
গরমের মরশুমে যাত্রীদের স্বস্তি দিল দক্ষিণ পূর্ব রেলওয়ে। গোটা এপ্রিল মাস জুড়েই দিঘা যাওয়ার ট্রেনে ভিড় থাকে মাত্রাতিরিক্ত। কারণ মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের ছুটির মধ্যে গরম পড়তেই কলকাতা থেকে বহু মানুষ ছোটেন দিঘার দিকে। গরমের মরশুমে এই ভিড় সামাল দিতেই স্পেশাল ব্যবস্থা করেছে দক্ষিণ পূর্ব রেল।
হাওড়া থেকে এবার সরাসরি দিঘার উদ্দেশে চালানো হচ্ছে স্পেশাল EMU ট্রেন। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৬ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত এই ট্রেন চলবে। এটি ১২ কামরার ইএমইউ ট্রেন। ০৮০০৩ আপ হাওড়া-দিঘা স্পেশাল লোকাল সকাল ৯টা ২৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। দুপুর ১টা ৪৫ মিনিটে দিঘায় পৌঁছাবে। ফেরার পথে ০৮০০৪ ডাউন ট্রেনটি বিকেল ৩টেয় দিঘা থেকে ছাড়বে। সন্ধ্যা ৭টা ১০ মিনিটে হাওড়ায় পৌঁছাবে।
যাত্রাপথে ট্রেনটি সাঁতরাগাছি, উলুবেড়িয়া, বাগনান, মেচেদা, রঘুনাথবাড়ি, রাজগোদা, শহিদ মাতঙ্গিনী, তমলুক, নন্দকুমার সহ অনেক স্টেশন রয়েছে। এছাড়া লবণ সত্যাগ্রহ স্মারক, দেশপ্রাণ, ঘোলবাগদা, নাচিন্দা, কাঁথি, শীতলপুর, সুজালপুরেও থামবে। আশাপূর্ণা দেবী, বাদলপুর, রামনগর ও ঠিকরাতেও স্টপেজ রয়েছে। অর্থাৎ ছোট-বড় প্রায় সব স্টেশনেই থামবে এই ট্রেন। ফলে যাত্রাপথেও যাত্রীরা সুবিধা পাবেন। বিশেষ
ট্রেনের ভাড়া মাত্র ৪০ টাকা!
সবচেয়ে বড় সুবিধা হল ট্রেনটির ভাড়া রয়েছে মাত্র ৪০ টাকা। প্রায় সাড়ে ৪ ঘণ্টার এই সফরের জন্য প্রয়োজন হবে না কোনও বুকিংয়েরও। সরাসরি টিকিট কেটেই চড়া যেতে পারে এই EMU ট্রেনে।
মালদা থেকেও স্পেশাল ট্রেন
গরমের মরশুমে উত্তরবঙ্গের সাধারণ মানুষের জন্যও মালদা থেকে একটি স্পেশাল ট্রেন চালাচ্ছে রেলওয়ে। ০৩৪৬৫/০৩৪৬৬ মালদা টাউন-দিঘা-মালদা টাউন স্পেশাল ট্রেন চালানো হবে। এই ট্রেনটি ২ মে থেকে ২০ জুন শনিবার করে চলবে।
মালদা টাউন থেকে ট্রেনটি ছাড়বে দুপুর ১টা বেজে ১০ মিনিটে। সেটি দিঘা গিয়ে পৌঁছবে ওই দিন রাত ১১টায়। অন্যদিকে, ফিরতি পথে দিঘা থেকে রাত ১১টা বেজে ৪০ মিনিটে ছেড়ে পরের দিন সকাল ৯টা বেজে ২০ মিনিটে ট্রেনটি মালদা টাউনে পৌঁছবে।
যাত্রাপথে ট্রেনটি দুই দিকেই নিউ ফরাক্কা, পাকুড়, সাঁইথিয়া, বোলপুর শান্তিনিকেতন, আন্দুল, মেচেদা, তমলুক ও কাঁথি স্টেশনেও থামবে। ট্রেনটি চলবে ০২ মে, ০৯ মে, ১৬ মে, ২৩ মে, ৩০ মে, ০৬ জুন, ১৩ জুন ও ২০ জুন তারিখ (শনিবার) করে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, এই স্পেশাল ট্রেনে থাকছে ২টি এসি থ্রি টায়ার কোচ, ৫টি স্লিপার কোচ, ৭টি সেকেন্ড ক্লাস জেনারেল ও জিএসএলআরডি থাকছে ২টি কোচে। ট্রেনটির স্লিপারের ভাড়া রয়েছে ৪১৫ টাকা। থার্ড এসিতে ভাড়া পড়বে ১১২০ টাকা।