
প্রখর রোদ আর গরমে নাজেহাল অবস্থা গোটা দেশের। সকলেই এই পরিস্থিতি থেকে মুক্তি চাইছেন। ঠান্ডা ও মনোরম পরিবেশে ২ এক দিনের জন্য ঘুরতে যেতে কে না চায়। সমস্যা হল এই সময় ট্রেনের টিকিট পাওয়া বেশ কঠিন হয়ে যায়। তবে গরমের ছুটিতে সিমলা, মানালি যাওয়া এখন আরও সহজ। হাওড়া থেকে চণ্ডীগড় বিশেষ ট্রেন (Summer Special Train) চালু করল ভারতীয় রেল।
সিমলা ঘুরতে যাওয়া এবার আরও সহজ
ভারতের জনপ্রিয় শহর চণ্ডীগড় থেকে সিমলার দূরত্ব মাত্র ১১১ কিলোমিটার। গাড়িতে করে গেলে চণ্ডীগড় থেকে সিমলা পৌঁছতে সময় লাগবে তিন ঘন্টার কাছাকাছি। যেহেতু হিমাচল প্রদেশের হিল স্টেশন সিমলা চণ্ডীগড়ের কাছেই অবস্থিত ফলে হাওড়া থেকে চালু হওয়া সামার স্পেশাল ট্রেনে চেপে প্রথমে চণ্ডীগড় স্টেশন এবং সেখান থেকে গাড়িতে করে পৌঁছে যেতে পারবেন আপনার পছন্দের ডেসটিনেশন সিমলায়।
কবে কবে চলবে সামার স্পেশাল ট্রেন?
ইস্টার্ন রেলওয়ের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে মূলত গরমের কারণে হাওড়া-চণ্ডীগড় যে সামার স্পেশাল ট্রেন চালু করা হচ্ছে সেটি মূলত তিনটি করে ট্রিপ করবে। এই ট্রেনটি চণ্ডীগড় থেকে চলবে এপ্রিলের ১৮, ২২ এবং ২৪ তারিখ। বলে রাখি, এই তিন দিন ট্রেনটি রাত ১১ টা বেজে ৪৫ মিনিটের চণ্ডীগড় স্টেশন থেকে ছেড়ে সকাল সাড়ে ছ'টায় হাওড়া স্টেশনে পৌঁছবে। একইভাবে ২০ এপ্রিল, ২৪ এপ্রিল এবং ২৯ এপ্রিল হাওড়া স্টেশন থেকে সকাল ৮টা ৫০ মিনিটে ছেড়ে চন্ডিগড়ে পৌঁছবে পরের দিন সন্ধ্যা ৭ টা ২০ মিনিটে।
বলে রাখা প্রয়োজন, ০৪৫১৩ এবং ০৪৫১৪ হাওড়া থেকে চণ্ডীগড় আবার চণ্ডীগড় থেকে হাওড়াগামী সামার স্পেশাল ট্রেন দুটি নিজেদের যাত্রা পথে আম্বালা ক্যান্টনমেন্ট, সাহারানপুর, মোরাদাবাদ, বরেলি, শাহজাহানপুর, সুলতানপুর, বারাণসী, গয়া থেকে শুরু করে বাংলার আসানসোল, দুর্গাপুর, বর্ধমান এমনকি ব্যান্ডেলের মতো গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে থামবে।
প্রসঙ্গত, গরমের সময় যাত্রীদের কষ্ট কিছুটা কমাতে হাওড়া-চণ্ডীগড় সামার স্পেশাল ট্রেন চালু করেছে রেল। এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে, চণ্ডীগড় স্টেশন সুপারিনটেন্ড সঞ্জীব কুমার চৌধুরী জানিয়েছেন, 'গরমের সময় যাত্রীদের জন্য স্টেশন গুলিতে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। তাঁদের সমস্যার কথা চিন্তা করেই চালু করা হয়েছে এই বিশেষ ট্রেন। আগামী দিনে যাত্রীদের সংখ্যা বাড়লে আরও বেশি করে স্পেশাল ট্রেন চালানোর বিষয়টি বিবেচনা করবে রেল।'