Advertisement

Ather Konarc-কে টক্কর! নতুন Simple Wave স্কুটার এল বাজারে, 243 কিমি রেঞ্জ

Simple Wave Electric Scooter: কম বাজেটের নতুন মডেল নিয়ে এল Simple Energy। সংস্থার প্রথম ফ্যামিলি ইলেকট্রিক স্কুটার Simple Wave। দাম শুরু হচ্ছে ১,০৯,৯৯৯ টাকা থেকে। এক চার্জে সর্বোচ্চ ২৪৩ কিলোমিটার রেঞ্জ বলে দাবি সংস্থার।

এক চার্জে সর্বোচ্চ ২৪৩ কিলোমিটার রেঞ্জ বলে দাবি সংস্থার।এক চার্জে সর্বোচ্চ ২৪৩ কিলোমিটার রেঞ্জ বলে দাবি সংস্থার।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 04 Sep 2026,
  • अपडेटेड 2:11 PM IST
  • কম বাজেটের নতুন মডেল নিয়ে এল Simple Energy।
  • সংস্থার প্রথম ফ্যামিলি ইলেকট্রিক স্কুটার Simple Wave। 
  • দাম শুরু হচ্ছে ১,০৯,৯৯৯ টাকা থেকে।

Simple Wave Electric Scooter: কম বাজেটের নতুন মডেল নিয়ে এল Simple Energy। সংস্থার প্রথম ফ্যামিলি ইলেকট্রিক স্কুটার Simple Wave। দাম শুরু হচ্ছে ১,০৯,৯৯৯ টাকা থেকে। এক চার্জে সর্বোচ্চ ২৪৩ কিলোমিটার রেঞ্জ বলে দাবি সংস্থার। ৭০ লিটারের বিশাল স্টোরেজও পাবেন। এথার konarc-এর কম্পিটিশন হিসেবে এই স্কুটার আনা হয়েছে বলে মনে করা হচ্ছে। 

১,০৯,৯৯৯ টাকা এক্স-ফ্যাক্টরি দাম। বিভিন্ন ভ্যারিয়েন্ট এবং শহর অনুযায়ী এক্স-শোরুম দাম পরে ঘোষণা করবে Simple Energy। আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৬ থেকে Simple Wave-এর ডেলিভারি শুরু হবে।

চার ধরনের ব্যাটারি, এক চার্জে ২৪৩ কিমি
Simple Wave-কে একাধিক ব্যাটারি অপশনে বাজারে আনা হচ্ছে। রয়েছে ২.২ kWh, ২.৭ kWh, ৩.৭ kWh এবং ৫ kWh ব্যাটারি। অর্থাৎ প্রয়োজন এবং বাজেট অনুযায়ী ক্রেতারা আলাদা কনফিগারেশন বেছে নিতে পারবেন।

সবচেয়ে বড় ৫ kWh ব্যাটারিটি Nickel Cobalt Aluminium প্রযুক্তির। অন্য দিকে ছোট ব্যাটারির মডেলগুলিতে Lithium Iron Phosphate ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

টপ-স্পেক Wave+ মডেল Sport মোডে সর্বোচ্চ ৯০ কিমি প্রতি ঘণ্টা গতিতে ছুটতে পারে বলে দাবি সংস্থার। ০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টায় পৌঁছতে সময় লাগতে পারে মাত্র ৩.৩ সেকেন্ড।

ব্যাটারিগুলিতে IP67 রেটিং রয়েছে। ফলে ধুলো এবং জল থেকে সুরক্ষার দাবি করা হয়েছে। প্রায় ৩০০ মিমি গভীর জলেও স্কুটারটি চলতে পারবে বলে জানিয়েছে সংস্থা।

চার্জ হতে কত সময় লাগবে?
Simple Wave-এর সঙ্গে ৭৫০W-এর একটি এক্সটার্নাল চার্জার পাওয়া যাবে। সংস্থার দাবি, সবচেয়ে ছোট ব্যাটারির ক্ষেত্রে শূন্য থেকে ৮০ শতাংশ চার্জ হতে প্রায় ৭০ মিনিট সময় লাগতে পারে। ৫ kWh ব্যাটারির ক্ষেত্রে এই সময় বেড়ে হতে পারে প্রায় ২ ঘণ্টা ১৫ মিনিট।

এ ছাড়াও রয়েছে স্মার্ট ওভারনাইট চার্জিং ফিচার। রাতভর চার্জ দেওয়ার সময় ব্যাটারির স্বাস্থ্য ভাল রাখার জন্য এই ব্যবস্থা কাজ করবে। নতুন ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেমে থার্মাল প্রোটেকশন, গাড়ির সমস্যা শনাক্ত করার ব্যবস্থা এবং রিয়েল-টাইম রেঞ্জ হিসাব করার সুবিধাও রয়েছে।

Advertisement

সাধারণ ইউজের কথা মাথায় রেখে ডিজাইন
Simple One-এর তুলনায় Wave-এর ডিজাইন অনেক বেশি সাধারণ এবং পারিবারিক স্কুটারের মতো। চওড়া ফ্রন্ট অ্যাপ্রন, মসৃণ বডি প্যানেল এবং সামনে হাসির মতো আকৃতির LED DRL রয়েছে। সংস্থার দাবি, স্কুটারটির ডিজাইনে ডলফিনের চলাফেরার ধরন থেকে অনুপ্রেরণা নেওয়া হয়েছে।

LED হেডল্যাম্প, LED টেলল্যাম্প এবং ইন্ডিকেটর রয়েছে। পাশাপাশি বুট এবং চার্জিং পোর্টেও আলো রয়েছে। স্কুটার পার্ক করার পরেও কিছুক্ষণ আলো জ্বলার ব্যবস্থা রাখা হয়েছে।

Simple Wave পাওয়া যাবে Pearl White, Coral Red, Twilight Black, Polar Blue, Dolphin Grey এবং Forest Green রঙে। তবে সব ভ্যারিয়েন্টে সব রঙ পাওয়া যাবে না।

৭০ লিটার স্টোরেজ, দু'টি হেলমেট রাখা যাবে
ফ্যামিলি স্কুটার হিসাবে Simple Wave-এর অন্যতম বড় আকর্ষণ এর স্টোরেজ। মোট ৭০ লিটার জায়গা রয়েছে। এর মধ্যে সিটের নীচে ৬৩ লিটারের বিশাল স্টোরেজ রয়েছে। সংস্থার দাবি, সেখানে দু’টি হেলমেট রাখা সম্ভব।

এ ছাড়াও রয়েছে পাশে ৪ লিটারের ‘Pill’ কম্পার্টমেন্ট এবং সামনে ৩ লিটারের গ্লাভবক্স। গুরুত্বপূর্ণ কাগজপত্র, জলের বোতল, চশমা বা বৃষ্টির পোশাক রাখার কাজে পাশের স্টোরেজ ব্যবহার করা যাবে। চাইলে অন্য পাশেও অতিরিক্ত Pill কম্পার্টমেন্ট অ্যাক্সেসরি হিসাবে লাগানো যাবে।

স্কুটারটির সিটের দৈর্ঘ্য ৯২০ মিমি। সিটের উচ্চতা ৭৭৫ মিমি এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৭৫ মিমি।

নেভিগেশন; স্মার্টফোন কানেক্টিভিটি
উচ্চতর ভ্যারিয়েন্টে রয়েছে ৭ ইঞ্চির TFT ডিসপ্লে। এতে অটোমেটিক ব্রাইটনেস অ্যাডজাস্টমেন্টও রয়েছে। ভ্যারিয়েন্ট অনুযায়ী টার্ন-বাই-টার্ন নেভিগেশন, কল ও মিউজিক কন্ট্রোল, মেসেজ নোটিফিকেশন এবং রেঞ্জের হিসাব দেখা যাবে।

Bluetooth, GPS এবং Wi-Fi কানেক্টিভিটির পাশাপাশি OTA সফটওয়্যার আপডেটের সুবিধাও রয়েছে। কম দামের ভ্যারিয়েন্টে আলাদা ডিজিটাল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, তবে Bluetooth কানেক্টিভিটি থাকছে।

Simple Connect অ্যাপের মাধ্যমে স্কুটারের লাইভ লোকেশন, রাইডের তথ্য, গাড়ির সমস্যা, নেভিগেশন শেয়ারিং, জিও-ফেন্সিং, চুরি সংক্রান্ত সতর্কতা এবং টোয়িং অ্যালার্ট দেখা যাবে। চাইলে Incognito Mode ব্যবহার করে সাময়িক ভাবে লোকেশন ট্র্যাকিং বন্ধ রাখার ব্যবস্থাও রয়েছে।

৯০ কিমি গতি, একাধিক রাইডিং মোড
বেশির ভাগ ভ্যারিয়েন্টে Simple Energy-এর নিজস্ব ৬.৪ kW মোটর ব্যবহার করা হয়েছে। সংস্থার দাবি, চাকার কাছে সর্বোচ্চ ১৭৯ Nm টর্ক পাওয়া যাবে। বেস মডেলে রয়েছে ৪.৫ kW মোটর।

Wave-এর মোটর তৈরিতে বিরল মাটি থেকে পাওয়া ধাতু ব্যবহার করা হয়নি বলেও জানিয়েছে সংস্থা। পাশাপাশি রয়েছে HushDrive ট্রান্সমিশন সিস্টেম, যা মোটরের শব্দ এবং কম্পন কমাতে সাহায্য করবে।

ভ্যারিয়েন্ট অনুযায়ী EcoX, Eco, Ride এবং Sport; এই বিভিন্ন রাইডিং মোড পাওয়া যাবে। ২০ ডিগ্রি পর্যন্ত ঢাল বেয়ে ওঠার ক্ষমতা রয়েছে বলেও দাবি Simple Energy-এর।

সেফটির জন্য একাধিক ফিচার্স
সাসপেনশনের দায়িত্ব সামলাবে সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে অ্যাডজাস্টেবল টুইন শক অ্যাবজ়র্বার। Monoshock-এর বদলে টুইন শক ব্যবহারের ফলে অতিরিক্ত স্টোরেজ এবং বেশি মাল বহনের জায়গা তৈরি হয়েছে বলে সংস্থার দাবি।

১২ ইঞ্চির অ্যালয় চাকা, সামনে ২২০ মিমি ডিস্ক ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেক রয়েছে। সঙ্গে রয়েছে Combined Braking System। নির্দিষ্ট ভ্যারিয়েন্টে ট্র্যাকশন কন্ট্রোলও পাওয়া যাবে।

এ ছাড়াও রয়েছে Super Hold, DropSafe, Reverse, Crawl এবং Limp Home Mode। ব্যাটারি খুব কমে গেলে Limp Home Mode স্কুটারের পারফরম্যান্স কমিয়ে সীমিত দূরত্ব পর্যন্ত চলার সুযোগ দেবে।

কলকাতাতেও সংস্থার নতুন সার্ভিস সেন্টার
Simple Energy শুধু স্কুটার বিক্রির দিকেই নয়, সার্ভিস নেটওয়ার্ক বাড়ানোর দিকেও জোর দিচ্ছে। সংস্থার পরিকল্পনা অনুযায়ী, বিভিন্ন শহরে কোম্পানির নিজস্ব Simple Super Lab তৈরি করা হবে।

বর্তমানে গড়ে মেরামতির কাজে প্রায় ১৫ দিন পর্যন্ত সময় লাগতে পারে। নতুন সার্ভিস নেটওয়ার্কের মাধ্যমে সেই সময় কমিয়ে প্রায় ৩ দিনে আনার লক্ষ্য রয়েছে। ২০২৬ সালের নভেম্বর থেকে বেঙ্গালুরু, চেন্নাই, কোচি, গোয়া, পুণে, দিল্লি, ওড়িশা এবং কলকাতায় এই পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে।

Advertisement

 Simple Wave-এর কম্পিটিশন কারা?
এন্ট্রি লেভেল ইলেকট্রিক স্কুটারের বাজারেই Simple Wave-এর মূল কম্পিটিশন। তালিকায় রয়েছে Ather Konark, TVS iQube, Bajaj Chetak, Vida VX2, Ather Rizta এবং River Indie। 

Read more!
Advertisement
Advertisement