
ফের হাওড়া ডিভিশনে ট্রাফিক ব্লক। ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য এবার হাওড়া ডিভিশনে ব্যান্ডেল ও কাটোয়া শাখায় ট্রাফিক ব্লকের সিদ্ধান্ত নিয়েছে পূ্র্ব রেল। আগামী ১৩ জুলাই, ১৪ জুলাই, ১৫ জুলাই, ১৭ জুলাই ও ১৮ জুলাই দুপুর বেলা ৩ ঘণ্টার জন্য এই ব্লক করা হচ্ছে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, গুপ্তিপাড়া ও জিরাট স্টেশনের মধ্যে ডাউন লাইনে দুপুর ১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ট্রাফিক ব্লক করা হবে। এরফলে বেশ কয়েকটি ট্রেন চলাচলে প্রভাব পড়তে চলেছে।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ব্লক শুরুর আগে চালানো শেষ ট্রেনটি হল ৩৭৭৪৬ কাটোয়া-ব্যান্ডেল লোকাল। এটি ১১টা বেজে ১০ মিনিটে কাটোয়া থেকে ছাড়বে। এরপর ব্লক শেষ হওয়ার পর প্রথম লোকাল ট্রেনটি চলবে দুপুর ২টো বেজে ৪৫ মিনিটে। সেটি ৩৭৯২৪ কাটোয়া- হাওড়া লোকাল।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ব্লক চলাকালীন সময়ে কোনও স্পেশাল ট্রেন বা পার্সেল ট্রেনের গতিপথও পরিবর্তন করা হতে পারে। যাত্রীরা যাতে অসুবিধায় না পড়েন, সেই কারণেই যাত্রীদের স্টেশনের পাবলিক অ্যাড্রেস সিস্টেমে কান রাখতে অনুরোধ করেছে পূর্ব রেল।
অন্যদিকে, ১২ জুলাই অর্থাৎ আজ ব্যান্ডেল থেকে ছাড়া ৩৭২১৪, ৩৭২১৬, ৩৭২২০ ও ৩৭২২২ ব্যান্ডেল - হাওড়া লোকাল ও হাওড়া থেকে ছাড়া ৩৭২১১, ৩৭২১৩ ও ৩৭২১৫ হাওড়া - ব্যান্ডেল লোকাল বাতিল করা হয়েছে। এ ছাড়াও ১২ জুলাই ৬৩৫০১ হাওড়া - বর্ধমান ফাস্ট মেমু পথ পরিবর্তন করে হাওড়া - বর্ধমান কর্ড লাইন হয়ে চলবে।