
কম ঝুঁকিতে বেশি রিটার্ন চাই? কেন্দ্রীয় সরকারের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প(Small Savings Schemes 2026) সেক্ষেত্রে একমাত্র অপশন। ২০২৬ সালের এপ্রিল-জুন ত্রৈমাসিকেও এই সমস্ত প্রকল্পের সুদের হারে কোনও পরিবর্তন করা হয়নি। ফলে বিনিয়োগকারীরা বার্ষিক সর্বোচ্চ ৮.২ শতাংশ পর্যন্ত সুদ পাবেন। বিশেষত অবসরপ্রাপ্ত, দীর্ঘমেয়াদি সঞ্চয় করতে ইচ্ছুক বিনিয়োগকারী এবং কর সাশ্রয়ের উপায় খুঁজছেন যাঁরা, তাঁদের কাছে এই প্রকল্পগুলির জুড়ি মেলা ভার। পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC), সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিম (SCSS), মান্থলি ইনকাম স্কিম (MIS) এবং সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টের মতো প্রকল্পে সরকারি গ্যারান্টিযুক্ত রিটার্ন পাওয়া যায়।
সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিমে ৮.২% সুদ
অবসরপ্রাপ্ত নাগরিকদের জন্য অন্যতম জনপ্রিয় প্রকল্প হল সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিম বা SCSS। বর্তমানে এই প্রকল্পে বার্ষিক ৮.২ শতাংশ হারে সুদ মিলছে। প্রতি ত্রৈমাসিকে সুদের অর্থ জমা হয়। স্থায়ী আয়ের উৎস হিসেবে বহু প্রবীণ নাগরিক এই প্রকল্পকে বেছে নেন।
সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টেও একই সুদ
কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চালু হওয়া সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টেও বর্তমানে ৮.২ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। বছরে ন্যূনতম ২৫০ টাকা এবং সর্বাধিক ১.৫ লক্ষ টাকা পর্যন্ত জমা রাখা যায়। ১৫ বছর পর্যন্ত বিনিয়োগ করা যায় এবং অ্যাকাউন্টের মেয়াদ ২১ বছর।
এনএসসি-তে ৭.৭% রিটার্ন
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বা NSC বর্তমানে ৭.৭ শতাংশ বার্ষিক সুদ দিচ্ছে। পাঁচ বছরের মেয়াদের এই প্রকল্প কর সাশ্রয়ের সুবিধাও দেয়। সুদ বার্ষিক চক্রবৃদ্ধি হারে যুক্ত হয় এবং মেয়াদপূর্তির সময় একসঙ্গে পাওয়া যায়।
মাসে মাসে আয় চান? রয়েছে MIS
মান্থলি ইনকাম স্কিম বা MIS এমন একটি সরকারি প্রকল্প, যেখানে প্রতি মাসে সুদের অর্থ পাওয়া যায়। বর্তমানে এই প্রকল্পে বার্ষিক ৭.৪ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। পাঁচ বছরের লক-ইন পিরিয়ড রয়েছে।
লং টার্মের জন্য PPF সেরা
পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা PPF এখনও দেশের অন্যতম জনপ্রিয় দীর্ঘমেয়াদি বিনিয়োগ প্রকল্প। বর্তমানে এই প্রকল্পে বার্ষিক ৭.১ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে। ১৫ বছরের মেয়াদের এই স্কিমে জমা অর্থ, অর্জিত সুদ এবং ম্যাচুরিটির টাকা; তিন ক্ষেত্রেই কর ছাড়ের সুবিধা রয়েছে।
কোন প্রকল্পে কত সুদ?
| প্রকল্প | বার্ষিক সুদের হার |
|---|---|
| সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিম (SCSS) | ৮.২% |
| সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট (SSA) | ৮.২% |
| ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) | ৭.৭% |
| মান্থলি ইনকাম স্কিম (MIS) | ৭.৪% |
| পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) | ৭.১% |
কারা বিনিয়োগ করতে পারবেন?
যাঁরা রিটার্নের চেয়ে মূলধনের সিকিউরিটিকেই বেশি গুরুত্ব দেন, তাঁদের জন্য এই ধরনের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলি পারফেক্ট। বিশেষ করে অবসরপ্রাপ্ত ব্যক্তি, মধ্যবয়সী চাকরিজীবীদের জন্য এই প্রকল্পগুলির তুলনা নেই।