Advertisement

Kolkata Metro: ভিক্টোরিয়া স্টেশনের কংক্রিটের দেওয়াল চিরে বেরোল দিব্যা, কবে চালু হবে জোকা-এসপ্ল্যানেড মেট্রো?

Kolkata Metro: ভিক্টোরিয়া মেট্রো স্টেশনের দেওয়াল ফুঁড়ে বেরিয়ে এল টানেল বোরিং মেশিন দিব্যা। ফলে ২০২৯ সালের দীপাবলির মধ্যে পার্পল লাইন চালু করার পথ আরও প্রশস্ত হল।

ভিক্টোরিয়া স্টেশনের কংক্রিটের দেওয়াল চিরে বেরোল দিব্যাভিক্টোরিয়া স্টেশনের কংক্রিটের দেওয়াল চিরে বেরোল দিব্যা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Aug 2026,
  • अपडेटेड 3:59 PM IST
  • জোকা-এসপ্ল্যানেড রুটের নির্মাণে বড় সাফল্য পেল কলকাতা মেট্রো।
  • 'দুর্গা'র পর দুর্দান্ত ভাবে মাইলফলক স্পর্শ করল TBM 'দিব্যা'ও।
  • জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত সম্পূর্ণ মেট্রো পরিষেবার পথ আরও প্রশস্ত হল।

জোকা-এসপ্ল্যানেড রুটের নির্মাণে বড় সাফল্য পেল কলকাতা মেট্রো। 'দুর্গা'র পর দুর্দান্ত ভাবে মাইলফলক স্পর্শ করল TBM 'দিব্যা'ও। মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ পাতাল পথে ভিক্টোরিয়া মেট্রো স্টেশনের কংক্রিটের দেওয়াল চিরে বেরিয়ে এল টানেল বোরিং মেশিন দিব্যা। কলকাতার মেট্রোপ্রেমীরা মনে করছেন দিব্যার এই সাফল্যে জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত সম্পূর্ণ মেট্রো পরিষেবার পথ আরও প্রশস্ত হল।

গত বছর অক্টোবর মাসে খিদিরপুর সেন্ট  থমাস স্কুলের সামনের জমি থেকে কাজ শুরু করেছিল কলকাতা মেট্রোর এই নির্মাণের অন্যতম দুই অস্ত্র 'দুর্গা' ও 'দিব্যা'। গত মাসে যুগ্ম টানেলের একটির দেওয়াল ফুঁড়ে ভিক্টোরিয়া স্টেশনের নিচের পাতাল পথে বেরিয়ে এসেছিল দুর্গা। আজ সেই একই পথে দ্বিতীয় টানেলের কাজ সম্পন্ন করল দিব্যা-ও। যার ফলে ২০২৯ সালের দীপাবলির মধ্যে পার্পল লাইন চালু করার পথ আরও প্রশস্ত হল।

উল্লেখ্য, গত ১০ মাস ধরে  ২.৬৫ কিলোমিটার সুরঙ্গ পথ তৈরি করা দিব্যার জন্য মোটেই সহজ ছিল না। আদি গঙ্গা, ভিক্টোরিয়া মেমোরিয়াল সৌধসহ একাধিক সৌধের গা ঘেঁষে মাটির তলা দিয়ে সুড়ঙ্গ খোঁড়ার কাজ করেছে এই টানেল বোরিং মেশিন। 

এরপর আগামী দুই মাস দেখে নেওয়া হবে টানেল বোরিং করে মাটির নিচে আপ এবং ডাউন লাইনের সুরঙ্গ তৈরির ফলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে কিনা। যদি না হয় তাহলে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের নিচ দিয়ে দিয়ে পরবর্তী আড়াই মাসে দুই বোন তৈরি করে ফেলবে ভিক্টোরিয়া থেকে পার্ক স্ট্রিট স্টেশন পর্যন্ত আপ এবং ডাউন লাইন পাতার সুড়ঙ্গ। সব ঠিক ভাবে চললে ২০২৭ সালের মার্চ মাসে দিব্যা পৌঁছে যেতে পারে পার্ক স্ট্রিট।

এদিন দিব্যা যখন ভিক্টোরিয়া মেট্রো স্টেশনের কংক্রিটের দেওয়াল চিরে বেরিয়ে আসছে, তখন এই সাফল্য দেখতে হাজির ছিলেন কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার প্রেম সাগর গুপ্তা সহ অন্য উচ্চপদস্থ আধিকারিকরা। দিব্যার এই সাফল্যের কৃতিত্ব এই প্রজেক্টের সমস্ত কর্মীদের নিষ্ঠার ফল জানিয়ে তাঁদের কাজের প্রশংসা করেন GM। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement