
স্মার্টফোনে একটি সাধারণ এসএমএস আসতেই পারে বড় বিপদ! এমনই এক নিরাপত্তাজনিত ত্রুটির খোঁজ পেয়েছেন সাইবার নিরাপত্তা গবেষকেরা। যার নাম দেওয়া হয়েছে ‘এসএমএস অফ ডেথ’ (SMS of Death)। দাবি, বিশেষ ধরনের এই বার্তা অ্যান্ড্রয়েড ফোনের সিস্টেম ক্র্যাশ করিয়ে দিতে পারে। এমনকি ফোন বারবার বন্ধ হয়ে চালু হওয়ার সমস্যায় আটকে যেতে পারে। ফলে কার্যত অকেজো হয়ে পড়তে পারে দামি স্মার্টফোনও। তবে কোন কোন দেশে এই সমস্যার প্রভাব পড়েছে, তা এখনও স্পষ্ট নয়।
নিরাপত্তা গবেষক মার্ক ব্লাসজিক প্রথম এই ত্রুটির সন্ধান পান বলে বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গিয়েছে। তাঁর দাবি, বিশেষ ভাবে তৈরি একটি এসএমএস ফোনে পৌঁছলে অ্যান্ড্রয়েডের বার্তা প্রক্রিয়াকরণ ব্যবস্থায় বিপত্তি ঘটতে পারে। এর জেরে ফোনের কল পরিচালনার ব্যবস্থাও বিকল হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিচ্ছিন্ন হয়ে যেতে পারে চলতি ফোনকল। এমনকি জরুরি নম্বরেও ফোন করা অসম্ভব হতে পারে।
গবেষকের সতর্কবার্তা, এমন প্রায় ২০টি ক্ষতিকর বার্তার মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোনকে বিপর্যস্ত করা সম্ভব। সবচেয়ে উদ্বেগের বিষয়, এই আক্রমণের কোনও স্পষ্ট চিহ্ন ইনবক্সে নাও থাকতে পারে। অর্থাৎ, ব্যবহারকারী বুঝে ওঠার আগেই ফোনের ব্যবস্থা ভেঙে পড়তে পারে।
সমস্যা আরও জটিল হতে পারে ফোনের বুটলুপে আটকে যাওয়ার কারণে। বুটলুপ হল এমন একটি অবস্থা, যেখানে ফোন বারবার চালু হওয়ার চেষ্টা করে, কিন্তু স্বাভাবিক ভাবে হোম স্ক্রিনে পৌঁছতে পারে না। প্রতিবার চালু হওয়ার সময় ক্ষতিকর বার্তাটি প্রক্রিয়াকরণের চেষ্টা করলে ফের ক্র্যাশ করতে পারে ফোন। ফলে ব্যবহারকারীর পক্ষে ফোন ব্যবহার করাই কঠিন হয়ে উঠবে।
ফ্যাক্টরি রিসেট করেও মিলবে না মুক্তি?
সাধারণত ফোনে বড় সমস্যা দেখা দিলে ফ্যাক্টরি রিসেটের কথা ভাবেন অনেকে। কিন্তু এই ক্ষেত্রে সেই পদ্ধতিও কার্যকর না হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ, টেলিকম সংস্থার সার্ভারে বার্তাটি পৌঁছে দেওয়ার চেষ্টা চলতে থাকলে ফোন চালু হওয়ার পর ফের সেটি আসতে পারে। ফলে একই সমস্যার পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।
কম্পিউটারে মিলতে পারে সমাধান
গবেষকের দাবি, ফোন কম্পিউটারের সঙ্গে সংযুক্ত করে ক্ষতিকর বার্তাগুলি শনাক্ত ও মুছে ফেলার চেষ্টা করা যেতে পারে। তবে এই পদ্ধতি সাধারণ ব্যবহারকারীদের কাছে কিছুটা জটিল। তাই সমস্যাটি এড়াতে ফোনের নিরাপত্তা আপডেটের দিকে নজর রাখা জরুরি। অচেনা নম্বর থেকে আসা সন্দেহজনক বার্তার ক্ষেত্রেও সতর্ক থাকা উচিত।
গুগলকে কবে জানানো হয়েছিল?
গবেষকের দাবি, ৫ মে প্রথম গুগলকে এই নিরাপত্তা ত্রুটির কথা জানানো হয়েছিল। তবে তাঁর অভিযোগ, প্রথম দিকে সংস্থাটি বিষয়টিকে নিরাপত্তাজনিত সমস্যা হিসাবে স্বীকার করেনি। পরে তিনি জানতে পারেন, গুগল এই ত্রুটি সারানোর চেষ্টা চালাচ্ছে। যদিও কবে নাগাদ স্থায়ী সমাধান আসবে, তা স্পষ্ট নয়। আপাতত তাই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সতর্ক থাকাই সবচেয়ে জরুরি।