Advertisement

Best Scheme For Girl Child: মেয়ের বিয়ে বা উচ্চশিক্ষার জন্য করুন এই সরকারি স্কিমে, তিনগুণ রিটার্ন

মেয়ের পড়াশোনা ও বিয়ের জন্য বড় অঙ্কের সঞ্চয় করতে চাইলে উত্তম বিকল্প পোস্ট অফিসের একটি স্কিম। এই সরকারি স্কিমে আপনি পাবেন দারুণ লাভ। মেয়ের উচ্চশিক্ষায় কাজে লাগবে।

সুকন্যা সমৃদ্ধি যোজনা।সুকন্যা সমৃদ্ধি যোজনা।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 19 Nov 2026,
  • अपडेटेड 6:54 PM IST
  • সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদ ৮.২%।
  • বছরে ১ লক্ষ টাকায় ১৫ বছরে ১৫ লক্ষ।
  • ২১ বছর পর প্রায় ৪৭.৮৮ লক্ষ।

মেয়ের পড়াশোনা ও বিয়ের খরচের জন্য এখন থেকেই বড় অঙ্কের টাকা জমাতে চান? তা হলে কেন্দ্রীয় সরকারের সুকন্যা সমৃদ্ধি যোজনা আপনার জন্য বেস্ট অপশন। এই স্কিমে প্রতি বছর নির্দিষ্ট অঙ্কের টাকা জমা করে ভবিষ্যতের জন্য লক্ষ লক্ষ টাকার সঞ্চয় করা সম্ভব। সবচেয়ে বড় সুবিধা হল, এই স্কিমে মাত্র ১৫ বছর টাকা জমা দিতে হয়। তবে অ্যাকাউন্টের মেয়াদ ২১ বছর। এক নজরে দেখে নেওয়া যাক, এই স্কিমে ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে কীভাবে মেয়াদ শেষে প্রায় ৪৮ লক্ষ টাকা পাবেন।

সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদ

২০২৬ সালের অক্টোবর থেকে ডিসেম্বর ত্রৈমাসিকের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনায় বার্ষিক ৮.২ শতাংশ হারে সুদ মিলছে। এই স্কিমে চক্রবৃদ্ধি সুদের সুবিধা পাওয়া যায়। অর্থাৎ জমা টাকার পাশাপাশি আগে পাওয়া সুদের উপরেও সুদ যোগ হয়। তবে প্রতি ৩ মাস অন্তর সুদের হার পর্যালোচনা করে কেন্দ্রীয় সরকার। ফলে ভবিষ্যতে সুদের হার পরিবর্তিত হতে পারে।

১৫ লক্ষ টাকা সঞ্চয়

প্রথমে মেয়ের নামে সুকন্যা সমৃদ্ধি যোজনায় একটি অ্যাকাউন্ট খুলুন। প্রতি অর্থবর্ষের শুরুতে ১ লক্ষ টাকা করে জমা করুন। এভাবে টানা ১৫ বছর বিনিয়োগ করলে আপনার মোট জমার পরিমাণ হবে ১৫ লক্ষ টাকা। পুরো ২১ বছর ধরে সুদের হার ৮.২ শতাংশই থাকলে মেয়াদ শেষে প্রায় ৪৭.৮৮ লক্ষ টাকা পাওয়া যেতে পারে। এর মধ্যে শুধুমাত্র সুদ থেকেই আয় হবে প্রায় ৩২.৮৮ লক্ষ টাকা।

১৫ বছর পরেও লাভ

এই স্কিমে প্রথম ১৫ বছর পর্যন্তই টাকা জমা দিতে হয়। পরের ৬ বছর নতুন করে কোনও টাকা বিনিয়োগ করার প্রয়োজন নেই। তবে অ্যাকাউন্টে জমা থাকা টাকার উপর নিয়মিত সুদ জমতে থাকবে। চক্রবৃদ্ধি সুদের সুবিধার কারণেই ২১ বছর পর সঞ্চয়ের পরিমাণ অনেকটাই বেড়ে যেতে পারে।

উচ্চশিক্ষার জন্য টাকা তোলা

Advertisement

সুকন্যা সমৃদ্ধি যোজনায় অ্যাকাউন্টের মেয়াদ শেষের আগেও মেয়ের উচ্চশিক্ষার জন্য টাকা তোলার সুযোগ রয়েছে। ১৮ বছর পূর্ণ করলে বা দশম শ্রেণি পাশ করলে, এই দু'টির মধ্যে যেটি আগে ঘটবে, তার ভিত্তিতে আগাম টাকা তোলা যেতে পারে। সেক্ষেত্রে আগের অর্থবর্ষের শেষে অ্যাকাউন্টে থাকা মোট টাকার সর্বাধিক ৫০ শতাংশ তোলা যাবে। এর জন্য কলেজে ভর্তির প্রমাণপত্র বা পড়াশোনার ফি সংক্রান্ত প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।

বিনিয়োগের আগে যা দেখবেন

এই স্কিমে বছরে সর্বনিম্ন ২৫০ টাকা এবং সর্বাধিক ১.৫ লক্ষ টাকা সঞ্চয় করা যায়। একটি মেয়ের নামে শুধুমাত্র একটি অ্যাকাউন্ট খোলা সম্ভব। তবে মেয়ের বয়স ১০ বছর পূর্ণ হওয়ার আগেই এই অ্যাকাউন্ট খুলতে হবে। মেয়াদ শেষে ৪৭.৮৮ লক্ষ টাকা নিশ্চিত নয়। এই হিসাব করা হয়েছে ২১ বছর ধরে সুদের হার ৮.২ শতাংশ অপরিবর্তিত থাকবে ধরে নিয়ে। বাস্তবে ভবিষ্যতে সুদের হার কী থাকবে, তার উপরই নির্ভর করবে মেয়াদ শেষে প্রাপ্য টাকার পরিমাণ। তা বাড়তেও পারে আবার কমতেও পারে।

Read more!
Advertisement
Advertisement