Advertisement

Tata Motors Flex Fuel Car India Launch: পেট্রোল নির্ভরতা কমবে, বিকল্প জ্বালানিতে চলবে গাড়ি, TATA মোটরস আনছে 'ফ্লেক্স ফুয়েল' কার

Tata Motors Flex Fuel Car India Launch: পেট্রোলের ওপর আমজনতার নির্ভরতা কমাতে এবার তারা ভারতের বাজারে নিয়ে আসছে তাদের প্রথম 'ফ্লেক্স ফুয়েল' (Flex Fuel) চালিত যাত্রীবাহী গাড়ি।

টাটা আনছে জ্বালানি সাশ্রয়ী গাড়িটাটা আনছে জ্বালানি সাশ্রয়ী গাড়ি
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 15 May 2026,
  • अपडेटेड 5:16 PM IST

Tata Motors Flex Fuel Car India Launch: দূষণ মুক্তি আর জ্বালানি সাশ্রয়ে বিপ্লব আনতে কোমর বাঁধছে দেশীয় অটোমোবাইল সংস্থা টাটা মোটরস। পেট্রোলের ওপর আমজনতার নির্ভরতা কমাতে এবার তারা ভারতের বাজারে নিয়ে আসছে তাদের প্রথম 'ফ্লেক্স ফুয়েল' (Flex Fuel) চালিত যাত্রীবাহী গাড়ি। সম্প্রতি চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল ঘোষণার সময় খোদ সংস্থার প্যাসেঞ্জার ভেহিকলস এমডি তথা সিইও শৈলেশ চন্দ্র এই পরিকল্পনার কথা জানিয়েছেন। তাঁর দাবি, এই প্রযুক্তির জন্য টাটা মোটরসের ইঞ্জিন এখন পুরোপুরি তৈরি।

কী এই নতুন প্রযুক্তি?
সহজ কথায় বলতে গেলে, ফ্লেক্স ফুয়েল চালিত গাড়ি পেট্রোল এবং ইথানল মিশ্রিত যে কোনও জ্বালানিতেই চলতে সক্ষম। বর্তমানে টাটার গাড়িগুলি ২০ শতাংশ ইথানল মিশ্রিত (E20) জ্বালানিতে চলছে। তবে লক্ষ্য এবার আরও বড়। ২০২৫-এর অটো এক্সপোতে সংস্থাটি তাদের জনপ্রিয় মডেল 'পাঞ্চ'-এর একটি ফ্লেক্স ফুয়েল সংস্করণ প্রদর্শন করেছিল, যা ২০ শতাংশ থেকে শুরু করে ১০০ শতাংশ (E100) ইথানল মিশ্রণেও চলতে পারবে। এতে আমদানিকৃত খনিজ তেলের খরচ যেমন কমবে, তেমনই কমবে কার্বন নিঃসরণ।

ইঞ্জিন ও পারফরম্যান্স
রিপোর্ট অনুযায়ী, পাঞ্চ ফ্লেক্স ফুয়েলে বর্তমানের ১.২ লিটার পেট্রোল ইঞ্জিনেরই একটি উন্নত ও পরিবর্তিত সংস্করণ ব্যবহার করা হয়েছে। যা থেকে প্রায় ৮৬ বিএইচপি শক্তি এবং ১১৫ এনএম টর্ক পাওয়া সম্ভব। এতে ৫-স্পিড ম্যানুয়াল এবং এএমটি— উভয় গিয়ারবক্সের সুবিধাই মিলতে পারে। যদিও উৎপাদন স্তরে থাকা এই গাড়ির চূড়ান্ত নাম বা দিনক্ষণ নিয়ে এখনও গোপনীয়তা বজায় রেখেছে সংস্থা। তবে বিশেষজ্ঞ মহলের ধারণা, এটিই হতে চলেছে দেশের প্রথম উৎপাদন-প্রস্তুত ফ্লেক্স ফুয়েল কার।

আর্থিক খতিয়ান
সংস্থার চতুর্থ ত্রৈমাসিকের (FY26) হিসেবে দেখা গিয়েছে, অপারেশনাল রেভিনিউ গত বছরের তুলনায় প্রায় ৭.১৮ শতাংশ বেড়ে হয়েছে ১,০৫,৪৭৭ কোটি টাকা। যদিও মুদ্রাস্ফীতি ও অন্যান্য কারণে নিট মুনাফা ৩১.৭২ শতাংশ কমে হয়েছে প্রায় ৫,৭৮৩ কোটি টাকা। তাসত্ত্বেও ২০২৭ অর্থবর্ষের মধ্যে নজরকাড়া বৃদ্ধির লক্ষ্যে উৎপাদন ক্ষমতা বাড়ানোর কাজ চালিয়ে যাচ্ছে টাটা মোটরস। খরচ নিয়ন্ত্রণে রেখেও নতুন মডেল লঞ্চের জোয়ারে বাজার ধরতে মরিয়া এই ভারতীয় জায়ান্ট।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement