
Suzuki GSX250R India Launch Update: মধ্যবিত্তের স্পোর্টসবাইক বলতে আপাতত লোকে Yamaha R15-ই বোঝে। Gixxer SF-ও আছে। তবে তাতে সেই ঠিক অ্যাগ্রেসিভ ফিল আসে না। আর একটু বেশি বাজেট থাকলে KTM RC ভাল অপশন। এর বাইরে সত্যি বলতে কম বাজেটে স্পোর্টস বাইক নেই বললেই চলে। সেই গ্যাপটাই এবার পূরণ করতে পারে সুজুকি। শীঘ্রই GSX250R আনতে পারে Suzuki।
সম্প্রতি চিনের টাইপ-অ্যাপ্রুভাল নথিতে আপডেটেড GSX250R-এর জন্য অ্যাপ্লাই করেছে সুজুকি। সেখানেই নতুন ডিজাইন এবং একাধিক পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। যদিও এখনও পর্যন্ত Suzuki Motorcycle India ভারতে এই বাইক আনার বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি। বিশেষজ্ঞরা বলছেন, এই বাইক এলে অনরোড দুই থেকে আড়াই লক্ষ টাকার আশেপাশেই দাম রাখা হতে পারে।
নতুন ডিজাইন
সূত্রের খবর, নতুন GSX250R-এ সামনের অংশের ডিজাইন সম্পূর্ণ বদলে যেতে পারে। নতুন LED হেডল্যাম্প এবং নতুন ফেয়ারিং ব্যবহার করা হতে পারে। আগের মডেলে সামনের ইন্ডিকেটর ছিল। তার জায়গায় ছোট উইংলেট দেওয়া হয়েছে। ইন্ডিকেটরগুলিকে আবার ফুয়েল ট্যাঙ্কের কাছাকাছি, ফেয়ারিংয়ের উপরের দিকে সরিয়ে আনা হয়েছে।
এর ফলে বাইকের লুক আরও অ্যাগ্রেসিভ হয়েছে। আরও মডার্ন লাগছে। অনেকটা যেন দামী জিএসএক্স-এর মতো। ২৫০ সিসি হলেও দেখে মনে হবে বিশাল কিছু!
TFT ডিসপ্লে ও ব্লুটুথ কানেক্টিভিটি
রিপোর্ট অনুযায়ী, আপডেটেড GSX250R-এ পুরনো LCD ইন্সট্রুমেন্ট ক্লাস্টার আর থাকবে না। তার পরিবর্তে নতুন TFT ডিসপ্লে দেওয়া হতে পারে। সেই সঙ্গে ব্লুটুথ কানেক্টিভিটি থাকতে পারে। ফলে স্মার্টফোন কানেকশন, কল ও নেভিগেশনের মতো ফিচার্স থাকবে। যাঁরা টুকটাক ট্যুরিং করতে চান, তাঁদের জন্য পারফেক্ট।
ভারতে কবে আসবে?
ইউরোপ এবং আমেরিকায় GSX250R বিক্রি হয়। তবে এখনও পর্যন্ত ভারতীয় বাজারে এই মডেল লঞ্চ হয়নি।
অন্যদিকে, Suzuki Motorcycle India ইতিমধ্যেই নেক্সট জেনারেশন Gixxer 150 এবং Gixxer 250 নিয়ে কাজ করছে বলে জানা গিয়েছে। সেই দুই মডেল ২০২৬ সালের শেষ কিংবা ২০২৭ সালের শুরুর দিকে বাজারে আসতে পারে। ফলে জিক্সার কেনার প্ল্যান থাকলে আরও কয়েক মাস অপেক্ষা করে যেতে পারেন।
আপডেটেড GSX250R চিনে আগামী মাসের মধ্য়েই লঞ্চ হতে পারে বলে জানা গিয়েছে। তারপর ধাপে ধাপে আন্তর্জাতিক বাজারেও পৌঁছতে পারে। তবে ভারতের ক্ষেত্রে এখনও কোনও টাইমলাইন ঘোষণা করা হয়নি।
যাঁরা Yamaha R15 বা KTM RC-এর অল্টারনেট কিছু খুঁজছেন, তাঁদের জন্য GSX250R আকর্ষণীয় অপশন হতে পারে। তবে ভারতের বাজারে এর দাম, স্পেসিফিকেশন এবং লঞ্চের বিষয়ে এখনও সংস্থা কিছু জানায়নি। বিশেষজ্ঞরা বলছেন, ভারতে এই সেগমেন্টে একটা বড় ফাঁক আছে। GSX250R আনলে সেই বাজার ধরতে পারবে সুজুকি।