কিং সেক্টরের একাধিক স্টক। এ দিন এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ার ১.৭৩ শতাংশ, অ্যাক্সিস ব্যাঙ্ক ১.৩০ শতাংশ এবং আইসিআইসিআই ব্যাঙ্কের স্টকের দাম ১.১৯ শতাংশ বেড়েছে। এছাড়া বিএইএল ২.৮৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে ভারতী এয়ারটেল, এইচসিএল টেক, এমঅ্যান্ডএম, ইটার্নাল, এসবিআই, ট্রেন্ট, টাইটন, সান ফার্মা এবং মারুতির শেয়ারও গ্রিন জোনে ছিল। 

তবে বাজারের সব স্টকই যে গ্রিন জোনে রয়েছে, এমনটা নয়। বরং কিছু কিছু শেয়ারের অবস্থা বেশ খারাপ। যেমন কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের শেয়ার ৩.১৬ শতাংশ পড়ে গিয়েছে। এছাড়া বাজাজ ফিনসার্ভ, টিসিএস, পাওয়ার গ্রিড, আইটিসি, আল্ট্রাটেক সিমেন্ট, ইন্ডিগো, এশিয়ান পেন্টস, রিলায়েন্স, এলঅ্যান্ডটি এবং টেক মাহিন্দ্রার শেয়ারও আজ রেড জোনে রয়েছে।

এই প্রসঙ্গে জিওজিৎ ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রধান ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস্ট ড: ভি কে বিজয়কুমারের মতে, বর্ষার অবস্থা ভাল। পাশাপাশি বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ফের বাজারে ফিরে আসা বাজারের জন্য ইতিবাচক সংকেত।

তিনি বলেন, 'বর্ষার উন্নতি এবং শুক্রবার বাজারে ক্রেতা হিসেবে এফআইআইদের ফিরে আসা অবশ্যই পজিটিভ।'

তাঁর মতে, জুন কোয়ার্টারে আর্থিক পরিষেবা ও অটোমোবাইল ক্ষেত্র তুলনামূলকভাবে ভাল ফল করতে পারে। যদিও তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির আয় কিছুটা খারাপ হতে পারে। 


ব্যাঙ্কিং শেয়ারকে ঘিরেই লাফাচ্ছে বাজার
আজ বাজারের এই ব়্যালির নেপথ্যে রয়েছে ব্যাঙ্কিং সেক্টর। এইচডিএফসি ব্যাঙ্ক জানিয়েছে, তাদের মোট ঋণ বছরে ১৫.৪ শতাংশ বেড়েছে। আর ডিপোজিট বৃদ্ধি পেয়েছে ১৪.৭ শতাংশ। অন্যদিকে অ্যাক্সিস ব্যাঙ্কের মোট ঋণ ১৮.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

Advertisement

এর ফলে নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেস ২৫/৫০ সূচক ০.৪১ শতাংশ। নিফটি প্রাইভেট ব্যাঙ্ক সূচক ০.৩২ শতাংশ বেড়েছে। তবে নিফটি পিএসইউ ব্যাঙ্ক সূচক ০.১৮ শতাংশ কমেছে।

বিদ্র: এই নিবন্ধটি পড়ে বিনিয়োগ করবেন না। তার আগে নিজে রিসার্চ করুন। পারলে বিশেষজ্ঞের পরামর্শ নিন। তাহলেই সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।

 

Read more!
Advertisement
Advertisement